পেট্রলে ইথানলের পরিমাণ জানানো বাধ্যতামূলক করার মামলা গ্রহণই করল না সুপ্রিম কোর্ট
আবেদন খারিজ হলেও, সংশ্লিষ্ট হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করতে পারবেন আইনজীবী ৷

Published : August 31, 2026 at 3:52 PM IST
নয়াদিল্লি, 31 অগস্ট: সারা দেশের ফুয়েল পাম্পগুলিতে বিক্রি হওয়া পেট্রলে ইথানলের পরিমাণ জানানো বাধ্যতামূলক করার আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি এমএম সুন্দেশ এবং বিচারপতি পিবি ভারালের ডিভিশন বেঞ্চ আইনজীবী নরেন্দ্র গোস্বামীর দায়ের করা আবেদনটি খারিজ করে দিয়েছে ৷ তবে, ওই আইনজীবী চাইলে নিজের রাজ্যের সংশ্লিষ্ট হাইকোর্টে এই আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতিরা ৷
আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামী তাঁর আবেদনে জানিয়েছিলেন, দেশের সব ফুয়েল স্টেশনে গ্রাহকরা যে জ্বালানি কিনবেন, তার রসিদে বিক্রি হওয়া পেট্রলে কত শতাংশ ইথানল মেশানো রয়েছে তা স্পষ্টভাবে এবং সহজে পড়া যায় সেভাবে উল্লেখ থাকতে হবে ৷
আবেদনে বলা হয়েছিল, "বিবাদী পক্ষকে (কেন্দ্রীয় সরকার ও অন্যান্য) নির্দেশ দেওয়া হোক, যেন তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহন-ভিত্তিক সামঞ্জস্যপূর্ণ একটি সরকারি ও সর্বজনীন ডাটাবেস প্রস্তুত ও প্রকাশ করে ৷ সেই ডাটাবেসে গাড়ির প্রস্তুতকারক সংস্থা, মডেল, ইঞ্জিনের ধরন এবং উৎপাদনের বছর উল্লেখ থাকবে ৷ আর সেই তালিকা যাতে সহজে সার্চ করে পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে ৷ আর সেই তালিকায় প্রতিটি যানবাহনের জন্য বিভিন্ন মাত্রার ইথানল মিশ্রণের উপযোগিতা বা অনুপযোগিতার বিষয়টিও উল্লেখ থাকতে হবে ৷"
শুধু তাই নয়, বর্তমানে চলাচলকারী যানবাহনগুলিতে E20 জ্বালানির উপযোগিতা বা সামঞ্জস্য যাচাই করে, সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ ও জমা দেওয়ার কথাও বলা হয় ৷ আর তার জন্য একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনেরও আহ্বান জানানো হয়েছিল আবেদনে ৷ সেই কমিটিতে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর প্রতিনিধিদের পাশাপাশি স্বাধীনভাবে কাজ করেন এমন অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্ত করার আবেদন জানান ওই আইনজীবী ৷
সুপ্রিম কোর্টে ওই আবেদনে বলা হয়েছিল, আদালত যেন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরনো ও বর্তমান প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যহীন (নন-কম্প্যাটিবল) যানবাহনের ক্ষেত্রে একটি স্বচ্ছ কাঠামো প্রণয়ন ও প্রকাশ করে ৷ যে প্রক্রিয়ায় কারিগরি, অর্থনৈতিক ও লজিস্টিক দিক থেকে যেখানেই সম্ভব, সেখানে কম ইথানল-যুক্ত পেট্রল সরবরাহের বিষয়টি বিবেচনা করা এবং বিশেষজ্ঞদের মতামত ও জনমতের ভিত্তিতে একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণের দাবিও করা হয় ৷

