দিল্লি বিস্ফোরণের নয়া ফুটেজ, দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো
সামনে এল লালকেল্লার সামনে তীব্র যানজটের মাঝখানে সাদা হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরিত হওয়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ৷

Published : November 13, 2025 at 1:17 PM IST
নয়াদিল্লি, 13 নভেম্বর: ফের সামনে এল লালকেল্লার সামনে বিস্ফোরণের নয়া সিসিটিভি ফুটেজ ৷ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ট্রাফিক সিগনালে যানজটের মধ্যেই দাঁড়িয়েছিল বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি ৷ আর খানিক পরেই তীব্র বিস্ফোরণ ৷ সেই বিস্ফোরণ অভিঘাতে উড়ে যায় আশপাশের কয়েকটি গাড়ি ৷ আগুনের ঝলসে যায় একাধিক গাড়ি ৷
চলতি সপ্তাহের শুরুতেই লালকেল্লার কাছে তীব্র যানজটের মাঝখানে সাদা হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরিত হওয়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ লালকেল্লা মেট্রো স্টেশন গেট নম্বর 1-এর কাছে একটি ট্র্যাফিক সিগনালে লাগানো ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, গাড়িটি অটো, ই-রিকশা এবং অন্যান্য যানবাহনের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ৷ পরে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকার সময় তীব্র বিস্ফোরণ হয় ৷ কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি তীব্র আগুনের গোলায় ঢেকে যায় ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশেপাশের একাধিক গাড়িগুলি উড়ে যায় ৷ চারপাশ ধোঁয়ায় ঢেকে যায় ৷ আশেপাশের মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়তে থাকে, তাও দেখা গিয়েছে ফুটেজে ৷
আধিকারিকদের মতে, বিস্ফোরণের ঠিক আগে ফুটেজে দেখা যায় একটি হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণের আগে সিগন্যালের কাছে গাড়িটিকে ধীর গতিতে চলে যেতে দেখা যায় ৷ বিস্ফোরক যে গাড়ির ভিতরে মজুত ছিল তা স্পষ্ট ৷ এনআইএ-এর কাছে তদন্তভার হস্তান্তর করা হয়েছে ৷ গাড়ির রুট শনাক্ত করতে এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত তাদের খোঁজে কাছাকাছি সবকটি ক্যামেরা থেকে কয়েকশো সিসিটিভি ক্লিপ পরীক্ষা করছে এনআইএ।

দিল্লি বিস্ফোরণে কাণ্ডে ফের একটি গাড়ির সন্ধান পেয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, এই গাড়িটিও লালকেল্লা বিস্ফোরণের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে ৷ লাল গাড়ির পর তৃতীয় আরও একটি গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি সাদা হুন্ডাই i20 বিস্ফোরণে এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে ৷ আহত বেশ কয়েকজন ৷ তদন্তকারীরা পরে ফরিদাবাদে দ্বিতীয় গাড়ি একটি লাল ফোর্ড ইকোস্পোর্ট খুঁজে পেয়েছেন গোয়েন্দারা ৷ এবার আরও একটি অর্থাৎ তৃতীয় গাড়ির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন, এই তৃতীয় গাড়ি মারুতি ব্রিজা ৷ তবে এখনও সেটি খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ তৃতীয় গাড়িটি অভিযুক্তরা গোয়েন্দা তথ্যসংগ্রহ বা পালানোর জন্য ব্যবহার করেছিল বলে মনে করা হচ্ছে । একাধিক দল সেই তৃতীয় গাড়িটির খোঁজ করছে ৷ মারুতি ব্রিজা গাড়িটি খোঁজার জন্য দিল্লি-এনসিআর এবং সংলগ্ন রাজ্যগুলিতে তল্লাশি চালানো হচ্ছে ৷ বিস্ফোরণে ব্য়বহৃত হুন্ডাই i20 গাড়ি ছাড়া আরও একটি গাড়ি ছিল ডাক্তার উমরের ৷ সেই গাড়িটি লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট ৷ বুধবার বিকেলে ফরিদাবাদ জেলার খান্ডাওয়ালিতে একটি গ্রাম থেকে এই গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে এই গাড়িটিরও যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷

