ETV Bharat / bharat

প্রথম বিশ্বনেতা হিসাবে সোশাল মিডিয়ায় 10 কোটি ফলোয়ার মোদির, অনেক পিছনে ট্রাম্প

ইনস্টাগ্রামে 10 কোটি ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী ৷ অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকেও এক্ষেত্রে বেশ কয়েক মাইল এগিয়ে রয়েছেন মোদি।

PM Modi followers on Instagram
ইনস্টাগ্রামে 10 কোটি ফলোয়ার ছাড়ালেন মোদি (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2026 at 10:08 AM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা এই মুহূর্তে যে তুঙ্গে তা একাধিক ক্ষেত্রে প্রমাণিত ৷ বিদেশ সফরে মোদি সাধারণত যে অভ্যর্থনা পান, তাও বেশ নজরকাড়া । এবার ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কতটা তা বুঝিয়ে দিল ইনস্টাগ্রামও । বিশ্বের প্রথম নেতা হিসেবে 10 কোটি ফলোয়ার ছুঁলেন তিনি ৷ উল্লেখযোগ্যভাবে, এক্ষেত্রে ট্রাম্পকেও পিছনে ফেলে দিয়েছেন মোদি ৷ দ্বিতীয়স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

বর্তমানে ইজরায়েল সফরে আছেন প্রধানমন্ত্রী ৷ এর মাঝেই জানা গেল, ইনস্টাগ্রামে 10 কোটি ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছেন তিনি ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে প্রথম বিশ্বনেতা এবং রাজনীতিবিদ হিসাবে উঠে এসেছে মোদির নাম ৷ 2014 সালে ইনস্টাগ্রামে অ্য়াকাউন্ট খুলেছিলেন প্রধানমন্ত্রী ৷ এরপর গত দশকে তাঁর অ্যাকাউন্টকে বিশ্ব নেতাদের মধ্যে সবচেয়ে সক্রিয় এবং ব্যাপকভাবে অনুসরণ করা ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মধ্যে একটিতে পরিণত করেছেন । প্ল্যাটফর্মে তাঁর সক্রিয় উপস্থিতিও ক্রমাগত প্রসারিত হয়েছে ৷ যা ভারত এবং বিদেশে থাকা মানুষদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম হিসাবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে ।

বিশিষ্ট আন্তর্জাতিক বা রাষ্ট্রনেতাদের মধ্যে প্রধানমন্ত্রী মোদি বর্তমানে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ারের অধিকারী । উল্লেখযোগ্যভাবে, এই প্ল্যাটফর্মে মোদির ফলোয়ার সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণেরও বেশি । প্রকৃতপক্ষে, পরবর্তী পাঁচজন প্রধান বিশ্বনেতার মোট ফলোয়ার সংখ্যা প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত ফলোয়ার সংখ্যার চেয়েও কম ।

PM Modi followers on Instagram
ইনস্টাগ্রামে কে কোথায় দাঁড়িয়ে (এএনআই)

এক নজরে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে বিশ্বনেতাদের ফলোয়ার সংখ্যা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- 10 কোটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- 4 কোটি 32 লক্ষ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো- 1 কোটি 50 লক্ষ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা- 1 কোটি 44 লক্ষ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান- 1 কোটি 16 লক্ষ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি- 64 লক্ষ

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রধানমন্ত্রী মোদির 106.2 ফলোয়ার রয়েছে, অন্যদিকে ফেসবুকে তাঁর ফলোয়ার 5 কোটি 40 লক্ষ । এই পরিসংখ্যানগুলি প্রধানমন্ত্রী মোদির বিস্তৃত বিশ্বব্যাপী নাগাল এবং শক্তিশালী সংযোগকেই তুলে ধরেছে ৷ বিশেষ করে বিশ্বব্যাপী তরুণ ও যুবদের মধ্যে তিনি কতটা জনপ্রিয় তাও এই পরিসংখ্যান থেকে স্পষ্ট ৷ আন্তর্জাতিক স্তরে তো বটেই এমনকী ভারতের মধ্যেও ইনস্টাগ্রামে ফলোয়ারের নিরিখে প্রধানমন্ত্রীর ধারে কাছে নেই অন্য রাজনৈতিক দলের কোনও নেতা-নেত্রী ৷ অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকেও এক্ষেত্রে বেশ কয়েক মাইল এগিয়ে রয়েছেন মোদি । দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর ফলোয়ার প্রায় 1 কোটি 61 লক্ষ ৷ কংগ্রেস সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধির ফলোয়ার প্রায় 1 কোটি 26 লক্ষ ৷