ETV Bharat / bharat

দোষীদের রেয়াত নয়, দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করে বললেন মোদি

দু'দিনের ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ ফিরে এসে বুধবার এলএনজেপি হাসপাতালে লালকেল্লার সামনা বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে যান তিনি ৷

PM Modi Visits LNJP Hospital
দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি (ছবি: পিটিআই)
author img

By PTI

Published : November 12, 2025 at 5:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 12 নভেম্বর: দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দু'দিনের ভুটান সফরে গিয়েছিলেন তিনি ৷ বুধবার সেখান থেকে ফিরেই সরাসরি লাল নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (LNJP Hospital)-এ পৌঁছন প্রধানমন্ত্রী ৷ আহতদেরকে আশ্বস্ত করে জানালেন, দোষীদের রেয়াত করা হবে না ৷

আহতদের সঙ্গে কথা তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী ৷ দায়িত্বে থাকা সকল চিকিৎসক এবং হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ এর আগে ভুটান সফরে থাকাকালীন দিল্লির ঘটনায় শোকপ্রকাশ করেন মোদি ৷ সেই সঙ্গে বিদেশের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারির সুরে জানান, বিস্ফোরণের নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীরা কেউ পার পাবে না ৷

PM Modi Visits LNJP Hospital
হাসপাতালের আধিকারিক এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মোদি (ছবি: পিটিআই)

থিম্পু থেকে মোদি বলেন, "দিল্লিতে এক দুঃখজনক ঘটনা ঘটেছে ৷ নিহতদের পরিবারের দুঃখ আমি বুঝতে পারছি ৷ আমিও ভারাক্রান্ত মন নিয়েই এখানে এসেছি ৷ সারা দেশ ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে আছে ৷" এরপর তিনি বলেন, "দেশের তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ৷ ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের রেয়াত করা হবে না ৷"

মঙ্গলবার দু'টি পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠকের পর তিনি জানান, ঘটনার তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তদন্তভার পাওয়া মাত্রই বুধবার 10 সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷ সূত্রের খবর, দলের নেতৃত্ব দেবেন এনআইএ এডিজি বিজয় সাখারে ৷ বিশেষ এই দলে একজন আইজি, 2 জন ডিআইজি, 3 জন এসকপি এবং বাকি ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা থাকবেন ৷

PM Modi Visits LNJP Hospital
দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন মোদি (ছবি: পিটিআই)

উল্লেখ্য, দিল্লির বিস্ফোরণে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত 20 জন ৷ মৃতদের মধ্যে 8 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে ৷ বাকিদের শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন অমিত শাহ ৷ সেই সঙ্গে, আহতদের সঙ্গে দেখা করার জন্য এলএনজেপি হাসপাতালেও যান তিনি ৷ ঘটনার জেরে দেশের একাধিক রাজ্য হাই-অ্যালার্ট জারি করা হয় ৷ এদিকে ভুটান সফরে গেলেও এই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বজায় রাখেন প্রধানমন্ত্রী ৷

PM Modi Visits LNJP Hospital
বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী (ছবি: পিটিআই)

এদিকে মঙ্গলবারের বৈঠকে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদের কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেন অমিত শাহ ৷ জানা গিয়েছে, ঘটনার তদন্তে অন্তত 1000টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ সেই সঙ্গে দিল্লির বিভিন্ন প্রান্তে সোশাল মিডিয়ায় সন্দেহজনক গতিবিধিও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় লালকেল্লা, চাঁদনি চক এবং পার্শ্ববর্তী এলাকায় সচল থাকা সমস্ত মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে ৷

পড়ুন: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে কাশ্মীর থেকে আটক আরও এক চিকিৎসক