ETV Bharat / bharat

কর্মরতা স্ত্রীর রান্নার সময় না পাওয়া নিষ্ঠুরতা নয়, বিবাহবিচ্ছেদের মামলা খারিজ হাইকোর্টে

স্বামী-স্ত্রী দু'জনেই চাকরি করেন ৷ এমতাবস্থায় রান্না কে করবেন তা নিয়ে মতান্তর দেখা দেয় পরিবারে ৷ শেষমেশ মামলা গড়াল হাইকোর্টে ৷

Relationship Issue due to Cooking
রান্না করা নিয়ে বিবাদের জেরে মামলা গড়াল হাইকোর্টে (ফাইল ছবি (RKC))
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 4:12 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 7 জানুয়ারি: চাকুরিরত স্ত্রী রান্না করতে পারছেন না ৷ তাঁর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ স্বামী ৷ দায়ের করলেন বিবাহবিচ্ছেদের মামলা ৷ এই প্রযুক্তির যুগে অধিকাংশ পরিবারে স্বামী ও স্ত্রী দু'জনেই চাকরি করেন ৷ তাই নিয়মিত রান্না করার ফুরসৎ পান না স্ত্রী ৷ কিন্তু এই রান্না না-করাটা কখনও নিষ্ঠুরতা হতে পারে না ৷ আর এই কারণে বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিতে পারে না আদালত, সাফ জানিয়ে দিল তেলেঙ্গানা হাইকোর্ট ৷

হায়দরাবাদের এলবি নগরের বাসিন্দা এক ব্য়ক্তি তেলেঙ্গানা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ৷ তাঁর বক্তব্য, তাঁরা স্বামী-স্ত্রী দু'জনেই চাকরি করেন ৷ ফলে স্ত্রী শাশুড়িকে রান্না ও গৃহস্থালির নানা কাজে সাহায্য করতে পারেন না ৷ এটা তিনি মেনে নিতে পারছেন না এবং এই সহযোগিতা না-করতে পারাটা নিষ্ঠুরতার সামিল ৷ এমন বিয়ে তিনি টিকিয়ে রাখতে চান না ৷ বৈবাহিক সম্পর্কে ইতি টানতে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেন স্বামী ৷

এর আগে একই কারণ দর্শিয়ে নিম্ন আদালতে দায়ের করেছিলেন স্বামী ৷ সেখানে মামলাটি খারিজ হয়ে যায় ৷ তারপর হাইকোর্টের শরণাপন্ন হন তিনি ৷ তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি নাগেশ ভীমাপাক্কার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় ৷ বেঞ্চ স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয় ৷

আদালতের পর্যবেক্ষণ, স্বামী দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করেন ৷ স্ত্রী সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কর্মস্থলে ব্যস্ত থাকেন ৷ এই পরিস্থিতিতে সকালে রান্না না-করাটা কখনও নিষ্ঠুরতা বলে গণ্য হতে পারে না ৷ স্বামীর দাবি ছিল, স্ত্রী ঘনঘন তাঁর বাপের বাড়ি চলে যান ৷ তাঁর সঙ্গে থাকেন না ৷ এমন দাবি তাঁর নিজের আগের বক্তব্যকেই খণ্ডন করে বলে জানায় হাইকোর্ট ৷ আদালতের বক্তব্য, তাঁদের বিয়ের এক বছর ন'মাস সময়কালে স্ত্রী, স্বামীর সঙ্গে একটানা 5 মাস ছিলেন ৷ আরেকবার ছিলেন টানা 3 মাস ৷

আদালত আরও জানিয়েছে, স্ত্রীর গর্ভে সন্তান এলেও তা নষ্ট হয়ে যায় ৷ এই পরিস্থিতিতে তিনি তাঁর বাবা-মায়ের কাছে ছিলেন ৷ এটাকেও কখনও নিষ্ঠুরতা বলে ধরা য়ায় না ৷ বিচারপতিরা জানান, অন্য একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বিয়ের সম্পর্কে থাকাকালীন পৃথক থাকার জায়গার দাবি করলে তাকে নিষ্ঠুরতা আখ্যা দেওয়া যায় ৷ প্রতিটি মামলার কতগুলি দিক থেকে, যা বিচার করে নির্দেশ দেওয়া যায় ৷ কিন্তু এক্ষেত্রে এই মামলায় স্ত্রী নিজে থেকে বিচ্ছেদ চাননি ৷ তাঁর আইনজীবী যদিও তাঁকে এই পরামর্শ দিয়েছেন ৷ অতএব, এই মামলায় বিবাহ বিচ্ছেদ হওয়ার মতো নিষ্ঠুরতার কোনও উদাহরণ নেই ৷ এমতাবস্থায় আদালত স্বামীর নিষ্ঠুরতার অভিযোগে বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছে ৷