ETV Bharat / bharat

মসজিদের কাছে অবৈধ নির্মাণ উচ্ছেদে গিয়ে আক্রান্ত দিল্লি পুলিশ, আহত 8

দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে পাথর ছোড়ে এমনটাই অভিযোগ ৷ ঘটনায় দিল্লি পুলিশের আটজন কর্মী আহত হয়েছেন ৷ আটক করা হয়েছে পাঁচজনকে ৷

DELHI VIOLENCE AT ANTI ENCROACHMENT DRIVE
উচ্ছেদ অভিযানে গিয়ে আক্রান্ত দিল্লি পুলিশ (পিটিআই)
author img

By PTI

Published : January 7, 2026 at 10:43 AM IST

4 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 7 জানুয়ারি: বেআইনিভাবে দখল হওয়া জমি মুক্ত করতে গিয়ে আক্রান্ত দিল্লি পুলিশ ৷ বুধবার ভোরে বেআইনি উচ্ছেদ অভিযানে যান আধিকারিকরা ৷ সেখানেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হল তাঁদের ৷ পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় আট পুলিশ কর্মী আহত হন ৷ অবৈধ নির্মাণ উচ্ছেদে প্রায় 32টি বুলডোজার নিয়ে এসেছিল কর্পোরেশন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) বুধবার ভোরবেলা রামলীলা ময়দানের কাছে তুর্কমান গেটের ফয়েজ-এ-ইলাহি মসজিদ সংলগ্ন এলাকায় বেআইনি দখল উচ্ছেদ অভিযানে নামে ৷ পুলিশ জানিয়েছে, উচ্ছেদ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল । উচ্ছেদ অভিযান যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য গোটা এলাকাটিকে নয়টি অঞ্চলে ভাগ করা হয় ৷ যার প্রত্যেকটিতে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ এমনকী সমস্ত সংবেদনশীল স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল ৷

অবৈধ নির্মাণ উচ্ছেদে গিয়ে আক্রান্ত দিল্লি পুলিশ (ইটিভি ভারত)

উচ্ছেদ অভিযানের আগে, শান্তি বজায় রাখা এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে আমান কমিটির সদস্য এবং অন্যান্য স্থানীয়দের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকও করে পুলিশ ৷ সম্ভাব্য সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলেই পুলিশের দাবি । তবে, উচ্ছেদের দিন দেখা গেল অন্য ছবি ৷ আধিকারিকদের দাবি, কয়েকজন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে ব্যাপক পাথর ছুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল ৷ যদিও ন্যূনতম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

DELHI VIOLENCE AT ANTI ENCROACHMENT DRIVE
দিল্লিতে মসজিদের কাছে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান (পিটিআই)

এই প্রসঙ্গে, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ জানান, তুর্কমান গেট এলাকার মসজিদের কাছে অবৈধ দখলদার উচ্ছেদের সময় পাথর ছোড়ার ঘটনাটি দুর্ভাগ্যজনক ৷ তিনি সতর্ক করে এও জানিয়েছেন, হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না । পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে ।

আশিস সুদ আরও বলেন, "মসজিদের আশেপাশে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে উঠেছিল ৷ যার বিরুদ্ধে আদালতের নির্দেশ মেনেই সব ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ আইনের আওতাধীনে পরিচালিত কাজে বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো কোনওভাবেই মেনে নেওয়া হবে না ।"

DELHI VIOLENCE AT ANTI ENCROACHMENT DRIVE
দিল্লিতে মসজিদের কাছে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান (পিটিআই)

তাঁর কথায়, "কিছু অপরাধী ও দুষ্টু লোক বিক্ষোভ ও হিংসায় লিপ্ত হয়েছে ৷ যা সহ্য করা হবে না । এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে । আমি স্পষ্টভাবে বলতে চাই যে ফয়েজ-এ-ইলাহি মসজিদ সম্পূর্ণ নিরাপদ । এই পদক্ষেপ শুধুমাত্র সেইসব অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ দিয়েছিল । এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও স্বেচ্ছাচারিতা বা অসৎ উদ্দেশ্য নেই ।"

সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার মধুর ভার্মা বলেন, "উচ্ছেদের সময়, কয়েকজন দুষ্কৃতী পাথর ছোড়া শুরু করে ৷ পরিমিত ও ন্যূনতম শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় ৷ কোনও উত্তেজনা ছাড়াই স্বাভাবিক পরিস্থিতি আনা সম্ভব হয় ।" অন্যদিকে, এলাকার অন-নুমোদিত কাঠামো ভাঙতে কর্পোরেশন প্রায় 32টি বুলডোজার নিয়ে আসে ।

DELHI VIOLENCE AT ANTI ENCROACHMENT DRIVE
দিল্লিতে মসজিদের কাছে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান (পিটিআই)

এর আগে সোমবার মধ্যপ্রদেশে, উজ্জয়িনী জেলার মহাকাল চকের কাছে নির্মিত একটি বহুতল আবাসনের বিরুদ্ধে কর্পোরেশনের একটি দল উচ্ছেদ অভিযান চালিয়েছিল ৷ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এটি নির্মিত হয়েছিল বলে অভিযোগ । একটি নোটিশও জারি করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করা হয় ৷ এরপরেই এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কর্পোরেশন ৷

উজ্জয়িনী কর্পোরেশনের সহকারী কমিশনার দীপক শর্মা বলেন, "আমরা মহাকাল চকের কাছে অবস্থিত একটি কাঠামো নির্মাণের জন্য অনুমতি না নেওয়ায় গোলাম মহম্মদের স্ত্রী নূর জাহানের নামে একটি নোটিশ জারি করেছিলাম । কিন্তু তাঁরা আদালতের দ্বারস্থ হন ৷ আদালত এতে কোনও স্থগিতাদেশ দেয়নি । এরপরও তাঁরা নির্মাণকাজ বন্ধ করেননি ৷ তাই পুলিশ প্রশাসন ও কর্পোরেশনের সহায়তায় অবৈধ নির্মাণটি ভেঙে দেওয়া হয় ৷ কোনও অনুমতি ছাড়াই বহুতলটি নির্মাণ করা হয়েছিল । তাই পুরোটাই ভেঙে ফেলা হয়েছে ।" আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত ছিল এবং যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তা ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ।