ETV Bharat / bharat

CBSE পরীক্ষা নিয়ে কংগ্রেসকে নিশানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, পাল্টা রাহুলের

রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, সিবিএসই পরীক্ষার ফলাফল ব্যাপক অনিয়মের কারণে কলঙ্কিত হয়েছে।

Dharmendra Pradhan on rahul
কংগ্রেসকে নিশানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (ফাইল ছবি)
author img

By PTI

Published : May 28, 2026 at 3:38 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 28 মে: সিবিএসই (CBSE) পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম সংক্রান্ত রাহুল গান্ধির অভিযোগের পাল্টা কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির কড়া সমালোচনা করতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, "রাহুল গান্ধি হতাশাগ্রস্ত ৷ প্রযুক্তিগত অগ্রগতির বিরোধী ৷"

বুধবার রাহুল গান্ধি অভিযোগ করছিলেন, সিবিএসই পরীক্ষার ফলাফল ব্যাপক অনিয়মের কারণে কলঙ্কিত হয়েছে ৷ তিনি এই পুরো কেলেঙ্কারির নেপথ্যের সত্য উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত এবং একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনেরও দাবি জানান ৷ তিনি আরও অভিযোগ করেন, তেলেঙ্গানার এক বিতর্কিত অতীত রয়েছে এমন সংস্থাকে সিবিএসই উত্তরপত্র ডিজিটাল পদ্ধতিতে মূল্যায়নের চুক্তি দেওয়া হয়েছিল ৷

এদিন পাল্টা ধর্মেন্দ্র প্রধান বলেন, "সিবিএসই এই বিষয়ে তাদের বক্তব্য পেশ করেছে ৷ আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, যদি কোনও অনিয়ম ধরা পড়ে, তবে কাউকেই রেয়াত করা হবে না ৷" রাহুল গান্ধিকে নিশানা করে শিক্ষামন্ত্রী বলেন, "লোকসভার বিরোধী দলনেতাকে ধারাবাহিক নির্বাচনী পরাজয়ের কারণে হতাশাগ্রস্ত মনে হচ্ছে।" তিনি রাহুল গান্ধির বিরুদ্ধে সংস্কারমূলক পদক্ষেপ এবং প্রযুক্তিগত অগ্রগতির বিরোধিতা করার অভিযোগও তোলেন।

ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, "তবে রাহুল গান্ধির বিষয়টি যদি ধরি, তবে মনে হচ্ছে তিনি এক ভিন্ন মানসিক অবস্থায় মধ্যে রয়েছেন ৷ ধারাবাহিক নির্বাচনী পরাজয়ের কারণে তাঁকে বেশ হতাশ মনে হচ্ছে ৷ তিনি জিএসটি-র (GST) বিরোধিতা করেছিলেন, তিনি ইভিএম (EVM)-এর বিরোধিতা করতেন এবং তিনি 'ডিজিটাল ইন্ডিয়া'রও বিরোধিতা করেছিলেন ৷ দেখে মনে হয় না যে তিনি ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির পক্ষে অবস্থান নেন ৷" ধর্মেন্দ্র প্রধান আরও জানান, শিক্ষার্থী এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে রাজনীতিকরণ করা উচিত নয় ৷

তিনি বলেন, "এই নির্দিষ্ট বিষয়টির ক্ষেত্রে বলতে গেলে, সরকারের পক্ষ থেকে সৃষ্ট যে কোনও অসুবিধার দায়ভার আমি নিজেই গ্রহণ করছি ৷ আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে, এটি রাজনীতির সময় নয়। আমি আগেও একথা বলেছি ৷ রাজনীতির সুযোগ পরেও পাওয়া যাবে ৷" মন্ত্রী যোগ করেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের মানসিক চাপ যেন আর না বাড়ে। আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যেন কারোর কথা বা আচরণ তাদের মানসিক চাপকে আরও বাড়িয়ে না তোলে ৷"

শিক্ষামন্ত্রীকে পাল্টা দেন রাহুল গান্ধি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ধর্মেন্দ্র প্রধানজি, আপনি যত খুশি আমাকে আক্রমণ করতে পারেন, কিন্তু তাতে অপরাধ থেকে আপনি মুক্তি পাবেন না। সাড়ে 18 লক্ষ ছাত্রছাত্রীর জন্য জবাবদিহি চাওয়া থেকেও আমাকে থামাতে পারবে না।

তিনি আরও লেখেন, সিবিএসই ওএসএম-এর চুক্তিটি কেন কোয়েম্পট-কে দেওয়া হয়েছিল—যে সংস্থাটি তার পুরোনো নাম গ্লোবারেনা-র অধীনেই বিতর্কে জর্জরিত ছিল ? কার নির্দেশে এটা করা হয়েছিল? কেন ব্যাকগ্রাউন্ড চেক করা হয়নি? কোয়েম্পট-এর ম্যানেজমেন্টের সঙ্গে মোদি সরকারের কী সম্পর্ক ? হয় আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেই কাজটি এগিয়ে নিয়েছেন—নয়তো একেবারেই করেননি। উভয় ক্ষেত্রেই, আপনি এই অপরাধে জড়িত। আর দায়িত্বের কথা বলতে গেলে—প্রধানমন্ত্রীর যদি সত্যিই কোনও পরোয়া থাকত, তবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার জন্য তিনি আপনাকে অনেক আগেই বরখাস্ত করতেন।

সিবিএসই-ও জানিয়েছে যে, তাদের 'অন-স্ক্রিন মার্কিং' (OSM) ব্যবস্থাটি একটি 'নিরাপদ ও শক্তিশালী আইটি প্ল্যাটফর্ম'-এর উপর ভিত্তি করে পরিচালিত হয়। বোর্ড আরও জানায় যে, এই প্ল্যাটফর্মটি 'তালিকাভুক্ত নিরাপত্তা নিরীক্ষক সংস্থাগুলোর মাধ্যমে পরীক্ষিত'। এছাড়া উত্তরপত্রগুলোর নিরাপদ স্ক্যানিং ও প্রক্রিয়াকরণের লক্ষ্যে এতে একাধিক গুণমান যাচাই ও সুরক্ষাব্যবস্থা সম্বলিত একটি 'শক্তিশালী ডিজিটাল পরিকাঠামোর' সহায়তা নেওয়া হয়েছে ৷