ETV Bharat / bharat

ধোঁয়াশাচ্ছন্ন দিল্লির AQI ছুঁল 500, দৃশ্যমানতা শূন্য; বাতিল 100 বেশি বিমান

সোমাবার সকাল 6টায় সমগ্র দিল্লিতে বাতাসের গুণমানের গড় ছিল 457 ৷ ঘন ধোঁয়াশায় ঢেকে গিয়েছে সমগ্র রাজধানী ৷ শূন্য দৃশ্যমানতায় বাতিল হয়েছে একাধিক বিমান ৷

Delhi AQI Touches 500
দিল্লির বাতাসে বিষ (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 15, 2025 at 2:03 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: দিল্লির দূষণ মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধিও ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে রাজধানীর বাতাস ৷ ধোঁয়াশার পুরু চাদরে ঢেকে গিয়েছে পুরো শহর ৷ একহাত দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু ৷ শূন্য দৃশ্যমানতায় বিঘ্ন বিমান পরিষেবা ৷ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে একাধিক বিমান ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্ডিগোর অন্তত 90টি এবং এয়ার ইন্ডিয়ার অন্তত 29টি বিমান বিলম্বিত বা বাতিল করা হয়েছে ৷ যাত্রীদের এই বিষয়ে সতর্ক করার জন্য সকাল 8টা নাগাদ বিমানবন্দরের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ লেখা হয়েছে, "ঘন কুয়াশার কারণে এই মুহূর্তে বিমান চলাচল সিএটি থ্রি (CAT III) পরিস্থিতিতে পরিচালিত হচ্ছে ৷ এর ফলে বিমান বিলম্বিত ও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে । যাত্রীদের সমস্যা দূর করতে আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি । বিমানের সর্বশেষ অবস্থার জন্য জানতে অনুগ্রহ করে আপনার নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করুন । সৃষ্ট যেকোনও সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ।"

এরপর সকাল 11টা নাগাদ আরও একটি পোস্ট করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ৷ জানানো হয়, দৃশ্যমানতায় খানিক উন্নতি ঘটলেও বেশ কিছু বিমানের উড়ানের ক্ষেত্রে সময় পরিবর্তন করা হয়েছে ৷ এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার আবেদন জানানো হয় যাত্রীদের ৷

500 কোঠায় দিল্লির AQI

দিল্লির এয়ার কোয়ালিটি আরলি ওয়ার্নিং সিস্টেমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল 6টা সমগ্র দিল্লির বাতাসের গুণমানের গড় (একিউআই) ছিল 457 ৷ কোথাও কোথাও তা বেড়ে 500-তে পৌঁছেছে ৷ দূষণের কারণে এমনিতেই ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী ৷ শীতের মরশুমে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে ৷ বাতাসের এই ভয়ঙ্কর অবস্থায় দিল্লিবাসীর স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকমহল ৷

Delhi Weather
কুয়াশায় ঢাকা সংসদ ভবন (ছবি: পিটিআই)

দিল্লির মৌসম ভবনের তরফে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ৷ আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, সোমবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা হল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ৷

বিমান পরিষেবায় ধোঁয়াশার প্রভাব

সম্প্রতি দেশজুড়ে বিমান পরিচালনায় চরম বিভ্রাটের সম্মুখীন হয় ইন্ডিগো ৷ এদিন ঘন কুয়াশার কারণে দিল্লিতে ফের বিঘ্নিত হয় বিমান পরিষেবা ৷ ইন্ডিগোর তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়, "যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ঘন কুয়াশায় বেশ কয়েকটি বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" শুধু দিল্লি নয়, ঘন কুয়াশার কারণে সমগ্র উত্তর ভারতের একাধিক বিমানবন্দরেই সংস্থার বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো ৷ এয়ার ইন্ডিয়ার তরফেও এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷

ক্রমেই বাড়ছে দূষণের মাত্রা

শীতের মরশুম শুরু হতেই ভয়ঙ্কর রূপ নিয়েছে দিল্লির দূষণ ৷ একাধিক পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এদিন সকালে অক্ষরধাম এলাকায় AQI-এর মান 493, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) মতে যা মারাত্মক বিভাগের অন্তর্ভুক্ত ৷ দ্বারকা সেক্টর 14-এর AQI-এর মান 469 ৷ ওয়াজিরপুর, রোহিনী এবং অশোক বিহারে গত 24 ঘণ্টায় গড় AQI 500-এর ঘরে পৌঁছে গিয়েছে ৷

দূষণ নির্ণায়ক বোর্ডের তথ্য অনুযায়ী, AQI-এর মাত্রা 101 থেকে 200-এর মধ্যে হলে বায়ুর গুণমানকে 'মাঝারি', 201 থেকে 300-এর মধ্যে থাকলে 'খারাপ' এবং 301 থেকে 400-এর মধ্যে হলে 'খুব খারাপ' হিসাবে চিহ্নিত করা হয় । AQI-এর মাত্রা 400 ছাড়িয়ে গেলে বায়ুর গুণমানকে 'মারাত্মক' হিসাবে বিচার করা হয় ।

Delhi Weather
কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী (ছবি: পিটিআই)

দিল্লির বায়ুর গুণমান সংকটজনক সীমা ছাড়িয়ে যাওয়ায় ইতিমধ্যেই বায়ু রাজধানীজুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) চতুর্থ পর্যায় সক্রিয় করা হয়েছে । জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের বিধিনিষেধ ৷ যান চলাচলের উপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে ৷

পড়ুন: বড় বিপদের মুখে দিল্লি ! বাতাসে ধুলিকণার দাপটে ভয়াবহ বায়ুদূষণ