ইতালির উপ-প্রধানমন্ত্রী তাজানির সঙ্গে বৈঠক মোদির, উঠল সন্ত্রাসবাদ প্রসঙ্গ
বৈঠকের পর ভারত-ইতালি বন্ধুত্ব ক্রমাগত শক্তিশালী হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷

Published : December 11, 2025 at 10:33 AM IST
নয়াদিল্লি, 11 ডিসেম্বর: ইতালির উপ প্রধানমন্ত্রী তথা বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার ইতালি-ভারত যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-29-কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী ।
তিনদিনের ভারত সফরে রয়েছেন আন্তোনিও তাজানি ৷ একাধিক খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। তাঁর এই সফরে বড় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলও রয়েছে ৷ যা ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে ইতালি যে যথেষ্ট মনোযোগী তারই প্রতিফলন আন্তোনিওর এই সফর বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
Delighted to meet Italy’s Deputy Prime Minister & Minister of Foreign Affairs and International Cooperation, Antonio Tajani, today. Conveyed appreciation for the proactive steps being taken by both sides towards implementation of the Italy-India Joint Strategic Action Plan… pic.twitter.com/TrvkT8oCzG
— Narendra Modi (@narendramodi) December 10, 2025
আন্তোনিওর সঙ্গে বৈঠকের বিস্তারিত তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী মোদি এক্স-হ্যান্ডেলে লিখেছেন, "ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত।" তিনি আরও লিখেছেন, "বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা, উদ্ভাবন, প্রতিরক্ষা, মহাকাশ, সংযোগ, সন্ত্রাসবাদ দমন, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতালি-ভারত যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 বাস্তবায়নের জন্য উভয়পক্ষের নেওয়া সক্রিয় পদক্ষেপের আমি প্রশংসা করেছি।"
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, "ভারত-ইতালি বন্ধুত্ব ক্রমাগত শক্তিশালী হচ্ছে, যা আমাদের জনগণ এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য অত্যন্ত উপকারী।" তাঁর সফরের সময় তাজানি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন ৷ জয়শঙ্কর এক্স-এ লিখেছেন যে, তিনি এবং তাজানি যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার অধীনে রাজনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন, সামুদ্রিক বিষয়, গতিশীলতা, মহাকাশ, বাণিজ্য এবং বিনিয়োগ ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেছেন। তিনি আরও বলেন, "সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলায় যৌথ প্রচেষ্টারও প্রশংসা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, অন্যান্য আঞ্চলিক, বৈশ্বিক এবং বহুপাক্ষিক ঘটনাবলী নিয়ে আমাদের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।"
জয়শঙ্কর জোর দিয়ে জানিয়েছেন, ভারত-ইতালি সম্পর্ক অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি পারস্পরিক প্রতিশ্রুতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি নয়াদিল্লিতে সাম্প্রতিক সন্ত্রাসবাদী ঘটনার পর ইতালির সংহতির বার্তার জন্য ভারতের কৃতজ্ঞতাও জানান। এই আলোচনা পূর্ববর্তী গতিধারার উপর ভিত্তি করে গড়ে ওঠে, যার মধ্যে জি20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠকে ঘোষিত সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলার একটি যৌথ উদ্যোগও অন্তর্ভুক্ত ছিল।
জয়শঙ্কর আরও জানিয়েছেন, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর কাঠামোর মধ্যেও সন্ত্রাসবাদ মোকাবিলার প্রচেষ্টায় ইতালি ভারতের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে রয়েছে। নিরাপত্তা সহযোগিতা ছাড়াও, উভয় পক্ষ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত-সহ আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছে, যা এই অংশীদারিত্বের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক মাত্রাকে তুলে ধরে।

