হিন্দু বিরোধী শক্তি যেন আমাদের ধর্মকে কালিমালিপ্ত না করে: রাম মন্দির নিয়ে বার্তা আরএসএসের
রাম মন্দিরের অনুদান দুর্নীতির অভিযোগে ভিডিয়ো বার্তায় হিন্দু সমাজকে বড় বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে ৷

By PTI
Published : July 3, 2026 at 7:00 PM IST
নয়াদিল্লি, 3 জুলাই: রাম মন্দিরে ভক্তদের অনুদান চুরির অভিযোগকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে ৷ এই প্রতারণা ঘটনার আবহে অ-হিন্দু, হিন্দু-বিরোধী ও জাতীয়তাবাদ-বিরোধী শক্তি হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে হিন্দু সমাজকে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি ৷ এই ঘটনা সমগ্র সমাজকে এবং রামচন্দ্রের ভক্তদের গভীরভাবে আঘাত করেছে ৷
আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তার আগে রাম মন্দিরের অনুদান দুর্নীতি নিয়ে ইতিমধ্যে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি মাঠে নেমেছে ৷ এই পরিস্থিতিতে আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷

শুক্রবার একটি ভিডিয়ো পোস্ট করে সমগ্র হিন্দু সমাজকে এই বার্তা দিয়েছেন ৷ পাশাপাশি এই জালিয়াতির ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি নিশ্চিত করার কথাও জানিয়েছেন ৷ রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান নিয়ে নয়ছয় করার অভিযোগের সুযোগ নিতে পারে হিন্দু-বিরোধী এবং জাতীয়তাবাদী-বিরোধী বাহিনী ৷ তারা এই অপ্রীতিকর ঘটনাকে হাতিয়ার করে হিন্দু ধর্মকে কলঙ্কিত করতে পারে, সতর্ক করেছেন প্রবীণ আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবালে ৷
তাই সমগ্র হিন্দু সমাজের প্রতি তাঁর বার্তা, "এই সমস্যাদীর্ণ মুহূর্তে সবাই ধৈর্য ধরে নিজেদের নিয়ন্ত্রণ করুন এবং হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্রের মোকাবিলা করুন ৷"
বর্ষীয়ান সঙ্ঘ নেতা হোসাবালে বলেন, "রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ৷ সমগ্র সমাজ ও রামচন্দ্রের ভক্তদের আবেগ ও বিশ্বাসকে গভীরভাবে আঘাত করেছে ৷ এই ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ ৷"
তিনি আরও জানান, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ-সহ পুরো হিন্দু সমাজ স্বভাবতই আশা করে, এই ভীষণ নিন্দনীয় ঘটনাকে সাধারণের থেকে আলাদাভাবে বিবেচনা করে দেখা হোক ৷ মন্দির কর্তৃপক্ষের কাজকর্ম ও গাফিলতিগুলি শোধরানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক ৷ আরএসএস-এর সেকেন্ড-ইন-কম্যান্ড জোর দিয়ে জানান, অযোধ্যার মন্দিরের প্রতি কোটি কোটি রাম ভক্তের আস্থা ও শ্রদ্ধায় যেন ফাটল না-ধরে, এটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি ৷
তিনি উল্লেখ করেন, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের একান্ত অনুরোধে উত্তরপ্রদেশ সরকার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে ৷ সিটের প্রস্তাব অনুযায়ী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে ৷ এটাও অবশ্য প্রয়োজনীয় যে তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে ৷ রাম মন্দিরের অনুদান চুরির ঘটনা নিয়ে বর্তমানে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা অবিলম্বে শেষ হোক ৷
হোসাবালের সংযোজন, "আমরা আশা করি, মন্দির কর্তৃপক্ষ এবং সরকারের দ্বারা গঠিত সিট প্রয়োজন সব পদক্ষেপ করবে ৷" শ্রী রাম জন্মভূমিতে তৈরি এই বিশাল মন্দির পুরো হিন্দু সমাজের শ্রদ্ধা, বিশ্বাস এবং ভক্তির প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে এর জন্য সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে এবং কোটি কোটি রামভক্ত শহিদ হয়েছে ৷
তিনি আরও বলেন, "আমরা আত্মবিশ্বাসী, যথোপযুক্ত আর্থিক ব্যবস্থাপনা, নির্ভুল ও স্বচ্ছ কর্মপদ্ধতি এবং পবিত্র ও প্রকৃত ধার্মিক পরিবেশে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ফের হিন্দু সমাজের বিশ্বাস ও আস্থা মজবুত করতে পারবে ৷" হোসাবালের তাঁর বার্তা দিয়েছেন সঙ্কটের দিনে হিন্দু সমাজকে ধৈর্য ধরে হিন্দু-বিরোধী ও জাতীয়তাবাদ বিরোধী বাহিনীর মোকাবিলা করতে ৷

