ETV Bharat / bharat

প্রতিষ্ঠান-রাস্তাঘাটে পথকুকুরদের খাওয়ানো বন্ধ করতে নয়া নির্দেশিকা আনছে সুপ্রিম কোর্ট

22 অগস্ট পথকুকুরদের নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট ৷ সেই নির্দেশ ঠিকমতো মানা হয়নি বলে আগেই উষ্মা প্রকাশ করেছে আদালত ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট (ছবি: RKC)
author img

By PTI

Published : November 3, 2025 at 2:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 3 নভেম্বর: দেশজুড়ে পথকুকুরদের আক্রমণের ঘটনা ঘটেই চলেছে ৷ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলছে ৷ এবার এই বিষয়ে কয়েকটি নির্দেশিকা ঘোষণা করতে চলেছে দেশের শীর্ষ আদালত ৷

সোমবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আনজারিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ শুনানিতে বেঞ্চ জানায়, 7 নভেম্বর তারা প্রয়োজনীয় নির্দেশিকা ঘোষণা করবে ৷

বিচারপতি বিক্রম নাথ বলেন, "এই মামলায় হলফনামা-সহ সবকিছু রেকর্ড করা হয়েছে ৷ সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান-সহ রাস্তাঘাটে এই পথকুকুরদের নিয়ে যে সব ঘটনা ঘটে চলেছে, সেই প্রেক্ষিতে আমরা কিছু নির্দেশিকা জারি করব ৷ অনেক জায়গায় কর্মচারীরা পথকুকুরদের খাওয়ান ৷ এসবের জন্য অবশ্যই কিছু নির্দেশ থাকবে ৷"

মামলাকারী পক্ষের এক আইনজীবী এই সময় বেঞ্চের কাছে আর্জি জানান, নির্দেশিকা জারির আগে প্রতিষ্ঠানগুলির কথাও শোনা হোক ৷ তখন বিচারপতি সন্দীপ মেহতা বলেন, " দুঃখিত! প্রতিষ্ঠান সংক্রান্ত কোনও সওয়াল-জবাব আমরা শুনব না ৷" বেঞ্চ এদিন দেশের পশু কল্যাণ বোর্ডকে এই মামলায় অন্তর্ভুক্ত করার কথা জানায় ৷

গত 22 অগস্ট বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে গঠিত এই বেঞ্চ নির্দেশ দিয়েছিল, পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও টিকাকরণ করে তাদের বসবাসের এলাকায় ছেড়ে দিতে হবে ৷ পাশাপাশি তাদের রাস্তায় খাওয়ানো যাবে না ৷ যিনি খাওয়াচ্ছেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

এরপর গত 27 অক্টোবর এই মামলার শুনানিতে বেঞ্চ আদালতের নির্দেশ ঠিক করে মেনে চলা হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করে ৷ শীর্ষ আদালতের নির্দেশ মানা নিয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে হলফনামা জমা দেওয়ার কথাও বলে আদালত ৷ তবে অধিকাংশ রাজ্যই সেই নির্দেশ পালন করেননি ৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও দিল্ল পুরনিগম হলফনামা জমা দিয়েছিল ৷

সেদিন সুপ্রিম কোর্ট বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ এর সঙ্গে তাঁদের ব্যাখ্যা দিতে হবে, 22 অগস্টের অর্ডার সত্ত্বেও তাঁরা কেন নির্ধারিত সময়ের মধ্যে হলফনামা জমা দেননি ৷ এই নির্দেশ মেনে এদিন অবশ্য মুখ্যসচিবরা উপস্থিত ছিলেন ৷ শুধু কেরলরে মুখ্যসচিব হাজির ছিলেন না ৷ কিন্তু তাঁর বদলে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান সচিব ৷