ETV Bharat / bharat

পুতিনের বাড়িতে ড্রোন হামলা, উদ্বিগ্ন মোদি

পুতিনের বাড়িতে 91টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার ৷ ঘটনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি জটিল হয়ে উঠল বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

RUSSIA
পুতিনের বাড়িতে ড্রোন হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী (ফাইল চিত্র)
author img

By PTI

Published : December 30, 2025 at 5:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার উত্তর মস্কোর নভগ্রোড এলাকায় পুতিনের বাড়িতে 91টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার ৷ ঘটনায় ইউক্রনকে দুষেছে পুতিনের দেশ ৷ এবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷

সোমবার রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ জানান, পুতিনের বাড়িতে সারারাত ধরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ৷ তবে সেদিনই এই অভিযোগ খারিজ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷ তাঁর প্রতিক্রিয়া ছিল, এই ধরনের মিথ্যা রাশিয়া আগেও বলেছে ৷ তাঁরা এসব বলতেই অভ্যস্ত ৷ ইউক্রেন এই ধরনের কোনও হামলার সঙ্গে জড়িত নয় ৷

মঙ্গলবার দুপুরে এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, "রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে হামলার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি ৷" রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "সকলের কাছে আমার অনুরোধ এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের উচিত সেদিকে মননিবেশ করা ৷ পাশাপাশি যে সমস্ত কাজ যুদ্ধবিরতির ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে সেসব আমাদের করা উচিত নয় ৷ "

2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া ৷ সেই থেকে দুটি দেশের মধ্য়ে যুদ্ধ চলছে ৷ আর কয়েকমাসের মধ্য়েই যুদ্ধের চার বছর পূর্তি হবে ৷ তার আগে রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে হামলা পরিস্থিতি যে জটিল করে তুলল তা নিয়ে সন্দেহের অবকাশ নেই ৷

RUSSIA
জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে দেখা করে জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায় (ফাইল চিত্র- এপি)

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়া-ইউক্রন যুদ্ধ বন্ধ করা নিয়ে একাধিক বড় উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বেশ কয়েকবার দুটি রাষ্ট্রের প্রধানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন ট্রাম্প ৷ যেদিন রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে তার অব্য়বহিত আগেও জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ ফোনে কথা বলেছেন পুতিনের সঙ্গেও ৷

জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে দেখা করে জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায় ৷ তবে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা দিতে হবে ৷ আগামী 50 বছর রাশিয়া যে ইউক্রেনে হামলা করবে না তা জানাতে হবে ৷ পাশাপাশি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হতে আমেরিকার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদেরও অনুরোধ করেছেন জেলেনস্কি ৷ তাঁর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, জেলেনস্কি সাহসী পদক্ষেপ নিয়ে যুদ্ধ বন্ধ করতে চান ৷ অন্যদিকে, পুতিনও যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইতিবাচক মানসিকতার পরিচয় দিয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ পুতিনকে তিনি বিশ্বাস করছেন বলেও জানিয়েছেন হোয়াইট হাউজের বাসিন্দা ৷ তবে অল্প সময়ের মধ্যেই সৌহার্দ্যের তাল কাটল ৷ পুতিনের বাড়িতে হামলা চলল বলে অভিযোগ ৷