ETV Bharat / bharat

দুই সরকারি বাসের সংঘর্ষে 9 মহিলা-সহ মৃত 11, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷

GOVERNMENT BUSES COLLIDED HEAD ON
দুই সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 30, 2025 at 8:50 PM IST

|

Updated : December 1, 2025 at 10:53 AM IST

3 Min Read
Choose ETV Bharat

শিবগঙ্গা, 30 নভেম্বর: ছুটির দিনে ভয়াবহ দুর্ঘটনা ! দুই সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কমপক্ষে 11 জনের ৷ মৃতদের মধ্যে 9 জন মহিলা রয়েছেন ৷ আহত হয়েছেন একাধিক যাত্রী ৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার পিল্লাইয়ারপট্টি এলাকায় ৷ ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এক্স পোস্টে তিনি লেখেন, "তামিলনাড়ুর শিবগঙ্গায় এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক । যারা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

পিএমও-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রতিটি নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন । এছাড়াও আহতদের 50,000 টাকা দেওয়া হবে ৷

পুলিশ সূত্রে খবর, এদিন তিরুপাত্তুর থেকে করাইকুডি যাচ্ছিল সরকারি একটি বাস ৷ এদিকে করাইকুডি থেকে দিন্দিগুলের দিকে যাচ্ছিল অপর একটি সরকারি বাস ৷ পিল্লাইয়ারপট্টি এলাকায় কুম্মানগুডি সেতুর কাছে মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাসের ৷

দুর্ঘটনার তীব্রতায় দুই বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে বলে খবর ৷ যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় স্থানীয় থানায় ৷ তাঁদের সাহায্যে আহতদের দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করেন পুলিশকর্মীরা ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই বাসের চালক এবং 8 জন যাত্রীর মৃত্যু হয় ৷ আহতদের উদ্ধার করে তিরুপাত্তুর সরকারি হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় ৷ গুরুতর আহত অবস্থায় 3 যাত্রীকে তিরুপাত্তুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ৷ সবমিলিয়ে ঘটনায় এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট জোরে শব্দ হয় ৷ আওয়াজ শুনেই তাঁরা ঘটনাস্থলে ছুটে যান ৷ দুর্ঘটনায় দুই বাসের জানলার কাঁচ ভেঙে যায় ৷ বাসের সামনের দিকটি দেখাই যাচ্ছিল না ৷ প্রাণে বাঁচার জন্য যাত্রীরা চিৎকার করছিলেন ৷ বাসের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা ৷ ঘটনার জেরে প্রায় 1 ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয় ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

জানা গিয়েছে, তিরুপাত্তুর, মাদুরাই এবং করাইকুডির সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অন্তত 40 জন যাত্রীকে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানান চিকিৎসকরা ৷ ঘটনায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে তিরুপাত্তুর থানার পুলিশ ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে তেনকাসি জেলায় দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে 6 জনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে 5 জন মহিলাও ছিলেন । তথ্য অনুযায়ী, 2023 সালে তামিলনাড়ুতে 67 হাজারেরও বেশি পথদুর্ঘটনা হয়েছে ৷ দেশের মোট দুর্ঘটনার প্রায় 14 শতাংশ ।

পড়ুন: ঘূর্ণিঝড় দিতওয়ায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় আটকে বহু ভারতীয়, দ্বীপরাষ্ট্রে মৃত বেড়ে 153
Last Updated : December 1, 2025 at 10:53 AM IST