সিজেপির দিল্লি মিছিলে স্থগিতাদেশ নয় ! আইন-শৃঙ্খলা বজায় থাকবে, আশাবাদী সুপ্রিম কোর্ট
শিক্ষক দিবসে সিজেপি দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ৷ মিছিল যাতে নিষিদ্ধ করা হয় সেই আবেদন করেন এক প্রাক্তন পুলিশ কর্তা ৷

By PTI
Published : August 31, 2026 at 3:33 PM IST
নয়াদিল্লি, 31 অগস্ট: সুপ্রিম 'স্বস্তি' ককরোচ জনতা পার্টির ৷ 5 সেপ্টেম্বর দিল্লিতে ডাকা সিজেপির প্রতিবাদ মিছিল নিয়ে কোনও স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত ৷ সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা আশা করে যে সবাই শান্তিপূর্ণ ও আইন মেনে কার্যকলাপ পরিচালনা করবে ।
এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ আবেদনকারীকে নির্দেশ দিয়েছে, নিট বিক্ষোভের সময় পুলিশের 'অতিরিক্ত বলপ্রয়োগ'-এর অভিযোগ খতিয়ে দেখার জন্য তাদেরই গঠিত 'হাই-পাওয়ারড এনকোয়ারি কমিটি'র (উচ্চ-ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি) কাছে যেন তিনি তাঁর আবেদনটি জমা দেন । এই বিষয়ে নোটিশ জারি করে বেঞ্চ বলেছে, "বিষয়টি যেন অন্যান্য বিচারাধীন আবেদনের সঙ্গেই তালিকাভুক্ত করা হয় । আগামী 10 সেপ্টেম্বর এর শুনানি হবে ।"
শীর্ষ আদালত এ কথাও বলে, "সকলের কাছ থেকে আইন-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা করা হচ্ছে ৷ আর আইন প্রয়োগকারীদের দায়িত্ব হল, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং কোনটি বেআইনি ও কোনটি অনুমোদিত তা নির্ধারণ করা । আমরা আশা করছি, তারা সেই কাঠামোর মধ্যেই কাজ করবে । উভয় পক্ষের কাছেই আমাদের প্রত্যাশা যে, তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, যথাযথ আচরণ করবে এবং দেশের আইন মেনে চলবে ৷"
নিটে অনিয়মের অভিযোগে 36 দিন ধরে আন্দোলন চলে দিল্লিতে ৷ সিজেপির নেতৃত্বাধীন সেই আন্দোলন প্রত্যাহারের জন্য 25 জুলাই কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল ৷ সিজেপির দাবি, তা রক্ষায় ব্যর্থ হয়েছে কেন্দ্র ৷ তাই তার বিরুদ্ধে ফের পথে নামছে সিজেপি ৷ 5 সেপ্টেম্বর দিল্লিতে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা । কিন্তু পুলিশ দাবি করে, ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত মিছিল করার জন্য কোনও আবেদন পায়নি তারা ।
এরপরেই দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাজেন্দ্র সিং সুপ্রিম কোর্টে মিছিল বন্ধের আবেদন করেন ৷ তাঁর আবেদনে জানানো হয়েছে, ইন্ডিয়া গেট, সেন্ট্রাল ভিস্তা এবং সংলগ্ন এলাকার মতো নিরাপত্তা-সংবেদনশীল ও সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে বড় আকারের জনসমাগম, পদযাত্রা বা সুসংগঠিত বিক্ষোভের ডাক দিলে আয়োজকদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না-পাওয়া পর্যন্ত যেন তা কার্যকর করতে দেওয়া না-হয় । তিনি আরও দাবি করেন, 12-13 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন শেষ না-হওয়া পর্যন্ত লুটিয়েন্স দিল্লিতে প্রস্তাবিত যে কোনও জনসমাগম কর্মসূচি নিয়ন্ত্রণ, স্থগিত বা যথাযথভাবে পরিবর্তন করা হোক ।
আবেদনে আরও বলা হয়েছে, আইনানুগ অনুমতি এবং সংশ্লিষ্ট এলাকার জন্য প্রযোজ্য নিয়মকানুন মেনে চলা ছাড়া কোনও পদযাত্রা বা মিছিল যেন নির্ধারিত সীমার বাইরে অগ্রসর হতে না পারে ।
শিক্ষক দিবসে সিজেপির এই পদযাত্রাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন সেইসব শিক্ষার্থীর পরিবার, যারা এ বছরের শুরুর দিকে নিট বাতিল ও পরবর্তী সময়ে পুনরায় পরীক্ষার সিদ্ধান্তের জেরে চরম পদক্ষেপ করেছিলেন ৷ পাশাপাশি যারা জুলাই মাসের আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে 'অতিরিক্ত বলপ্রয়োগ' এর অভিযোগ তুলেছিলেন, সেইসব আন্দোলনকারীরাও এই মিছিলে থাকবেন বলে জানা গিয়েছে ।

