নারীদের সম্পর্কে ধারণা বদলানো দরকার সমাজের, মত মার্গদর্শী চিটফান্ডের এমডি শৈলজা কিরণের
মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার। পুরুষদের পাশাপাশি মেয়েদেরও সমান সুযোগ-সম্মান প্রয়োজন ৷ এমনটাই বললেন মার্গদর্শী চিটফান্ডের এমডি শৈলজা কিরণ ৷

Published : December 12, 2025 at 4:16 PM IST
হায়দরাবাদ, 12 ডিসেম্বর: নারী 5.0 সম্মেলন অনুষ্ঠিত হল ICFAI বিশ্ববিদ্যালয়ে ৷ ইনস্টিটিউট অফ চার্টার্ড ফিনানসিয়াল অ্যানালিস্টস অফ ইন্ডিয়া (ICFAI)- র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্গদর্শী চিটফান্ডের এমডি শৈলজা কিরণ ৷ ছিলেন সমাজের আরও নানা ক্ষেত্রের বিশিষ্টরা ৷ এই সম্মেলনের বিষয়বস্তু ছিল নারীদের শক্তি...অগ্রগতি এবং সম্ভাবনা ৷
অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করে তিনি বলেন, "মহিলাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার। পুরুষদের পাশাপাশি মেয়েদেরও সমান সুযোগ ও সম্মান দেওয়া প্রয়োজন ৷" কোন পথে নারীদের প্রকৃত উন্নয়ন সম্ভব তা নিয়ে বিস্তারিত চর্চা হল অনুষ্ঠানে ৷
বৃহস্পতিবার তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার শঙ্করপল্লিতে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ে নারী 5.0 সম্মেলনটি আয়োজিত হয় ৷ বক্তব্যের মধ্যে নিজের উদাহরণ দিয়ে মার্গদর্শী চিটফান্ডের এমডি বলেন, "আমার পাশে পরিবার ছিল ৷ তারা আমায় সাহস জুগিয়েছে বলেই আমি এই স্তরে পৌঁছেছি ৷ মহিলারা এখন সকল ক্ষেত্রেই এগিয়ে চলেছে ৷ নারীদের চিন্তাভাবনাতেও এসেছে নানা ধরনের পরিবর্তন ৷ মেয়েরা এখন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তাই সমাজের উচিত নারীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা ৷ পুরুষ ও নারী- উভয়কেই সমানভাবে দেখা দরকার ৷ তবে হ্যাঁ মহিলাদের সহানুভূতির কোনও প্রয়োজন নেই ৷ স্বীকৃতিটাই বিশেষভাবে প্রয়োজন।"
শৈলজা কিরণ আরও বলেন, "নারীদের প্রতি সম্মান এবং সুরক্ষা আইন প্রণয়ন করে হয় না ৷ বাড়ি থেকে শুরু করে পরিবার এবং সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমেই সম্ভব নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের জন্য প্রকৃত সুরক্ষার ব্যবস্থা করা। বাবা, স্বামী এবং সন্তানরা যদি তাঁদের পাশে দাঁড়ায়, তাহলে নারীরা অপরিসীম আত্মবিশ্বাসের অধিকার হয়ে উঠবেন ৷ সাহসের সঙ্গে বিশ্বের মুখোমুখি হবেন। আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছে তার প্রধান কারণ আমার পরিবার ৷ আমার পরিবারের সাহস দিয়েছে বলেই আমি এই স্তরে পৌঁছতে পেরেছি। মার্গদর্শী চিট ফান্ড এখন 100 কোটি টাকার টার্নওভার থেকে 12000 কোটি টাকার টার্নওভারে পৌঁছেছে ৷ চারটি রাজ্যে 129টি শাখা পরিচালনা করছে।"
1962 সাল থেকে যাত্রা শুরু করেছে মার্গদর্শী। এই সংস্থার হাত ধরে বহু মানুষের জীবনে এসেছে বিরাট পরিবর্তন । এখনও পর্যন্ত 60 লক্ষ মানুষেরও বেশি পরিষেবা দিয়েছে মার্গদর্শী। গত সেপ্টেম্বর মাসে তেলেঙ্গানার মালকাজগিরির আনন্দবাগ সার্কেল বালাজি বিগ টাউনে 125তম শাখার উদ্বোধন হয়েছিল ৷

