ETV Bharat / bharat

গোয়ার নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণ, জীবন্ত দগ্ধ 25; আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর

বেড়াতে যাওয়ার মরশুমে অগ্নিকাণ্ড গোয়ায় ৷ মৃত 25 জনের মধ্যে পর্যটকও রয়েছেন বলে খবর ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ৷

Fire Due to Cyclinder Blast
অগ্নিকাণ্ড ও উদ্ধারকাজের মুহূর্ত (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 7, 2025 at 7:17 AM IST

|

Updated : December 7, 2025 at 9:27 AM IST

4 Min Read
Choose ETV Bharat

পানাজি, 7 ডিসেম্বর: সিলিন্ডার বিস্ফোরণের জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল 25 জনের ৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার একটি নাইটক্লাবে ৷ গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার সংবাদসংস্থা পিটিআইকে জানান যে, সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে । প্রথমে 23 জন মৃত্যুর খবর জানানো হলেও পরে তা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে ৷

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷ তিনি জানান, নিহতদের বেশিরভাগই ক্লাবের রান্নাঘরের কর্মী এবং তাদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন । নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন । 23 জনের মধ্যে তিনজন পুড়ে মারা গিয়েছেন এবং বাকিদের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷ প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে, নাইটক্লাবটি অগ্নি নিরাপত্তার নিয়ম মেনে চলেনি ।

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত আরও বলেন, "মধ্যরাতের পর বার্চ বাই রোমিও লেনে আগুন লাগে । রাজধানী পানাজি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আরপোরা গ্রামে এই জনপ্রিয় পার্টি ভেন্যুটি গত বছর খোলা হয়েছিল । আমরা ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করা সত্ত্বেও এটি পরিচালনা করার অনুমতি দেওয়া আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব ৷ উপকূলীয় রাজ্যে পর্যটন মরশুমের সময় এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ৷ আমরা এই ঘটনার বিস্তারিত তদন্ত করব এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷"

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্স পোস্টে জানিয়েছেন যে, তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে । পোস্টে তিনি লেখেন, "আজ গোয়ায় আমাদের সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন । আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে 23 জনের প্রাণহানি ঘটেছে । আমি গভীরভাবে শোকাহত এবং এই অকল্পনীয় ক্ষতির মুহূর্তে সকল শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি । আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি । তদন্তে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং অগ্নি নিরাপত্তার নিয়ম এবং ভবন নির্মাণের নিয়ম মেনে চলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে । যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনের অধীনে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে - যে কোনও অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

দুর্ঘটনায় মর্মাহত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এক্স পোস্টে সমবেদনা জানিয়েছে তিনি লেখেন, "উত্তর গোয়া জেলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত, যার ফলে মূল্যবান প্রাণহানি ঘটেছে । শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা । এই কঠিন সময়ে তাঁরা যেন শক্তি পান । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন যে তিনি গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন । এক্স পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, "গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনাটি গভীরভাবে দুঃখজনক । যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা । আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক । গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত জি-র সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি । রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে ৷"

এছাড়াও প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, গোয়ার আরপোরায় দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে । আহতদের 50,000 টাকা দেওয়া হবে ৷

দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এক্স পোস্টে তিনি লেখেন, "গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক । স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে । প্রাণ হারানো পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

প্রধানমন্ত্রীর খোঁজ নেওয়া ও কথা বলার বিষয়টি এক্সে রি-পোস্ট করে মুখ্যমন্ত্রী সাওয়ান্ত লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জী, আরপোরার মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আমার সঙ্গে কথা বলেছেন এবং আমি তাঁকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি । এই কঠিন সময়ে গোয়া সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে ।

Goa Nightclub fire
আগুন লাগার পর বারের ভিতরের ছবি (এএনআই)

ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক মাইকেল লোবো বলেন, "23 জনের মৃতদেহই উদ্ধার করা হয়েছে এবং বাম্বোলিমের সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷ অগ্নিনির্বাপক টিম ও পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এবং রাতভর উদ্ধারকাজ চালাচ্ছে । সংশ্লিষ্ট আধিকারিকরা সকল ক্লাবের অগ্নি নিরাপত্তা নিরীক্ষা করবেন যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় । ক্যালাঙ্গুট পঞ্চায়েত সোমবার সমস্ত নাইটক্লাবকে অগ্নি নিরাপত্তার অনুমতি প্রদানের জন্য নোটিশ জারি করবে । প্রয়োজনীয় অনুমতি না থাকা ক্লাবগুলির লাইসেন্স বাতিল করা হবে ।"

Last Updated : December 7, 2025 at 9:27 AM IST