তলপেটে গভীর ক্ষত, ভাঙা হয় মেরুদণ্ড; অ্যাঞ্জেলের ময়নাতদন্ত রিপোর্টে নির্যাতন স্পষ্ট
দেরাদুনে নির্মমভাবে হত্যা করা হয়েছে ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমাকে ৷ ময়নাতদন্তে নিশ্চিত ধাতব রড এবং ছুরির আক্রমণে চাকমার মেরুদণ্ড-মাথায় মারাত্মক আঘাত ৷

Published : January 11, 2026 at 12:04 PM IST
দেরাদুন, 11 জানুয়ারি: নৃশংসভাবে খুন করা হয়েছে ত্রিপুরার ছাত্রকে ৷ দেরাদুনে পড়তে এসে বর্ণবিদ্বেষের জেরে খুন হতে হয় 24 বছরের অ্যাঞ্জেল চাকমাকে ৷ এমনটাই অভিযোগে জানিয়েছিলেন ছাত্রের বাবা ৷ তাঁর ছেলেকে যে নির্মমভাবে মারা হয়েছে, তা প্রমাণ হল ময়নাতদন্তের রিপোর্টে ৷
SIT-র সিও ভাস্কর শাহ জানান, ত্রিপুরার ছাত্রের অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর কারণ মাথায় জোরালো আঘাত । তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন ধাতব ব্রেসলেট দিয়ে তাঁর মাথায় আঘাত করে ৷ অন্যজন তাঁকে তলপেটে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে অ্যাঞ্জেলের মৃত্যু হয়েছে ৷

বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট-
- ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, অ্যাঞ্জেল চাকমাকে নৃশংসভাবে খুন করা হয়েছে । তাঁকে ধাতব রড এবং ছুরি দিয়ে আক্রমণ করা হয়, যার ফলে তাঁর ঘাড়, মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে । এমনকী মেরুদণ্ডও ভেঙে গিয়েছে বছর চব্বিশের যুবকের ৷ অ্যাঞ্জেল চাকমার ঘাড়ের ডান পাশে 12.5 সেন্টিমিটার লম্বা ক্ষত ছিল ৷ যার জন্য 13টি সেলাই পড়ে ৷
- তলপেটে 3 সেন্টিমিটার ক্ষত পাওয়া গিয়েছে ৷ যার জন্য 3টি সেলাই করা হয় । ডান কাঁধেও 1 সেন্টিমিটারের ক্ষত দেখা গিয়েছে । পাশাপাশি, অ্যাঞ্জেলের মেরুদণ্ড এবং তার কর্ডেও গুরুতরভাবে চোট ছিল ৷ মেরুদণ্ডের C2, C3 এবং C5 অংশে ফ্র্যাকচার পাওয়া যায় । চিকিৎসার সময়, C2 এবং C3 অংশেও ইমপ্ল্যান্ট স্থাপন করা হয়েছিল ।
অভিযুক্তরা পুলিশি হেফাজতে
এখনও পর্যন্ত দেরাদুনে পড়াশোনা করতে ত্রিপুরার ছাত্র খুনের ঘটনায় ছয় অভিযুক্তের মধ্যে পাঁচজনকে এখনও গ্রেফতার করা হয়েছে । তাঁকে যে ছুরির কোপ বসিয়েছিল সেই নেপালি বাসিন্দা যজ্ঞরাজ অবস্তি এখনও পলাতক । তাকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে পুলিশের সদর দফতর । ধৃত পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে রাগারাগি ও সেখান থেকে অশান্তির মাঝে পরিস্থিতি এমনটা তৈরি হয় ৷

অ্যাঞ্জেল চাকমা হত্যাকাণ্ডের অভিযুক্তরা -
- অবিনাশ নেগি, হরিশ নেগির ছেলে (বয়স 25), দেরাদুনের সহসপুরের বাসিন্দা।
- অনিল খাওয়াসের ছেলে সুরজ খাওয়াস (বয়স 18), মূলত মণিপুরের, বর্তমানে দেরাদুনের প্যাটেল নগরে বসবাস করছেন।
- সুমিত, পেয়ারে লালের ছেলে (বয়স 25), দেরাদুনের তিলওয়ারির বাসিন্দা ৷
- দুই নাবালক (নাম ও পরিচয় জানায়নি পুলিশ) ৷
- যজ্ঞরাজ অবস্থি (বয়স 22), কাঞ্চনপুর, নেপালের বাসিন্দা (পলাতক)।
অ্যাঞ্জেলের সঙ্গে সেদিন কী হয়েছিল ? তরুণের বাবার অভিযোগ অনুযায়ী, ওই 5-6 জন যুবক আমার ছেলেকে 'চাইনিজ মোমো' বলে ডাকত ও অকথ্য ভাষায় গালিগালাজ করত ৷ ঘটনার দিনও এমনটাই হয়েছিল ৷ আমার আরেক ছেলে মাইকেল ও অ্যাঞ্জেল বাজার যাচ্ছিল ৷ ঠিক তখনই ছয়জন একটি বাইক ও স্কুটি করে এসে তাদের কাছে এসে থামে । সেই সময় অভিযুক্তরা মাইকেলকে কিছু বলে এবং ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় । অ্যাঞ্জেল এতে আপত্তি জানায় ৷ তারপর ওরা গালিগালাজ করতে শুরু করে ৷ পরিস্থিতি চরমে পৌঁছয় ৷ অ্যাঞ্জেল তাদের বারবার বলেছিল সে 'ভারতীয়, চিনা নয়' ৷ একথা শোনার পরও ওরা আমার ছেলেকে ছেড়ে দেয়নি ৷ পাল্টা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ৷ মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে ৷ সেলাকুই এলাকা থেকে অ্যাঞ্জলকে উদ্ধার করে মাইকেল তাকে হাসপাতালে ভর্তি করে ৷"
রাস্তায় রাস্তায় প্রতিবাদ- অ্যাঞ্জেল চাকমার খুনের ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল মানুষ । মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ত্রিপুরা-দেরাদুন-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৷ উত্তরাখণ্ড সরকার অ্যাঞ্জেল চাকমার পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ওই ছাত্রের বাবার সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন । পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মানুষের বিরুদ্ধে 'ঘৃণাজনিত অপরাধ' যাতে বন্ধ হয় তার চেষ্টা চালানোর আহ্বান জানান ৷

