ETV Bharat / bharat

শিশুর জটিল হৃদরোগের চিকিৎসায় নয়া দিশা দেখাচ্ছে শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার

হৃদরোগজনিত জটিল ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে এমন শিশুর চিকিৎসায় নয়া দিশা দেখাচ্ছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় অবস্থিত শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার ৷

Sri Sathya Sai Sanjeevani Centre
শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 7:07 PM IST

3 Min Read
Choose ETV Bharat

সিদ্দিপেট, 28 ফেব্রুয়ারি: বিনামূল্যে শিশুদের হৃদরোগের চিকিৎসা হয় 'শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ার অ্যান্ড রিসার্চ'-এ ৷ হৃদপিণ্ডজনিত অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করেছে এমন শিশুর চিকিৎসা থেকে শুরু করে ওপেন-হার্ট সার্জারি, হৃদরোগজনিত দুরূহ রোগের অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার কোন্দাপাকায় অবস্থিত এই হাসপাতালে ৷

সংস্থার চেয়ারম্যান ডাঃ সি শ্রীনিবাস জানিয়েছেন, যে শিশুরা হৃদরোগের জটিল অসুখ নিয়ে জন্মেছে, তাদের চিকিৎসায় নিবেদিত প্রাণ এই হাসপাতাল ৷ তিনি বলেন, "এখনও পর্যন্ত ভারতের 233 জন এবং অন্যান্য 14টি দেশের শিশুদের সফল ওপেন-হার্ট সার্জারি হয়েছে ৷ 103 জন শিশু অত্যাধুনিক চিকিৎসা পেয়েছে ৷ সব মিলিয়ে 336টি শিশু প্রাণ বাঁচিয়েছে এই হাসপাতাল ৷"

2024 সালের 23 নভেম্বর কোন্দাপাকায় সঞ্জীবনী হার্ট হাসপাতালের উদ্বোধন হয় ৷ এখানে 100টি শয্যা রয়েছে ৷ অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি আছে ৷ অভিজ্ঞ ডাক্তার এবং একটি সম্পূর্ণ ডিজিটাল ল্যাবরেটরি আছে ৷ প্রতিদিন 24 ঘণ্টা চিকিৎসা পরিষেবা পাওয়া যায় এই হাসপাতালে ৷ এছাড়া একটি ক্যাথ ল্যাব (catheterisation laboratory) রয়েছে ৷

চিরাচরিত অস্ত্রোপচারে অনেক বড়সড় কাটাছেঁড়ার প্রয়োজন হয় ৷ এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থায় ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে চিকিৎসার সুযোগ রয়েছে ৷ 'ক্যাথেটার' নামের একটি সরু নল হাত বা পায়ের রক্তনালীগুলির মধ্য দিয়ে হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছানোর জন্য প্রবেশ করানো হয় ৷ এর ফলে তুলনায় কম বেদনায়ক পদ্ধতিতে রোগ নির্ণয় এবং চিকিৎসা করা যায় ৷ দ্রুত আরোগ্য লাভ সহজ হয়ে ওঠে ৷

প্রতি বছর ভারতে প্রায় 3.5 লক্ষ শিশু হৃদরোগের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে ৷ প্রায় 1 লক্ষ শিশুর মৃত্যু হয় শুধু সময়মতো ও সাশ্রয়ী চিকিৎসার সুযোগ না-পেয়ে ৷ সঞ্জীবনী সেন্টার এই ধরনের শিশুদের পরিবারের কাছে আশীর্বাদের মতো হয়ে উঠেছে ৷

যেসব শিশুরা হৃদপিণ্ডের জটিল সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, যাদের ক্ষেত্রে অসুখের সূত্রপাত হয় মায়ের গর্ভে থাকাকালীন, তাদের চিকিৎসা হয় এই হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে ৷ সেই সব শিশুদের অস্ত্রোপচার হয় এখানে ৷ 100টি হৃদরোগের অ-স্বাভাবিক ধরনের চিকিৎসা হয় ৷ এর মধ্যে হৃদপিণ্ডে ছিদ্র থাকা, ভালভে ত্রুটি এবং অস্বাভাবিক রক্তপ্রবাহের অবস্থাও রয়েছে ৷

রোগ নির্ণয়, অস্ত্রোপচার, ওষুধ, খাবার এবং থাকার ব্যবস্থা-সহ সব পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয় ৷ চিকিৎসার পুরো সময় জুড়ে শিশুর সঙ্গে তার বাবা-মা উভয়ের খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয় ৷ হাসপাতালটি সত্য সাই হেলথ অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট দ্বারা পরিচালিত ৷ নয়া রায়পুর, পালওয়াল এবং নবি মুম্বইতেও একই ধরনের পরিষেবা পরিচালনা করে সত্য সাই হেলথ অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট ৷

স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত ও উপজাতি অধ্যুষিত এলাকায় চিকিৎসা শিবিরের ব্যবস্থা করে জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের শনাক্ত করেন এবং তাদের এই চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন ৷ সত্য সাই হাসপাতালে চিকিৎসা করাতে আগ্রহী অভিভাবকরা হাসপাতালের যোগাযোগ নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন ৷ ফোন নম্বর 80101 19000 ফোন করে অথবা 70751 37733 নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন ৷