অনিকেত মাহাতোর বদলি মামলায় 'সুপ্রিম' ধাক্কা রাজ্যের, হাইকোর্টে ফের শুনানি সোমবার
অনিকেত মাহাতোর পোস্টিং মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট । রায়গঞ্জে নয়, অনিকেতকে পোস্টিং দিতে হবে আরজি কর হাসপাতালেই ৷

Published : December 11, 2025 at 4:39 PM IST
নয়াদিল্লি ও কলকাতা, 11 ডিসেম্বর: বদলি মামলায় 'সুপ্রিম' স্বস্তি পেলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশ বহাল রেখে জানিয়ে দেয়, অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে রাজ্যকে ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবার ফের এই মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন।
এদিন হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল, সেই আবেদনে রাজ্যকে দু'সপ্তাহের মধ্যে অনিকেত মাহাতোকে কাজে যোগদান করাতে নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু অনিকেত মাহাতোর পক্ষে সওয়ালকারী আইনজীবীর দাবি, রাজ্যের আপিল খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দিয়েছেন, আগামী সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের কপি আনতে। কপি দেখার পর আদালত অবমাননার মামলায় নির্দেশ দেবেন তিনি। এর আগে প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ ও পরে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে নির্দেশ দেয় ৷ কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিন হস্তক্ষেপই করেনি শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিশ্নোইয়ের বেঞ্চ জানিয়েছে, আরজি করের অ্যানাস্থেশিয়া বিভাগেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে । আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে এই নির্দেশ কার্যকর করতে হবে ৷
গত 24 সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু স্বাস্থ্য দফতরের বদলির নির্দেশ খারিজ করে দেন ৷ তিনি ডাঃ অনিকেত মাহাতোকে অবিলম্বে আরজি কর হাসপাতালে যোগদান করতে নির্দেশ দেন ৷ বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, যথাযথ পদ্ধতি (এসওপি) মেনে চিকিৎসক অনিকেত মাহাতোকে বদলি করা হয়নি ৷ এই যুক্তিতে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া সংক্রান্ত স্বাস্থ্য দফতরের নির্দেশ খারিজ করেছে আদালত ৷ বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, অবিলম্বে অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে ৷
কিন্তু এদিকে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে দু'দিন পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চও অনিকেত মাহাতোকে আরজি হাসপাতালেই যোগদান করতে নির্দেশ দেন ৷ কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে ৷ কিন্তু বৃহস্পতিবার শীর্ষ আদালতও জানিয়ে দেয় রায়গঞ্জে নয়, অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজি কর হাসপাতালেই ৷

