দিল্লির বিস্ফোরণে যোগ ! কাশ্মীরি চিকিৎসকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির প্রস্তুতি
লাল কেল্লা বিস্ফোরণের সঙ্গে জড়িত মামলায় গ্রেফতার হওয়া তিনজন চিকিৎসক সহ আটজনের মধ্যে মুজাফফর হলেন ডাঃ আদিলের ভাই৷

By PTI
Published : November 13, 2025 at 4:00 PM IST
নয়াদিল্লি, 13 নভেম্বর: গত 10 নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 13 হয়েছে৷ এই ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশ একটি 'হোয়াইট কলার' জঙ্গি মডিউলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাশ্মীরি চিকিৎসক ডাঃ মুজাফফরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে৷
লাল কেল্লা বিস্ফোরণের সঙ্গে জড়িত মামলায় গ্রেফতার হওয়া তিনজন চিকিৎসক সহ আটজনের মধ্যে মুজাফফর হলেন ডাঃ আদিলের ভাই৷ তদন্তকারীদের মতে, গ্রেফতার হওয়া আটজনের মধ্যে সাতজন কাশ্মীরের৷ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মুজাফফরের নাম উঠে আসে৷ তারা বলেছে যে, তিনি 2021 সালে মুজাম্মিল গণাই এবং উমর নবীর সঙ্গে তুরস্ক পরিদর্শনকারী ডাক্তারদের দলের অংশ ছিলেন, যিনি সোমবার লাল কেল্লার বাইরে বিস্ফোরণে 13 জনের ঘাতক বিস্ফোরকবাহী গাড়িটি চালাচ্ছিলেন৷
পুলিশ তাৎক্ষণিকভাবে মুজাফফরকে খুঁজে বের করার চেষ্টা করে এবং জানতে পারে যে সে অগস্ট মাসে ভারত ছেড়ে দুবাই চলে গিয়েছে৷ বর্তমানে সে আফগানিস্তানে আছে বলে ধারণা করা হচ্ছে৷ তিনজন ডাক্তার 21 দিন তুরস্কে ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷
বুধবার, তুরস্কের ডিরেক্টরেট অফ কমিউনিকেশনস সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশন একটি বিবৃতি প্রকাশ করেছে এবং তাদের ভূখণ্ড মৌলবাদের জন্য ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেছে৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, "ভারতে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে তুরস্কের যোগসূত্র রয়েছে এবং জঙ্গি গোষ্ঠীগুলিকে লজিস্টিক, কূটনৈতিক এবং আর্থিক সহায়তা প্রদান করছে" বলে দাবি করা সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলি দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে একটি বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিমূলক প্রচারের অংশ" বলে উল্লেখ করা হয়েছে৷
ওই বিবৃতিতে বলা হয়েছে, "ভারত বা অন্য কোনও দেশকে লক্ষ্য করে 'মৌলবাদী কার্যকলাপে' তুরস্কের জড়িত থাকার দাবি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর এবং এর কোনও বাস্তব ভিত্তি নেই।"

