ETV Bharat / bharat

খাড়গের জনসভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে তোপ রাহুলের, নিশানা প্রধানমন্ত্রীকে

লোকসভার বিরোধী দলনেতা জানান, কংগ্রেস উত্তরাখণ্ডের বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ৷ তবে, প্রধানমন্ত্রী মোদি নীরব ৷

Rahul Gandhi on PM Modi
খাড়গের সমাবেশ স্থল 'শুদ্ধিকরণ' নিয়ে রাহুলের দাবি (ফাইল ছবি)
author img

By PTI

Published : August 29, 2026 at 5:45 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 29 অগস্ট: চলতি মাসের শুরুর দিকে উত্তরাখণ্ডের হলদওয়ানিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষণ দেওয়া জনসভার স্থান 'শুদ্ধিকরণ' অনুষ্ঠান হয়েছিল ৷ এবার সেই ইস্যুতে শনিবার বিজেপি-আরএসএস-কে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি এই ঘটনাকে অপরাধ বলে অভিহিত করেছেন ৷ একই সঙ্গে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া উচিত বলেও দাবি করেছেন রাহুল।

দিল্লির ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন, বিজেপি-আরএসএস কর্মীরা অস্পৃশ্যতা নিয়ে চর্চা করেন ৷ যা সংবিধান অনুযায়ী শুধু নিষিদ্ধ নয়, এটি একটি অপরাধও ৷ কংগ্রেস নেতা বলেন, "হলদওয়ানিতে শুদ্ধিকরণের ঘটনাটি বিজেপি-আরএসএস-এর মানসিকতাকেই তুলে ধরে ৷ তারা চায় না দলিতরা উঠে আসুক বা সফল হোক।" তিনি আরও জানান, ভারতের সংবিধানে অস্পৃশ্যতা নিষিদ্ধ, অথচ ওই শুদ্ধিকরণের ঘটনাটি অস্পৃশ্যতা চর্চারই নামান্তর, যা অপরাধ।

রাহুল বলেন, "মল্লিকার্জুন খাড়গের মতো একজন প্রবীণ নেতার বিরুদ্ধে যদি এমন কাজ হয়, তবে ভাবুন স্কুলের কোনও চার বছরের শিশুর সঙ্গে কী করা হতে পারে ?" বিরোধী দলনেতা আরও জানান, কংগ্রেস উত্তরাখণ্ডের বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদির নীরবতার কারণ হলো তাঁর নিজস্ব মতাদর্শ। তিনি বলেন, "আমরা কংগ্রেস সভাপতির জন্যও ন্যায়বিচার দাবি করছি। উত্তরাখণ্ডের ঘটনায় কংগ্রেস সভাপতিকে ন্যায়বিচার দেওয়া হোক। খাড়গে যাতে ন্যায়বিচার পান, তা নিশ্চিত করা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দায়িত্ব।"

অন্যদিকে, উত্তরাখণ্ড বিজেপি প্রধান মহেন্দ্র ভাট এই "শুদ্ধিকরণ"-এর যৌক্তিকতা তুলে ধরে বলেন, "জনসভার সময় হিন্দু ধর্মের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল বলেই পাল্টা এই শুদ্ধিকরণ করা হয়েছিল।" পাল্টা রাহুল গান্ধি উত্তরাখণ্ড বিজেপি প্রধান মহেন্দ্র ভাটের বিরুদ্ধে শুদ্ধিকরণের ঘটনাটিকে সমর্থন করা নিয়েও কটাক্ষ করেছেন ৷ তিনি জানান, এই "অপরাধ" সংঘটিত হওয়ার 20 দিন পেরিয়ে গেলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। রাহুলের কথায়, "যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি সব বর্ণের মানুষের প্রতিনিধি এবং দেশের প্রধানমন্ত্রী, অথচ তাঁর দলের উত্তরাখণ্ড শাখার প্রধান এই শুদ্ধিকরণকে সমর্থন করছেন।"

রাহুল দাবি করেন, আরএসএস-এর লোকেরাই এই কাজ করেছে এবং প্রধানমন্ত্রীর উচিত এদের বিরুদ্ধে এসসি/এসটি (SC/ST) আইনের আওতায় এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া। তিনি জোর দিয়ে জানান, সভাপতির জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে কংগ্রেস। রাহুলের কথায়, "দুটি আদর্শের মধ্যে লড়াই চলছে—একদিকে বিআর আম্বেদকর, মহাত্মা গান্ধি ও জওহরলাল নেহরুর মতো নেতাদের দেওয়া সংবিধান, অন্যদিকে বিজেপি-আরএসএস ৷ হাজার বছর ধরে দলিতদের উপর হিংসা চালানো হয়েছে। সংবিধান অনুযায়ী এটি বেআইনি, কিন্তু আজও স্কুলে দলিত শিশুদের দিয়ে শৌচাগার পরিষ্কার করানো হয়। এটাই দেশের বাস্তবতা ৷"

রাহুল বলেন, "এটি অস্পৃশ্যতারই অন্য নাম। বিজেপির লোকজন অস্পৃশ্যতা নিয়েই বেশি চর্চা করে। যখন তারা 'শুদ্ধিকরণ' করে, তখন বলে দলিতরা স্পর্শ করতে পারবে না ৷ কারণ তারা অপবিত্র ৷ হলদওয়ানিতে খাড়গেজির সমাবেশের দুদিন পর, 10 অগস্ট তারা শুদ্ধিকরণ করেছিল। 13 অগস্ট খাড়গেজি সংসদেও বিষয়টি উত্থাপন করেছিলেন ৷"