ETV Bharat / bharat

শিক্ষা প্রতিষ্ঠান-অফিস থেকে রেল স্টেশন, কোথাও থাকবে না পথকুকুর ! সুপ্রিম নির্দেশ

পথকুকুরদের আক্রমণের ঘটনা রোধে একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, রেল স্টেশন থেকে তুলে নিয়ে যেতে হবে পথকুকুরদের ৷

Supreme Court on Stray Dogs
পথকুকুরদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ (ফাইল)
author img

By PTI

Published : November 7, 2025 at 2:13 PM IST

1 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 7 নভেম্বর: জনপরিসর, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি কর্মস্থল, এমনকী রেল স্টেশন থেকেও সব পথকুকুরদের শেল্টারে নিয়ে গিয়ে রাখতে হবে ৷ শুক্রবার পথকুকুরদের নিয়ে এরকম একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ দেশজুড়ে পথকুকুরদের কামড়ে জনমানসে আতঙ্ক তৈরি হয়েছে ৷ দিনে দিনে এই ধরনের অঘটন বেড়ে চলেছে ৷ তাই এই পদক্ষেপ, জানায় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আনজারিয়ার বেঞ্চ ৷ এর আগে 3 নভেম্বর এই বেঞ্চ জানিয়েছিল, তারা কুকুরের কামড়ের ঘটনাগুলি রুখতে একগুচ্ছ অন্তর্বর্তী নির্দেশ দেবে ৷

পাশাপাশি শীর্ষ আদালত জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)-কেও নির্দেশ দিয়েছে, জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ের যত্রতত্র ঘুরে বেড়ানো কুকুর ও গবাদি পশুদের সরিয়ে তাদের নির্ধারিত শেল্টারে স্থানান্তরিত করতে হবে ৷

তিন বিচারপতির বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, সরকারি বা বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও যেন কোনও পথকুকুর ঘোরাঘুরি না করে ৷ এই জায়গাগুলি থেকে কুকুরদের তুলে নিয়ে গিয়ে ফের একই জায়গায় ফেরানো যাবে না ৷ এই মামলার পরবর্তী শুনানি 13 জানুয়ারি ৷

গত 28 জুলাই পথকুকুরদের নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট ৷ রাস্তাঘাটে কুকুরদের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হচ্ছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক, প্রবীণরা ৷ দিল্লিতে এই ঘটনার সংখ্যা বেশি ৷ এর আগে 22 অগস্ট পথকুকুর সংক্রান্ত মামলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছিল বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ ৷