ETV Bharat / bharat

31 মে পর্যন্ত চাকরি থাকবে ‘যোগ্য’ শিক্ষকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরির মেয়াদ বৃদ্ধিতে এটাই শেষ নির্দেশ ৷ আগামী বছর 31 মে-র মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে ৷

SUPREME COURT
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 31, 2026 at 2:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 31 অগস্ট: ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ ফের বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট ৷ সোমবার শীর্ষ আদালত এই মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশ দেয় ৷ আদালত জানিয়েছে, আগামী বছর 31 মে পর্যন্ত চাকরি করতে পারবেন ‘যোগ্য’ শিক্ষকরা ৷ এই সময়ের মধ্যেই রাজ্য সরকারকে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে ৷ 31 মে-র পর আর নিয়োগের অথবা ‘যোগ্য’দের চাকরিতে বহাল রাখার সময়সীমা বৃদ্ধি করা হবে না-বলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে ৷

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে গত বছর 3 এপ্রিল রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ 2016 সালে যে 26 হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল, সেই প্যানেল পুরোটাই বাতিল করে দেয় শীর্ষ আদালত ৷ কিন্তু এত শিক্ষক বা শিক্ষাকর্মীর চাকরি একসঙ্গে চলে গেলে ভেঙে পড়তে পারে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা ৷ সেই বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকারকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা দেয় ৷ ওই সময়সীমা পর্যন্ত ‘চিহ্নিত যোগ্য’রা চাকরি করতে পারবে বলেও রায় দেওয়ার সময় জানিয়েছিল সুপ্রিম কোর্ট ৷

প্রথমে রাজ্য সরকারকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় ৷ পরে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আবেদন মেনে সময়সীমা বাড়িয়ে 31 অগস্ট, 2026 করা হয় ৷ যা আজ, সোমবার শেষ হওয়ার কথা ছিল ৷ তার আগেই রাজ্যের বর্তমান বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ আরও একবার সময়সীমা বৃদ্ধি করার আর্জি জানানো হয় শুভেন্দু অধিকারীর সরকারের তরফে ৷

এদিন সেই নিয়েই শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চে ৷ সেখানে আদালত জানায়, ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরির মেয়াদ আপাতত আগামী বছর 31 মে পর্যন্ত বৃদ্ধি করা হল ৷ নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় এই সময়সীমা বৃদ্ধি করা হল ৷ এই সময়ের মধ্যেই রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে ৷ এটাই সময়সীমা বৃদ্ধির শেষ নির্দেশ ।

প্রসঙ্গত, গত মে মাসে রাজ্যে বিজেপি'র সরকার তৈরি হয়েছে ৷ তার পর পেরিয়েছে প্রায় চার মাস ৷ মাসখানেক আগে রাজ্য়ের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছিলেন যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার ৷ কিন্তু ওই সময়সীমার মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আবার আদালতের দ্বারস্থ হবে রাজ্য ৷ সেই মতোই ফের সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করে রাজ্য সরকার ৷ শীর্ষ আদালতও রাজ্যের সেই আর্জি মেনেই এদিন নির্দেশ দিয়েছে ৷ এতে আরও নয় মাসের জন্য চাকরি বাড়ল ‘যোগ্য’দের ৷ কিছুটা হলেও স্বস্তি পেল তারা ৷

আরও পড়ুন -