ETV Bharat / bharat

দ্রুত সংঘাত বন্ধের আবেদন জানিয়ে নেতানিয়াহুকে ফোন মোদির, বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

রবিবার রাতে দিল্লিতে পৌঁছনোর পরই নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । মোদি ফোন করেন নেতানিয়াহুকেও ৷ দুবাইয়ে ইরানের হামলার তীব্র নিন্দাও করেন ৷

PM Modi Chairs CCS Meeting
সংঘাত বন্ধের আবেদন জানিয়ে নেতানিয়াহুকে ফোন মোদির (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 11:25 AM IST

4 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 2 মার্চ: ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলায় উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য রবিবার রাতেই নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্ত্রিসভা কমিটি সমস্ত বিভাগকে পরিস্থিতির উপর নজর রাখা এবং ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়ার কথা বলেছে ৷ দ্রুত সংঘাত বন্ধ করে সংলাপ ও কূটনীতিতে ফিরে আসার উপরও জোর দিয়েছে ভারত ৷

এছাড়াও ইরানের দুবাই হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ রবিবার রাতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেন ৷ জানান যে, এই কঠিন সময়ে সংহতির সঙ্গে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর পাশে থাকবে ।

রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু এবং পুদুচেরির দুই দিনের সফর শেষে রবিবার রাত সাড়ে ন'টায় মোদি দিল্লিতে পৌঁছনোর পরপরই নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সিসিএস বৈঠক হয়েছে ৷

18 ফেব্রুয়ারি ইরানে বিমান হামলা এবং পরবর্তী উত্তেজনা, যার মধ্যে বেশ কয়েকটি উপসাগরীয় দেশে হামলাও অন্তর্ভুক্ত রয়েছে, সেই বিষয়ে কমিটিকে অবহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "এই অঞ্চলে বৃহৎ ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি ৷" বৈঠকে এই অঞ্চলে যাতায়াতকারী সাধারণ ভারতীয় পর্যটক, শিক্ষার্থীদের অসুবিধা, সেইসঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের উপর কী কী প্রভাব পড়বে তা নিয়েও পর্যালোচনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, "সিসিএস সংশ্লিষ্ট সকল বিভাগকে এই ঘটনাবলীর ফলে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা করার জন্য প্রয়োজনীয় এবং সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি দ্রুত শত্রুতা বন্ধ করে সংলাপ ও কূটনীতিতে ফিরে আসার গুরুত্বের উপরও জোর দিয়েছে কমিটি ৷" সিসিএস সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর প্রধান সচিব পিকে মিশ্র এবং শক্তিকান্ত দাস, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, মন্ত্রিপরিষদ সচিব টিভি সোমনাথন এবং বিদেশসচিব বিক্রম মিস্রী উপস্থিত ছিলেন।

ইরানের দুবাই হামলার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার রাতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেন ৷ জানান যে, এই কঠিন সময়ে সংহতির সঙ্গে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর পাশে থাকবে ।

নরেন্দ্র মোদি দুবাইয়ে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা প্রদানের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি বলেছেন যে, নয়াদিল্লি উত্তেজনা হ্রাস, আঞ্চলিক শান্তি, সুরক্ষা এবং স্থিতিশীলতা সমর্থন করে ।

এক্স পোস্টে মোদি লেখেন, "সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট, আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছি । সংযুক্ত আরব আমিরশাহীর উপর হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলায় প্রাণহানির জন্য সমবেদনা জানাই । এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে থাকবে ৷ সেখানে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ । আমরা উত্তেজনা কমানো, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা সমর্থন করি ।"

অন্যদিকে, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার রাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ৷ অসামরিক নাগরিকদের নিরাপত্তার উপর তিনি বিশেষ জোর দেওয়ার পাশাপাশি দ্রুত এই হানাহানি বন্ধ করার কথাও বলেন ৷ প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই অঞ্চলে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। পরে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারত যথেষ্ট উদ্বেগ তাও তাঁকে জানানো হয়েছে ৷ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার হিসাবে দেখার কথা বলা হয়েছে ৷"

বর্তমানে, পশ্চিম এশিয়ার আকাশসীমা প্রায় বন্ধ । পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা বৃদ্ধির জেরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায়, কয়েক হাজার ভারতীয় দুবাই, দোহা এবং অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আটকে পড়েছেন ৷ অনেকেই সোশাল মিডিয়ায় ভারত সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন । ইরানে প্রায় 10,000 ভারতীয় নাগরিকের বাস ৷ আর 40,000-এরও বেশি ইজরায়েলে বাস করেন ভারতীয়রা। উপসাগরীয় ও পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় নয় লক্ষ ।