ETV Bharat / bharat

হ্যান্ডস আপ নয়, স্টার্টআপ ! নোটবন্দির বর্ষপূর্তিতে তরুণদের কাছে টানতে নয়া কৌশল মোদির

বিহারে শেষ দফার প্রচারে গিয়ে একাধিক ইস্যুতে আরজেডি ও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ৷ ভোট চুরি নিয়ে রাহুলকে বিঁধলেন রাজনাথও ৷

MODI
নোটবন্দির বর্ষপূর্তিতে তরুণদের কাছে টানতে নয়া কৌশল মোদির (ছবি : পিটিআই)
author img

By PTI

Published : November 8, 2025 at 4:52 PM IST

4 Min Read
Choose ETV Bharat

পটনা, 8 নভেম্বর: ঠিক 9 বছর আগে 2016 সালের 8 নভেম্বর স্বাধীন ভারতের অন্যতম বড় আর্থিক সিদ্ধান্ত-নোটবন্দির ঘোষণা করেছিলেন ৷ শনিবার সেই সিদ্ধান্তের নবম বর্ষপূর্তিতে বিহারের সিতামারির সভা থেকে তরুণ ভোটারদের কাছে টানতে স্টার্টআপকে উৎসাহ দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, "নতুন বিহার বন্দুকের সামনে হ্যান্ডস আপ করতে চায় না ৷ তারা চায় রাজ্যে বেশি করে স্টার্টআপ হোক ৷"

পাটলিপুত্রের মসনদ দখলের লড়াইয়ের শুরু থেকেই বারবার জঙ্গলরাজের কথা বলে এসেছেন বিজেপির প্রায় সব নেতারা ৷ এদিনও মোদির ভাষণে ফিরে ফিরে এসেছে লালু-রাবড়ির শাসনের প্রসঙ্গ ৷ তিনি বলেন, "আরজেডির নেতারা প্রচারে গিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের বড় হয়ে রংবাজ হতে বলছেন ৷ এসব শুনে আমার ভয় লাগছে ৷ আমি জানি বিহার এমন একটা রাজ্য চায় না যেখানে বন্দুকের রাজ কায়েম হবে ৷ অপশাসন আর দুর্নীতি বাড়বে ৷ আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানেই শুনছি মানুষ বন্দুকের সরকার চায় না ৷ এনডিএ সরকার চায় ৷ এমন সরকার কেউ চায় না যেখানে বন্দুকের সামনে অসহায় হয়ে হ্যান্ডসআপ বলতে হবে ৷ মানুষ চায় সরকার শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যের পাশাপাশি স্টার্টআপকে গুরুত্ব দেবে ৷"

বৃহস্পতিবার প্রথম দফায় 121টি আসনে ভোট পড়েছে ৷ ভোটদানের হার 65.08 শতাংশ ৷ বিহারে এত পরিমাণে ভোট এর আগে কখনও পড়েনি ৷ এ কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "বিহারের ভোটাররা বিরোধীদের 65 ভোল্টের ধাক্কা দিয়েছেন ৷ তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে ৷" ভাষণের একটি অংশে প্রধানমন্ত্রী বিহার সরকারের জনপ্রিয় প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার কথা বলেন ৷

এই প্রকল্পে রাজ্যের মহিলাদের এককালীন 10 হাজার টাকা করে দিচ্ছে নীতীশ কুমারের সরকার ৷ টাকা ব্যবহার করে তাঁরা ব্যবসা শুরু করতে পারবেন ৷ পরে সমীক্ষা চালিয়ে সরকার দেখবে প্রকল্পে কাজের কাজ কতটা হল ৷ যদি দেখা যায় এই প্রকল্পটি সমাজের প্রান্তিক মানুষের আর্থিক পরিস্থিতিতে চোখে পড়ার মতো পরিবর্তন আনতে পেরেছে তাহলে মহিলাদের এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণও দেবে সরকার ৷

প্রধানমন্ত্রী মনে করেন, জঙ্গলরাজ থাকলে এই ধরনের কোনও প্রকল্প নেওয়া সম্ভব হত না ৷ এ প্রসঙ্গে রাজীব গান্ধির একটি মন্তব্যের প্রসঙ্গ আরও একবার উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ আটের দশকের শেষদিকে পশ্চিমবঙ্গের তৎকালীন বাম সরকারকে কটাক্ষ করে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধি বলতেন, বাংলার জন্য কেন্দ্রীয় সরকার এক টাকা পাঠালে তার মধ্যে মাত্র 15 পয়সা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছয় ৷ সে সময় পিএম টু ডিএম মাইনাস সিএম- কথাটি খুব জনপ্রিয় হয়েছিল ৷ মানে প্রধানমন্ত্রীর দিক থেকে আসা অর্থ সরাসরি জেলাশাসকের কাছে যাবে মুখ্যমন্ত্রীকে এড়িয়ে ৷ এ কথার উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তবে মন্তব্যের অভিমুখ ঘুরিয়ে কংগ্রেসকে দুষে তিনি জানান, হাত শিবির নিজেরাই দুর্নীতিতে লিপ্ত ৷

প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও একাধিক প্রসঙ্গে রাহুল গান্ধিকে আক্রমণ করেন ৷ রোহতস ও কাইমুর জেলার দুটি সভা থেকে রাজনাথের কটাক্ষ, রাহুল যদি সংখ্যালঘু থেকে শুরু করে তফশিলি জাতি ও উপজাতি মানুষদের কথা ভেবে উদ্বিগ্ন হন তাহলে তাঁর উচিত ছিল নিজে লোকসভার বিরোধী দলনেতা না হয়ে এরকম কাউকে পদে নিয়ে আসা ৷

অন্যদিকে, বিহার ভোট শুরুর একদিন আগে নতুন করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি ৷ 2024 সালের অক্টোবর মাসে হওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনে 25 লাখ ভোট চুরি হয়েছে বলে দাবি করেন রাজীব-তনয় ৷ রাজনাথের মতে এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই ৷ তিনি বলেন, "রাহুল বিহার ভোটের আগে ভোট চুরির কথা বলছেন ৷ তিনি যদি মনে করেন বিহারে ভোট চুরি হচ্ছে তাহলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন ৷ কিন্তু সে সব না করে শুধু মিথ্যা কথা বলে চলেছেন ৷ কোনওরকম ভিত্তি ছাড়াই নির্বাচন কমিশনের সমালোচনা করছেন ৷"

সম্প্রতি দেশে উচ্চবর্ণের মানুষের প্রভাবের কথা বোঝাতে গিয়ে রাহুল প্রতিরক্ষা বাহিনীর প্রসঙ্গ টেনে এনে দাবি করেন সশস্ত্র বাহিনীর মাত্র দশ শতাংশ সদস্য উচ্চবর্ণের ৷ কিন্তু তাঁরাই বাকিদের নিয়ন্ত্রণ করেন ৷ এদিন আরও একবার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন রাজনাথ ৷ তিনি মনে করেন, সশস্ত্র বাহিনী সমস্ত বিভাজনের উপরে ৷ এ ধরনের আলোচনায় সেনাবাহিনীকে টেনে আনা কখনওই উচিত নয় ৷ বিজেপি সরকার সংরক্ষণের পক্ষে ৷ প্রয়োজন এমন জায়গায় বিজেপি সংরক্ষণের ব্যবস্থাও করেছে ৷