ভোট মরশুমে জানুয়ারিতেই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে কলকাতা
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে কলকাতা ৷ রুট কলকাতা ও গুয়াহাটি ৷ জানুন রুট থেকে ভাড়া ৷

Published : January 1, 2026 at 3:42 PM IST
নয়াদিল্লি, 1 জানুয়ারি: বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে কলকাতা ৷ ভারতে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে কলকাতা-গুয়াহাটি (কামাখ্যা)-র মধ্যে ৷ বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান ৷
তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীঘ্রই কলকাতা ও গুয়াহাটির মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটির উদ্বোধন করবেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে চলাচলকারী এই বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া বিমান ভাড়ার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম হবে।

উল্লেখ্য, বর্তমানে হাওড়া-এনজেপি রুটে একজোড়া বন্দে ভারত ও একজোড়া শতাব্দী এক্সপ্রেস চলে ৷ এখনও পর্যন্ত দেশে বন্দে ভারতের কোনও স্লিপার কোচ নেই। এই প্রথম বাংলা ও অসমকে স্লিপার বন্দে ভারত দিচ্ছে কেন্দ্র। এদিন এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী বলেন, "বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবা আগামী 15-20 দিনের মধ্যে চালু হয়ে যাবে ৷"
First Vande Bharat sleeper train to run between Guwahati-Kolkata, PM Modi to flag off soon
— ANI Digital (@ani_digital) January 1, 2026
Read @ANI Story | https://t.co/puYMl1KwgV#VandeBharatSleeper #Guwahati #Kolkata pic.twitter.com/Kbu9SUgpRJ
তিনি তারিখও জানিয়ে দিয়েছেন ৷ অশ্বিনী বলেন, "সম্ভবত 18 বা 19 জানুয়ারি চালু হয়ে যাবে ভারতের এই সেমি বুলেট ট্রেন। আমরা প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছি যে, সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। আমি আগামী দুই-তিন দিনের মধ্যে ট্রেনটি চালু হওয়ার সঠিক তারিখ ঘোষণা করব।"রেলমন্ত্রী এদিন বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া কত তাও জানিয়ে দিন ৷ একাধিক সফল ট্রায়াল, প্রয়োজনীয় পরীক্ষা ও সার্টিফিকেশন সম্পন্ন হওয়ার পরই বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের জন্য চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, "গুয়াহাটি-হাওড়া বিমান পরিষেবার খরচ প্রায় 6 থেকে 8 হাজার টাকা।"

ভাড়া নিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, "বন্দে ভারত স্লিপার ট্রেনে, খাবার সহ থার্ড এসি (Third Class Air-Conditioned)-র ভাড়া হবে প্রায় 2300 টাকা ৷ সেকেন্ড এসি অর্থাৎ AC 2-Tier (2A)-র ভাড়া প্রায় 3000 টাকা ৷ ফার্স্ট এসি (First AC (1AC)-র ভাড়া প্রায় 3600 টাকা। এই ভাড়া মধ্যবিত্তদের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে। ট্রেনটি অত্যাধুনিক যাত্রী সুযোগ-সুবিধা দিয়ে সুসজ্জিত। আরামদায়ক স্লিপার বার্থ, স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক টয়লেটও রয়েছে।" মন্ত্রী জানান, নয়া এই ট্রেনে 16টি কোচ থাকবে ৷ তাতে সর্বাধিক 823 জন যাত্রী যাতায়াত করতে পারবেন ৷ ট্রেনের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় 180 কিলোমিটার ৷ তবে দু'টি শহরের মধ্যে প্রতি ঘণ্টায় 120-130 কিলোমিটার বেগে যাবে এই স্লিপার ট্রেন ৷

- পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া হয়ে যাবে বন্দে ভারত ৷
- অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙ্গাইগাও জেলা ছোঁবে ভারতের এই সেমি বুলেট ট্রেন ৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ এবং অসম দুটি রাজ্যেরই বিধানসভার মেয়াদ আগামী মে মাসে শেষ হচ্ছে ৷ আগামী মার্চ এবং এপ্রিল নাগাদ দু’টি রাজ্যেই রয়েছে নির্বাচন। তার আগে এই দুটি রাজ্য পাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন ৷ এর পাশাপাশি চলতি বছরেই আরও 12টি (6 জোড়া) বন্দেভারত স্লিপার কোচ দেশজুড়ে চালু হবে ৷ 2027 সালের অগস্টে বুলেট ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ৷ চেয়ার কার এবং বন্দে মেট্রোর পরে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন ।

বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকছে অ্যান্টি-কলিশন সিস্টেম এবং জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য টক-ব্যাক পরিষেবা। পাশাপাশি, কোচগুলিতে উন্নত জীবাণুনাশক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে। চালকের কেবিনে থাকছে অত্যাধুনিক কন্ট্রোল ও সুরক্ষা ব্যবস্থা। এরোডাইনামিক নকশা ও স্বয়ংক্রিয় বাহ্যিক দরজাও এই ট্রেনের অন্যতম আকর্ষণ।

