ETV Bharat / bharat

কুয়েত-ওমান-কাতারের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা মোদির, ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

গত 48 ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ অশান্তি নিয়ে উদ্বেগে বিদেশমন্ত্রক ৷

pm-modi-
মধ্যপ্রাচ্যের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার (ইটিভি ভারত)
author img

By PTI

Published : March 3, 2026 at 7:13 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 3 মার্চ: মধ্যপ্রাচ্যের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার ৷ গত 48 ঘণ্টায় আরব থেকে শুরু করে কাতার, সৌদি আরব, জর্ডন, বাহারিন, কুয়েত এবং ওমানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সামরিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন ৷

এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে একটি লিখিত বিবৃতিও জারি করা হয়েছে ৷ তাতে লেখা হয়েছে, ভারত সংঘাতে জড়িয়ে পড়া সমস্ত পক্ষকেই শান্তি বজায় রাখতে বলেছে ৷ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে ৷ বিবৃতির একটি অংশে লেখা হয়েছে, "আমরা চাই সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত হোক ৷"

সাতটি পয়েন্টের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছে ভারত ৷ প্রথম পয়েন্টে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষে শুরু হওয়া যুদ্ধ ধীরে ধীরে বড় আকার নিচ্ছে ৷ একাধিক দেশ এই যুদ্ধের অংশ হয়ে উঠছে ৷ তার ফলে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ এ কথা উল্লেখ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, রমজানের পবিত্র মাসে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি দুর্ভাগ্যজনক ৷ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরিয়ে আনতে হবে ৷

দ্বিতীয় পয়েন্টে মোদি সরকার জানিয়েছে, ক্রমশ পরিধি বাড়তে থাকা সামরিক সংঘাতের জেরে জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে ৷ সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে অর্থনৈতিক পরিস্থিতির উপর ৷ একেবারে পাশাপাশি থাকা দেশগুলি একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে বলে নিরাপত্তা সংক্রান্ত বিষয় গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে ৷

তৃতীয় পয়েন্টে মধ্য়প্রাচ্যে থাকা প্রায় এক কোটি ভারতীয়র কথা উল্লেখ করেছে এস জয়শঙ্কেরর মন্ত্রক ৷ লেখা হয়েছে, ভারতীয়দের নিরাপত্তা দিল্লির কাছে সবচেয়ে দরকারি বিষয় ৷ তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সামান্যতম আশঙ্কা আছে এমন ঘটনাকেও ভারত কোনওভাবেই মেনে নেবে না ৷ বাণিজ্যের প্রশ্নেও এই এলাকা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ মধ্য়প্রাচ্যের ব্যাপক বিপর্য়য ভারতের অর্থনীতির জন্য বড় বিপদ ডেকে আনতে বাধ্য ৷ আরও বলা হয়েছে, পণ্যবাহী জাহাজের উপর নেমে আসা আক্রমণ ভারতের মতো এমন একটি দেশের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় যার জনসংখ্যার বড় অংশ বিশ্বের কর্মীবাহিনীর অংশ ৷ ইতিমধ্য়ে কয়েকজন ভারতীয় প্রাণ হারিয়েছেন ৷ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷

এরপর চতুর্থ পয়েন্টে সংঘাত শেষ করতে বিবাদমান সমস্ত পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ভারত ৷ পঞ্চম পয়েন্টে সংঘাতের জায়গায় থাকা ভারতীয়দের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত সরকার ৷ নিরাপত্তা থেকে শুরু করে অন্য যে কোনও প্রয়োজনে দূতাবাসগুলি ভারতীয়দের সাহায্য করবে বলে জানানো হয়েছে ৷ আর তাই যে কোনও প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে ৷ ষষ্ঠ ও সপ্তম পয়েন্টে সংঘাত প্রসঙ্গে নেওয়া প্রশাসনিক প্রস্তুতির কথা তুলে ধরে বলা হয়েছে । ভারত সরকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকারে সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাও খতিয়ে দেখছে ৷