পথচারীদের পিষে দিল সরকারি বাস ! 4 জনের মৃত্যু, আহত 9; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে হাঁটছিলেন পথচারীরা ৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে বাসটি ৷ মৃতদের 5 লক্ষ টাকার সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

Published : December 30, 2025 at 7:42 AM IST
|Updated : December 30, 2025 at 10:45 AM IST
মুম্বই, 30 ডিসেম্বর: সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল 4 পথচারীর ৷ আহত আরও 9 জন ৷ সোমবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভান্ডুপ (পশ্চিম) স্টেশন রোড এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে 3 জন মহিলা ৷ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ।
এক্স পোস্টে প্রধানমন্ত্রীর দফতর থেকে লেখা হয়েছে, "মুম্বইয়ের ভান্ডুপে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত । যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন ৷"
Saddened by the loss of lives due to a mishap in Bhandup, Mumbai. Condolences to those who have lost their loved ones. May those injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 30, 2025
ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে এক্স পোস্টে নিহতদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ । তিনি লেখেন, "রাজ্য সরকার নিহতদের আইনি উত্তরাধিকারীদের পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে ৷"
मुंबईतील भांडूप रेल्वे स्थानकानजीक झालेल्या एका दुर्दैवी अपघातात 4 जणांचा मृत्यू झाल्याची घटना अतिशय दुर्दैवी आहे. मी त्यांना भावपूर्ण श्रद्धांजली अर्पण करतो.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) December 29, 2025
या घटनेत 9 जण जखमी झाले असून त्यांना लवकर बरे वाटावे, अशी मी ईश्वरचरणी प्रार्थना करतो.
मृतांच्या वारसांना 5 लाख रुपये…
এই ঘটনায় মুম্বই পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, বাসস্টপের কাছে অপেক্ষারত মানুষদের পর পর ধাক্কা দেওয়ার পরে বাসটি উল্টে যায় । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা ৷ আহতদের তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞ দলের সদস্যরাও ৷ পুলিশ আধিকারিকের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 10-12 জনকে ধাক্কা মারে বাসটি ৷ তাতেই ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয় ৷
বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট)-এর জনসংযোগ আধিকারিক সুচেতা উতালে জানান, দুর্ঘটনার সময় বাসটির চালক ছিলেন 52 বছরের সন্তোষ রমেশ সাওয়ান্ত এবং কনডাক্টর ছিলেন 47 বছরের ভগবান ভাউ ঘারে ৷ জানা গিয়েছে, বাসটি পিছনের দিকে ঘোরানোর সময় দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পরই বাসের চালককে আটক করা হয় ৷ তাঁর বিরুদ্ধে একটি এফআইআরও রুজু করা হয়েছে ৷
বেস্ট সংস্থার বাসের পরিষেবা শহরজোড়া ৷ মুম্বই শহর এবং পার্শ্ববর্তী শহরাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল এই বাস ৷ পুলিশ আধিকারিক জানান, মূলত নিয়ন্ত্রণ হারিয়ে এদিনের এই দুর্ঘটনা ৷ তবে, বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কেন বাসটি নিয়ন্ত্রণ হারায়, সেই বিষয়েও এখনও পর্যন্ত নিশ্চিত কারণ জানা যায়নি ৷
পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের উপর নজর রাখা হচ্ছে ৷ দুর্ঘটনাটি ঘটার নিমেষের মধ্যেই এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকর্মীরা উপস্থিত হন ৷ উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকরাও পৌঁছন ৷
তবে এদিনের দুর্ঘটনার জন্য রাস্তার ধারের হকারদের দুষেছেন প্রত্যক্ষদর্শীরা ৷ অভিযোগ, কাছেই রেলওয়ে স্টেশন হওয়ায় এলাকাটি সবসময় ব্যস্ত থাকে ৷ ব্যস্ত এলাকার মধ্যে ফুটপাথজুড়ে বিভিন্ন পণ্যের দোকান সাজিয়ে বসে রয়েছেন হকাররা ৷ ফলে, সাধারণ মানুষকে অগত্যা ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে হয় ৷ এদিন, ভিড় রাস্তা দিয়ে হাঁটার সময়ই পথচারীদের ধাক্কা মারে বাসটি ৷ ফুটপাথটি ব্যবহারযোগ্য হলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলে মত প্রত্যক্ষদর্শীদের ৷
স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যার ব্যস্ত সময় হকারদের অত্যাচারে রাস্তায় বাস ঘোরাতেও বেশ সমস্যায় পড়েন চালকরা ৷ পুলিশের ডেপুটি কমিশনার (জোন 7) হেমরাজ রাজপুত জানান, নিহতদের মধ্যে কেউ সবে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কেউ আবার বাড়ি ফিরছিলেন ।
স্থানীয় এক ওষুধ বিক্রেতা সাইমিনি মুদালিয়ার জানান, গত বছর কুরলায় বেস্ট বাসের ধাক্কায় 9 জনের মৃত্যু হয় ৷ এই নিয়ে দ্বিতীয়বার একই ঘটনা ঘটল ৷ ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷

