বেনামে নগদে রাজনৈতিক দলগুলিকে অনুদান বৈধ, আয়কর আইন নিয়ে সোমে শুনানি সুপ্রিম কোর্টে
রাজনৈতিক দলগুলিকে বেনামে নগদে অনুদান পাইয়ে দেওয়ার বিধান রয়েছে আয়কর আইনে ৷ এই বিধানকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে ৷

By PTI
Published : August 30, 2026 at 8:45 PM IST
নয়াদিল্লি, 30 অগস্ট: বেনামে রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদান সংক্রান্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ আয়কর আইনের আওতায় রাজনৈতিক দলগুলি বেনামে 2 হাজার টাকার কমে নগদ অনুদান নিতে পারে ৷ কে এই অনুদান দিচ্ছে, তা জানা যাবে না ৷ আইনের এই বিধানকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে ৷
তালিকা অনুযায়ী, সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ৷ এর আগে এই মামলায় কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং মামলার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব পক্ষের জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট ৷
আবেদনে জানানো হয়েছে, বেনামে অনুদান গ্রহণ আসলে স্বচ্ছতার অভাব ৷ এর ফলে নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতাকে খাটো করা হয় ৷ রাজনৈতিক দলগুলি অনুদান কোথা থেকে পাচ্ছে, এই সংক্রান্ত তথ্য ভোটাররা জানতে পারেন না এবং তাঁদের বঞ্চিত করা হচ্ছে ৷ অনুদানকারীর নাম ও উদ্দেশ্য আড়ালে থেকে যাচ্ছে ৷ তাই ভোটাররা ভোট দেওয়ার সময় যুক্তিযুক্ত, বৌদ্ধিক এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত নিতে পারছেন না ৷
মামলাটি দায়ের করেছেন খেম সিং ভাটি ৷ রাজনৈতিক দলগুলির নথিভুক্তিকরণ এবং তাদের প্রতীক বরাদ্দ করার সময় নির্বাচন কমিশন যেন তাদের শর্ত দেয়, নগদে কোনও অনুদান গ্রহণ করতে পারবে না ৷ শীর্ষ আদালত সাংবিধানিক নির্বাচনী সংস্থাকে এই নির্দেশ দিক, আবেদনে জানিয়েছেন মামলাকারী ৷ আয়কর আইনের 13A নম্বর ধারার (d) উপধারা প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন তিনি ৷ এই ধারাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন এবং উদাহরণস্বরূপ 2024 সালের নির্বাচনী বন্ডকে অসংবিধানিক ঘোষণা করার রায়ের কথা মনে করিয়ে দিয়েছেন খেম সিং ভাটি ৷
আবেদনে বলা হয়েছে, "রাজনৈতিক দলগুলিকে যে বা যারা নগদে অনুদান দিচ্ছে, সেইসব ব্যক্তি বা সংস্থার নাম ও বিস্তারিত প্রকাশ করা বাধ্যতামূলক করা হোক ৷ পাশাপাশি, রাজনৈতিক অনুদানের স্বচ্ছতা বজায় রাখতে নগদে কোনও অনুদান নেওয়া চলবে না ৷" আয়কর আইনের 13A নম্বর ধারায় রাজনৈতিক দলগুলির আয় সংক্রান্ত বিশেষ বিধানের উল্লেখ রয়েছে ৷
আবেদনে উল্লেখ করা হয়েছে, আইনটিতে 13A ধারা যুক্ত করার ফলে প্রাপ্ত সুদ, গৃহ-সম্পত্তি বা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয় এবং স্বেচ্ছায় প্রাপ্ত অনুদান— এসবই রাজনৈতিক দলের মোট আয় গণনার আওতা-বহির্ভূত বা করমুক্ত রাখা হয়েছে ৷
আবেদনে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ারও আর্জি জানানো হয়েছে, যাতে ভোট পরিচালন সংস্থা সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের 'ফর্ম 24A' (Form 24A) অনুদান প্রতিবেদন যাচাই করে নেয় ৷ পাশাপাশি, যেসব অনুদানের ক্ষেত্রে অনুদানকারীর ঠিকানা বা প্যান (PAN) নম্বর উল্লেখ করা হয়নি, সেসব অনুদানের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য দলগুলিকে বাধ্য করার নির্দেশও চাওয়া হয়েছে ৷
এতে বলা হয়েছে, 'নির্বাচনী প্রতীক আদেশ, 1968' (Election Symbol Order, 1968)-এর অধীনে নিয়ম লঙ্ঘনকারী রাজনৈতিক দলগুলিকে নোটিশ পাঠানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া উচিত ৷ নোটিশে জানতে চাওয়া হবে, কেন নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তথ্যসহ 'ফর্ম 24A' অনুদান প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ার কারণে তাদের সংরক্ষিত নির্বাচনী প্রতীক স্থগিত বা প্রত্যাহার করা হবে না ৷
আবেদনে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হোক যেন সব রাজনৈতিক দলের হিসাব নির্ধারিত কাঠামো অনুযায়ী রক্ষণাবেক্ষণ করা এবং কমিশনের নিযুক্ত নিরপেক্ষ নিরীক্ষকদের (auditors) দ্বারা তা পরীক্ষা করানো হয় ৷
এছাড়া, 'সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস' (CBDT)-কে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে যাতে তারা গত পাঁচ বছরে রাজনৈতিক দলগুলির দাখিল করা আয়কর রিটার্ন এবং অডিট রিপোর্ট আয়কর আইনের 142 ও 143 ধারার অধীনে যাচাই করে ৷
আয়কর আইনের 13A ধারা এবং 'জনপ্রতিনিধিত্ব আইন, 1951'-এর (Representation of the People Act, 1951) 29C ধারার শর্তাবলী পালনে ব্যর্থতার দায়ে কর ও জরিমানা আরোপ এবং আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করার জন্য সিবিডিটি (CBDT)-কে নির্দেশ দেওয়া উচিত বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে ৷ 'জনপ্রতিনিধিত্ব আইন'-এর 29C ধারাটি রাজনৈতিক দলগুলির প্রাপ্ত অনুদান ঘোষণার বিষয়টির সঙ্গে সম্পর্কিত ৷
আবেদনে সুপ্রিম কোর্টের 2024 সালের নির্বাচনী বন্ড (electoral bonds) প্রকল্পটিকে বাতিল ঘোষণা করার রায়ের কথাও উল্লেখ করা হয়েছে ৷ রাজনৈতিক অনুদানে স্বচ্ছতা আনার প্রচেষ্টার অংশ হিসেবে নগদ অনুদানের বিকল্প এই প্রকল্পটি চালু করা হয়েছিল এবং 2018 সালের 2 জানুয়ারি বিজ্ঞপ্তি সরকার জারি করেছিল কেন্দ্রীয় সরকার ।

