ETV Bharat / bharat

মধ্যরাতে দাউ দাউ করে জ্বলল ট্রেনের এসি কামরা, জীবন্ত দগ্ধ যাত্রী

আগুন লাগার সময় ক্ষতিগ্রস্ত কোচগুলির একটিতে 82 জন এবং অপর একটি কামরায় 76 জন যাত্রী ছিলেন । ঘটনায় এক বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয় ৷

TRAIN CAUGHT FIRE
জ্বলছে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেস (ইনাডু)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 29, 2025 at 9:20 AM IST

3 Min Read
Choose ETV Bharat

বিশাখাপত্তনম, 29 ডিসেম্বর: রাত তখন গভীর ৷ যাত্রীরা ঘুমে মগ্ন ৷ হঠাৎ আগুন লাগে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ৷ ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয় ৷ সোমবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ রেল কর্তৃপক্ষের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ৷

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, সোমবার রাত 12টা 45 মিনিট নাগাদ 18189 টাটানগর-এর্নাকুলাম জংশন সুপার ফাস্ট এক্সপ্রেসের দু'টি এসি কামরায় আগুন লেগে যায় ৷ অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার ইয়ালামনচিলি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটে ৷ আগুন লাগার সময় ক্ষতিগ্রস্ত কামরার একটিতে 82 জন এবং অপর একটিতে 76 জন যাত্রী ছিলেন ৷ বি1 কামরার একজন যাত্রীর মৃত্যু হয় ৷ মৃত ব্যক্তির নাম চন্দ্রশেখর সুন্দরম (70) ৷ তিনি বিশাখাপত্তনমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও কিছু নিশ্চিতভাবে জানানো হয়নি ৷

টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের আগুনে জীবন্ত দগ্ধ যাত্রী (ইটিভি ভারত)

এদিনের ঘটনার জেরে বিশাখাপত্তনম-বিজয়ওয়াড়া রুটে বেশ কয়েকঘণ্টা রেল পরিষেবা বিঘ্নিত হয় ৷ রুটের প্রতিটি ট্রেন দেরিতে প্রায় 2 হাজার যাত্রী স্টেশনে আটকে পড়েন । এসপি তুহিন সিনহা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত কামরার বাকি 157 জন যাত্রীকে রাজ্য সরকারি বাসের মাধ্যমে সামারলাকোটা স্টেশনে পাঠানো হয় ৷ সেখান থেকে অন্য কোনও ট্রেনের মাধ্যমে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে ৷

Tatanagar-Ernakulam Express catches fire
দাউ দাউ করে জ্বলছে এক্সপ্রেসের দুই কামরা (ইটিভি ভারত)

এই বিষয়ে আনাকাপল্লীর এসপি আরও বলেন, "ইয়ালামনচিলি স্টেশনে এর্নাকুলাম এক্সপ্রেসের M2 এবং B1 কামরায় আগুন লেগে যায় ৷ সোমবার রাত 12টা 42 মিনিট নাগাদ পুলিশকর্মীরা খবর পান ৷ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন দমকলের কর্মীরা ৷ সেই কারণে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে ৷ দু'ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ বি1 কামরায় এক যাত্রীর মৃত্যু হয়েছে ৷ ইতিমধ্যেই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ তবে বাকি যাত্রীদের পরিবারের চিন্তা করার কোনও কারণ নেই ৷"

Tatanagar-Ernakulam Express catches fire
দু'ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ট্রেনের আগুন (ইটিভি ভারত)

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর পর জ্বলন্ত কামরা দু'টিকে ট্রেনের বাকি কামরাগুলি থেকে আলাদা করা হয় ৷ পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার পর বাকি কামরাগুলি সঙ্গে নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয় এর্নাকুলাম এক্সপ্রেস ৷ ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদেরও প্রাথমিক চিকিৎসার পর গন্তব্যের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয় রেল কর্তৃপক্ষের তরফে ৷

এদিকে, ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞের দু'টি দল পাঠানো হয়েছে ৷ যাত্রীদের পরিবারের জন্য দক্ষিণ-মধ্য রেলওয়ের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয় ৷

রেলের তরফে প্রকাশিত হেল্পলাইন নম্বর

  • ইয়ালামনচিলি - 7815909386
  • আনাকাপল্লী- 7569305669
  • তুনি- 7815909479
  • সামালকোট- 7382629990
  • রাজামুন্দ্রি- 088 - 32420541; 088 - 32420543
  • ইলুরু- 7569305268
  • বিজয়ওয়াড়া- 0866-2575167

দক্ষিণ-মধ্য রেলের তরফে ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ বলা হয়েছে, "বিজয়ওয়াড়া ডিভিশনের ইয়ালামনচিলি রেলওয়ে স্টেশনে সোমবার রাত 12টা 45মিনিট নাগাদ টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে আগুন লেগে যায় ৷ ট্রেনটির দুই এসি কামরা, বি1 এবং এম2-তে ঘটনাটি ঘটে ৷ খবর পাওয়া মাত্রই রেলের কর্মী এবং দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ বড় কোনও ক্ষতি এড়ানোর জন্য দু'টি কামরাকেই ট্রেনের বাকি কোচগুলি থেকে আলাদা করে দেওয়া হয় ৷ নিরাপত্তার খাতিরে এসি থ্রি টায়ার এম1 কোচটিকেও ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয় ৷" দক্ষিণ-মধ্য রেলের জিএম-ও খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বলে জানা গিয়েছে ৷

পড়ুন: বিহারে লাইনচ্যুত ট্রেন, নদীতে পড়ল একাধিক বগি; ঘুরপথে হাওড়া-দিল্লিগামী এক্সপ্রেস