ETV Bharat / bharat

বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক উদ্ধার মণিপুরে, ধ্বংস করা হল একাধিক অবৈধ বাঙ্কার

মণিপুরের একাধিক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র থেকে বিস্ফোরক উদ্ধার হয় ৷ পাশাপাশি, জওয়ানরা চারটি অবৈধ বাঙ্কার ধ্বংস করেন ।

SECURITY FORCES RECOVERED ARMS
মণিপুরে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে (PRO Defence)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 3, 2026 at 5:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

তেজপুর, 3 জুলাই: দুই বছরেরও বেশি সময় ধরে জাতি-সংঘর্ষে জ্বলছে মণিপুর। 2023 সালের মে থেকে কুকি-মেতেই সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। এবার উত্তর-পূর্বের ওই রাজ্যে তল্লাশি চালিয়ে উদ্ধার হল অত্যাধুনিক অস্ত্র থেকে বিস্ফোরক ও গোলাবারুদ ৷ গতকাল মণিপুরে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী ৷ মণিপুর পুলিশ জানিয়েছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী উখরুল জেলায় চারটি অবৈধ বাঙ্কারও ধ্বংস করেছে।

গতকাল মণিপুরের চারটি জেলায় নিরাপত্তা বাহিনী ও মণিপুর পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ, যোগাযোগের সরঞ্জাম এবং যুদ্ধের সামগ্রীর বিশাল ভাণ্ডার উদ্ধার করা হয়। সবচেয়ে বড় উদ্ধারকাজের সাফল্য আসে মণিপুর পুলিশের তরফে ৷

SECURITY FORCES RECOVERED ARMS
অবৈধ বাঙ্কার ধ্বংস নিরাপত্তা বাহিনীর তল্লাশিতে (PRO Defence)
  • তারা ইম্ফল পূর্ব জেলার পোরামপাট থানার অন্তর্গত 'ওয়াখা চিং' এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
  • চান্দেল জেলায় পরিচালিত আরেকটি অভিযানে, নিরাপত্তা বাহিনী মোলচাম থানার অন্তর্গত জৌপি এলাকার চালজাং গ্রামের আশপাশে তল্লাশি চালায়। আগ্নেয়াস্ত্র ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এই অঞ্চলে অবৈধ সশস্ত্র কার্যকলাপের গতিবিধি শনাক্ত করতে তদন্তকারীদের সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
SECURITY FORCES RECOVERED ARMS
জওয়ানরা চারটি অবৈধ বাঙ্কার ধ্বংস করেন (PRO Defence)
  • বিষ্ণুপুর জেলার কুম্বি থানার অন্তর্গত কুম্বি সাগোলপাত এলাকার কাছে কুম্বি সেতুবপুরের কাছে আরও একটি তল্লাশি অভিযান চালানো হয়। পাশাপাশি, কুম্বি থানা এলাকারই কুম্বি সাগোলপাট-এর কাছে কুম্বি সেতুবপুরের পাদদেশে নিরাপত্তা বাহিনী আরও একবার তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে।

মণিপুর প্রশাসনের তরফে জানা গিয়েছে, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি এদিন নিরাপত্তা বাহিনী উখরুল জেলায় জঙ্গিদের পরিকাঠামো ধ্বংস করেছে। লিটান থানা এলাকার অভিযানে জওয়ানরা চারটি অবৈধ বাঙ্কার ধ্বংস করেছে ৷ এর মধ্যে থোই গ্রাম (মহাদেব টপ) ও জালেনবুং গ্রামে দু'টি করে বাঙ্কার ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুমান, ওই এলাকায় জঙ্গিরা সক্রিয় রয়েছে ৷ তারাই ওই বাঙ্কারগুলি ব্যবহার করত।

SECURITY FORCES RECOVERED ARMS
মণিপুরে নিরাপত্তা বাহিনী অবৈধ বাঙ্কার ধ্বংস করেছে (PRO Defence)

অবৈধভাবে রাখা অস্ত্রগুলি উদ্ধারের পাশাপাশি, জঙ্গিদের পরিকাঠামো ধ্বংস এবং অস্ত্র ও বিস্ফোরকের অপব্যবহার রোধে মণিপুরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ তার জেরেই এই অভিযানগুলি চালানো হয় ৷ কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে এবং রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলিতে এই ধরনের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।