দেশজুড়ে শুরু বিনামূল্যে HPV টিকাকরণ অভিযান, সূচনা প্রধানমন্ত্রীর
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে জরায়ুমুখে ক্যানসারের টিকাকরণ নিয়ে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে । শনিবার শুরু হল 9-14 বছর বয়সি মেয়েদের HPV টিকা দেওয়ার অভিযান ৷

Published : February 28, 2026 at 1:36 PM IST
আজমেঢ়, 28 ফেব্রুয়ারি: সার্ভিক্য়াল ক্যানসারের প্রতিরোধে টিকাকরণ শুরু হল দেশে ৷ শনিবার দেশব্যাপী HPV (হিউম্যান প্যাপিলোমাভাইরাস) টিকাকরণ অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 14 বছর বয়সি মেয়েদের HPV টিকা দেওয়ার অভিযানে এদিন বেশ কয়েকজন কিশোরীর সঙ্গে বাক্য-বিনিময় করেন মোদি ৷ রাজস্থানের আজমেঢ় থেকে দেশে শুরু হল এই HPV টিকাকরণ অভিযান ৷
ভারতীয় মহিলাদের শরীরে সর্বাধিক যে ধরনের ক্যানসার বাসা বাঁধে, তাতে একেবারে দ্বিতীয় স্থানে সার্ভিক্যাল ক্যানসার ৷ প্রতি বছর সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হন 1.25 লক্ষ মহিলা ৷ যার মধ্য়ে মৃত্যু হয় অন্তত 75 হাজার ৷ সার্ভিক্যাল ক্যানসারের 85 শতাংশই HPV সংক্রমণ থেকে ঘটে। এই অভিযানের সূচনা হওয়ার পর মেয়েদের যাতে টিকাকরণের জন্য নিয়ে যাওয়া হয়, তার জন্য় অভিভাবক ও মা-বাবাদের আর্জি জানানো হবে ৷ সূত্রের খবরে এমনটাই জানা গিয়েছে ৷ যত শীঘ্র টিকা নেওয়া যাবে, তত বেশি প্রতিরোধ গড়ে তোলা যাবে সার্ভিক্যাল ক্যানসারের বিরুদ্ধে ৷

এই কর্মসূচির লক্ষ্যবস্তু হবে প্রতি বছর সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে 14 বছর বয়সি প্রায় 1.15 কোটি মেয়ে। সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে জরায়ুমুখ ক্যানসারের টিকাকরণ নিয়ে নতুন কর্মসূচিও নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের একজন মুখপাত্র বলেন, "নির্ধারিত সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে ৷" এতে সার্ভিক্যাল ক্যানসারের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে আশাবাদী স্বাস্থ্যবিদরা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গত 25 ফেব্রুয়ারি সকল রাজ্যে একটি সরকারি বার্তা পাঠিয়েছে ৷ যেখানে বলা হয়েছে, "দেশজুড়ে 14 বছর বয়সি সকল মেয়েকে আয়ুষ্মান আরোগ্য মন্দির (প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র), কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, উপ-জেলা ও জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-সহ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে 'গার্ডাসিল 4' টিকার সিঙ্গল ডোজ দেওয়া হবে।"
এই অভিযান চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভারত বিশ্বের 160টি দেশের মধ্যে HPV টিকাকরণে তালিকায় যোগ দিল। আগে যে দেশে এই টিকাকরণ দেওয়া শুরু হয়েছে, সেই দেশগুলিতে ইতিমধ্যেই HPV সংক্রমণ, প্রাক-ক্যানসারজনিত ক্ষত এবং জরায়ুমুখের ক্যানসারের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমেছে ৷
চলতি বছর এই প্রথম প্রধানমন্ত্রীর রাজস্থান সফর ৷ তিনি তিনি কায়াদ বিষ্ণু স্থলিতে একটি জনসভায় ভাষণ দেন ৷ এইখানেই তিনি রাজ্যের জন্য 16 হাজার 686 কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী এদিন নগর ও গ্রামীণ উন্নয়ন, রাস্তাঘাট, রেলপথ, সেচ, প্রযুক্তি এবং শিল্প প্রবৃদ্ধি সম্পর্কিত একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাউ কিষাণরাও বাগদে এবং বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর এই সমাবেশে উপস্থিত রয়েছেন ৷ চারিদিকে নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো ৷

