ETV Bharat / bharat

নাড়ির টানের কাছে হার মানল ধর্ম, ভুল শুধরে মাকে ঘরে ফেরাচ্ছে ছেলে

মহামিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল 'ধর্ম' ৷ কাছে পেয়েও মাকে ঘরে ফেরাতে অস্বীকার করেছিল ছেলে ৷ এবার ছেলে জানালেন, আমার ভুল হয়েছে ৷

JHARKHAND SON ACCEPT MOTHER
প্রতীকী ছবি (RKC)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2026 at 5:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

রঞ্জিত কুমার রাঠোর

গোড্ডা (ঝাড়খণ্ড), 26 ফেব্রুয়ারি: দীর্ঘ আড়াই দশকের পরও নিখোঁজ মায়ের খোঁজ পেয়েছিলেন ছেলে ৷ কিন্তু সেই মহামিলনের পথে পাষাণ প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল 'ধর্ম' ৷ কলকাতার এক হোমে আশ্রিত ঝাড়খণ্ডের বৃদ্ধা মায়ের এই করুণ পরিণতির খবর আগেই ইটিভি ভারতে প্রকাশ হয়েছিল ৷ এরপর ঝাড়খণ্ডের গোড্ডার পোডাইয়াহাট ব্লকের দাহুপগর গ্রামে বৃদ্ধার ছেলের কাছে পৌঁছেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি রঞ্জিত কুমার রাঠের ৷ এবার ছেলে সেই ভুল শুধরে জানালেন, মাকে তিনি ঘরে ফেরাবেন ৷ ভিন রাজ্য (কলকাতা) থেকে নিজের কাছেই এনে রাখবেন ৷

ছেলে বলেন, "আমি আর আমার স্ত্রী একটি মুদির দোকান চালাই। দরিদ্র পরিবার আমার ৷ পড়াশোনাও সেভাবে হয়নি ৷ ধর্ম পরিবর্তনের ব্যাপারে অতশত জানতাম না ৷ তাই সেদিন মায়ের মায়া-মমতাকে অস্বীকার করেছিলাম ৷ বুঝতে পারিনি যে এত খারাপ কথা বলে ফেলব ৷ মাও সেদিন কষ্ট পেয়েছিলেন ৷ তবে ভুল করেছি ৷ মাকে খুব ভালোবাসি ৷ ফিরিয়ে আনব মাকে ৷" এরপরই ইটিভি ভারতের ক্যামেরায় ছেলের আনন্দ ধরা পড়ে ৷

ভুল শুধরে মাকে ঘরে ফেরাচ্ছে ছেলে (ইটিভি ভারত)

এরপর কলকাতার হোমে থাকা বৃদ্ধার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ৷ 62 বছরের ওই বৃদ্ধা বলেন, "ছেলে ভুল বুঝতে পেরেছে। এমনকী আমার সঙ্গে ফোনেও কথা বলেছে । ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ তারপরই তিনি হাসতে হাসতে বলে ওঠেন, অবশ্যই যাব ৷ এই বয়সে এসে আমি তো ছেলের সঙ্গে থাকতে চাই ৷ স্বামী মারা যাওয়ার পর থেকে আমার জীবনে অন্ধকার নেমে আসে ৷ আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ কিছুতেই মেনে নিতে চাননি প্রতিবেশীরা ৷ চরম অমানবিকতার পরিচয় দিয়ে আমাকে ভিটেছাড়া করে ৷ 25 বছর পর ছেলের সন্ধান পাওয়ার পর সে সেদিন আমাকে ঘরে ফেরাতে চায়নি ৷"

বৃদ্ধা আরও বলেন, "দীর্ঘ 25 বছর পর যখন ভিডিয়ো কলে ছেলের সঙ্গে ভিডিয়ো কলে মুখোমুখি হই, তখন মনে হয়েছিল এই বুঝি অপেক্ষার অবসান হল ! কিন্তু চরম আঘাতটা আসে নিজের নাড়িছেঁড়া সন্তানের তরফ থেকেই। ও আমায় জানিয়েছিল, বাড়িতে ফিরতে হলে তাঁকে খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে ৷ এই শর্ত শুনে অভিমান আর বুকফাটা কষ্ট নিয়ে আমি নিজের আত্মসম্মানে অবিচল থাকি ৷ আমি আমার ধর্ম ছাড়ব না ৷ কিন্তু এবার ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে ৷ ছেলে আমায় বাড়ি নিয়ে যাবে বলেছে ৷"

এদিকে ওই বৃদ্ধা গোড্ডা থেকে ঠিক কীভাবে কলকাতায় এসে পৌঁছেছেন, সেই স্মৃতি আজ তাঁর মন থেকে অনেকটাই মুছে গিয়েছে ৷ 33 বছরের ছেলে ইটিভি ভারত-কে জানান, শীঘ্রই তিনি মাকে ফিরিয়ে আনবেন ৷ সেইসঙ্গে তিনি জানিয়েছে, তাঁর মা নিজের পছন্দের যে কোনও ধর্ম অনুসরণ করতে পারেন, তাতে কোনও সমস্যা নেই ৷