ETV Bharat / bharat

মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা, সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে পোস্ট মোদির

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছায় ভরালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেইসঙ্গে 'দিদির' সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন ৷

CM MAMATA BANERJEE BIRTHDAY
মমতার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে মোদির পোস্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 5, 2026 at 12:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 5 জানুয়ারি: জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতি বছরই এই দিনে সৌজন্যবশত বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে থাকেন প্রধানমন্ত্রী । এবারও তার অন্যথা হয়নি ৷

সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা । আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি ।" যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

'অফিসিয়ালি' 1955 সালের 5 জানুয়ারি জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই হিসেবে 2026 সাল অর্থাৎ এবছর তিনি পা-রাখলেন 71-এ। মমতা বন্দ্যোপাধ্যায় সাতবার লোকসভায় নির্বাচিত হয়েছেন ৷ পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী ৷ বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর জন্মদিনের এই বিশেষ দিনটিকে ঘিরে প্রতি বছর দলের নেতা-কর্মীদের উৎসাহ থাকে তুঙ্গে। শুভেচ্ছার বন্যা বয়ে যায় কালীঘাটের বাড়িতে।

তবে মুখ্যমন্ত্রী তাঁর নিজের লেখা বই 'একান্তে'তে লিখেছেন যে, "মা'র কথানুযায়ী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম ৷ এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি ৷ আমি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায় ৷" কাজেই 5 জানুয়ারি তাঁর অফিসিয়াল জন্মদিন ৷ আর সেই অনুযায়ী তাঁর বয়স হল 71 বছর ৷ তবে যেহেতু এদিন তাঁর প্রকৃত জন্মদিন নয়, তাই এই জন্মদিন উদযাপনে পক্ষপাতী নন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে নেত্রীর জন্মদিন বলে কথা, স্বাভাবিকভাবেই দলীয় সমর্থক ও কর্মীদের এদিন উৎসাহ থাকে তুঙ্গে ৷

এদিকে সোমবার 'অফিসিয়াল' জন্মদিনেই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সফরে যাচ্ছেন । সেখানে দ্বীপ এলাকার বাসিন্দাদের স্বপ্নের গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন তিনি ৷ কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচি ও প্রশাসনিক বৈঠক রয়েছে মাননীয়ার । প্রায় ছয়বছর আগে মুড়িগঙ্গার উপর একটি সেতু তৈরির স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এজন্য একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য দরবার করে রাজ্য সরকার । অবশেষে সাগরদ্বীপের মানুষ এবং গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের কথা ভেবে নিজেই সেতু গড়তে উদ্যোগ নেন খোদ মুখ্যমন্ত্রী ।