রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক রিজিজুর, সংসদে অচলাবস্থা কাটাতে অনুরোধ
বাদল অধিবেশনের বাকি সময়টুকু যাতে সুষ্ঠুভাবে চলে, সেজন্য তিনি রাহুলের সহযোগিতা চেয়েছেন বলে খবর ৷ বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধি ও কেসি বেণুগোপালও ছিলেন।

By PTI
Published : August 5, 2026 at 9:07 PM IST
নয়াদিল্লি, 5 অগস্ট: সংসদে অচলাবস্থা কাটাতে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ৷ বাদল অধিবেশনের বাকি সময়টুকু যাতে সুষ্ঠুভাবে চলে, সেজন্য তিনি রাহুলের সহযোগিতা চেয়েছেন বলে খবর ৷ পাশাপাশি আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) ও নারী সংরক্ষণ বিল ফের পেশ করার বিষয়টি নিয়েও বুধবার বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করেন রিজিজু ৷ তবে রাহুলের তরফে এ বিষয়ে কোনও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলে সূত্রের খবর ৷
তবে সূত্রের খবর, কোনও বিশেষ অধিবেশন ডাকার বিষয়টি নিয়ে এখনই ভাবছে না সরকার ৷ যদিও কোনও কোনও মহলে এমন আলোচনা চলছে ৷ কারণ 13 অগস্ট সংসদের অধিবেশন শেষ হতে এখনও এক সপ্তাহ বাকি। স্বাধীনতা দিবসের ছুটির পরপরই সরকার হয়তো স্বল্পমেয়াদী কোনও বিশেষ অধিবেশন ডাকতে পারে, এমন জল্পনাও রয়েছে।
এদিন রাহুল গান্ধির সঙ্গে প্রায় 50 মিনিটের বৈঠকে রিজিজু বর্তমান অধিবেশন বাড়ানো বা বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে কোনও বলেননি বলেই খবর ৷ তবে আসন পুনর্বিন্যাস ইস্যুতে বিরোধীদের অবস্থান কী, তা নিয়ে তিনি কংগ্রেস নেতার মতামত জানতে চেয়েছিলেন বলে সূত্র জানিয়েছে।
বৈঠকের জন্য রিজিজু সংসদ চত্বরে বিরোধী দলনেতার দফতরে গিয়েছিলেন ৷ সে সময় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধিও সেখানে উপস্থিত ছিলেন। পরে লোকসভায় কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈ এবং দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালও বৈঠকে যোগ দেন।
সূত্রের খবর, রাহুল রিজিজুকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংসদের কাজকর্ম স্বাভাবিকভাবে চালানোর জন্য দুটি বিষয় অপরিহার্য: প্রথমত, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হিংসা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি; এবং দ্বিতীয়ত, অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ চুরির অভিযোগ নিয়ে আলোচনা।
13 অগস্ট অধিবেশন শেষ হওয়ার আগেই এই অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিলটি পেশ করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। তবে সূত্র জানিয়েছে, 'ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যামেন্ডমেন্ট বিল, 2026' যখন আলোচনার জন্য ও পাশ করানোর লক্ষ্যে সংসদে পেশ করা হবে, তখন অমিত শাহ সেখানে বক্তব্য রাখবেন। সংসদের কার্যক্রমে অমিত শাহের অনুপস্থিতি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলে আসছেন।
গত 10 দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রিজিজু রাহুলের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার রাতে মন্ত্রী রাহুল গান্ধিকে ফোনও করেছিলেন। সূত্র জানিয়েছে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে রিজিজুর। জানা গিয়েছে, সরকারের অভিমত হলো— সংবিধান সংশোধনী বিল পাশের জন্য যেমন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়, ঠিক তেমনই 'ডিলিমিটেশন' বিল পাশের জন্যও যদি পর্যাপ্ত সংখ্যক দল সম্মত হয়, তবে নতুন বিলটি প্রস্তুত করতে খুব বেশি সময় লাগবে না।
বাজেট অধিবেশনে বিলটি পাশের আগের চেষ্টায় সরকার প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়েছিল। গত 20 জুলাই বাদল অধিবেশন শুরুর পর থেকে লোকসভায় একবারও 'প্রশ্নকাল' (Question Hour) সম্পন্ন করতে পারেনি। হট্টগোলের মধ্যেই কোনও আলোচনা ছাড়াই পাঁচটি বিল পাশ করা হয়েছে।
বিরোধী দলগুলো প্রথমে 'নিট' (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ চুরির অভিযোগ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। পরে তারা 'নিট' প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানায় এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ও বিবৃতি দাবি করে। বুধবারও লোকসভায় বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দু'টো পর্যন্ত মুলতবি করা হয়। পরে দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করে দেওয়া হয়। অধিবেশন শুরুর পরপরই লোকসভার স্পিকার ওম বিড়লা সদস্যদের নিজেদের আসনে বসার এবং 'প্রশ্নকাল' পরিচালনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

