অযোধ্যার রাম মন্দিরে নমাজ পড়ার চেষ্টা, আটক ব্যক্তি
পরিবারের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ৷ আর তার জেরেই তিনি এই ধরনের কাজ করেছেন ৷ চিকিৎসা সংক্রান্ত তথ্য় পুলিশের কাছে পাঠিয়েছে পরিবার ৷

Published : January 10, 2026 at 9:02 PM IST
অযোধ্যা, 10 জানুয়ারি: রাম মন্দির চত্বরে নমাজ পড়তে গিয়ে আটক হলেন এক ব্যক্তি ৷ নমাজ পড়তে বাধা দেওয়া হলে তিনি স্লোগান দিতে থাকেন বলেও খবর ৷ তাঁকে আটক করেন মন্দিরের নিরাপত্তারক্ষীরা ৷ পরে তাঁকে তুলে দেওয়া হয় উত্তরপ্রদেশ পুলিশের হাতে ৷ পরিবারের দাবি, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ৷ তাঁর চিকিৎসাও চলছে ৷ অসুস্থতার জন্যই তিনি এই ধরনের কাজ করেছেন ৷
অযোধ্যার পুলিশ সুপার বলরামচারি দুবে জানিয়েছেন, ওই ব্যক্তি জম্মু কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা ৷ তিনি মন্দিরে প্রবেশ করেন ৷ অন্য ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দর্শনও করেন ৷ এরপর তাঁকে মন্দিরের সীতা রসোই চত্বরে নমাজ পড়ার তোড়জোড় করতে দেখা যায় ৷ তখনই তাঁকে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা ৷ নমাজ পড়তে না পেরে তিনি স্লোাগান দিতে থাকেন ৷ এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
ঘটনাটি নিয়ে কাশ্মীরের সোপিয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ওই ব্যক্তির ছেলে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ছেলের দাবি তাঁর বাবা মানসিক ভারসাম্যহীন ৷ শ্রীনগরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ সেই সংক্রান্ত নথিপত্র ইতিমধ্য়েই উত্তরপ্রদেশ পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা ৷ কাশ্মীর থেকে কীভাবে তিনি অযোধ্যা পৌঁছে গেলেন সেটাও জানা নেই পরিবারের ৷
এদিকে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ তিনি কীভাবে এবং কোথা থেকে অযোধ্য়ার রাম মন্দিরে এসে পৌঁছলেন তা তাঁর থেকে জানার কাজ শুরু হয়েছে ৷ পুলিশের একটি সূত্র জানিয়েছে তিনি এখান থেকে আজমের যাওয়ার পরিকল্পনা করেছিলেন ৷ কেন এখানে এসেছিলেন তা জানার পাশাপাশি কাশ্মীর থেকে তিনি একাই এতটা পথ পেরিয়ে এলেন নাকি কেউ তাঁকে এখানে নিয়ে এসেছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷
পরিবারের তরফে পুলিশকে চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত নথিপত্র দেওয়া হয়েছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে এবং সেগুলি নির্ভরযোগ্য কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ তাছাড়া ওই ব্যক্তি ঠিক কোন ধরনের সমস্যায় ভুগছিলেন সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকটি নির্দিষ্ট সূত্র ধরে ওই ব্যক্তিকে জেরা করছেন তদন্তকারীরা ৷

