ETV Bharat / bharat

সংসদের শীতকালীন অধিবেশনে SIR নিয়ে আলোচনার দাবি, অনড় তৃণমূল-সহ বিরোধীরা

আগামিকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ বিরোধীরা এসআইআর নিয়ে আলোচনার দাবিতে অনড় ৷ তাই উত্তপ্ত হতে অধিবেশন ৷

Parliamentary Winter Session
সংসদের শীতকালীন অধিবেশন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 30, 2025 at 5:02 PM IST

4 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 30 নভেম্বর: সরকার পক্ষ সহযোগিতা করলে বিরোধীরাও অধিবেশন চালাতে সহযোগিতা করবেন ৷ আগামিকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ তার আগে রবিবার সকালে সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এই মন্তব্য করলেন তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব অন্যান্য বিরোধী দলগুলিও ৷

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এসআইআর নিয়ে আলোচনা করতে দিতে হবে ৷ তিনি বলেন, "এর আগেও তৃণমূল এসআইআর, মনরেগার মতো ইস্যুগুলি নিয়ে আলোচনা চেয়েছি ৷ কিন্তু তখন এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি ৷ মাননীয় অধ্যক্ষ জানিয়েছেন, সরকার আলোচনা করতে চাইছে না ৷ সংসদ কি শুধু সরকারের ইচ্ছে অনুযায়ী চলবে ? তাহলে বিরোধীদের মূল্য কোথায় ?"

তিনি আরও বলেন, "আমরা বিরোধীদের জন্য আরও সময় চেয়েছি ৷ সব বিলগুলি স্ট্যান্ডিং কমিটি বা নির্বাচিত কমিটির কাছে পাঠাতে হবে ৷ আমরা জানিয়েছি, রুলে যে নোটিশের উল্লেখ রয়েছে, সেটা বিল পেশের সময় দিতে হবে ৷ আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে ৷"

এদিকে বিরোধীদের কথা শুনতে রাজি কেন্দ্রীয় সরকার, জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তিনি রাজনৈতিক দলগুলির কাছে সংসদের নিয়মকানুন মেনে চলার আর্জি জানিয়েছেন ৷ 1 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৷ চলবে 19 ডিসেম্বর পর্যন্ত ৷ এর মধ্যে অধিবেশনে দিন মাত্র 15 ৷ এই অধিবেশনে 14টি পেশ করবে কেন্দ্রীয় সরকার ৷

এদিন সকালে সংসদে সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, "কেউ বলেনি সংসদে কাজকর্ম হবে না বা হতে দেওয়া হবে না ৷ কয়েকজন নেতা এসআইআর নিয়ে গোলমাল করতে পারেন ৷ আমি সদর্থকভাবেই বলছি, আমরা বিরোধীদের কথা শুনতে প্রস্তুত ৷ সংসদ প্রত্যেকের ৷ এটা দেশের ৷ সংসদে প্রতিটি ইস্যু নিয়ে আলোচনার একটা ধরন আছে, নিয়ম আছে ৷ শীতকালীন অধিবেশন পরিচালনার জন্য আমরা বিরোধীদের সঙ্গে কথা বলব ৷ বিরোধীদেরও সহযোগিতা করা উচিত। সংসদের কাজকর্ম অচল করে দেওয়া উচিত নয় ৷"

শীতকালীন অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি রিজেজু ৷ তাঁর কথায়, "এসআইআর নিয়ে কিছু বলব না ৷ এসআইআর নিয়ে বিরোধী দলগুলি বৈঠকে কিছু বলেনি ৷ হয়তো বাইরে বলেছে ৷ কিন্তু একটি বা দু'টি দলের রায়কে পুরো বিরোধী শিবিরের বলে মানা যাবে না ৷ বিরোধীরা যদি ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে চায়, তাহলে সেটা বিবেচনা করে দেখা হবে ৷ কিন্তু কোনও একটি বিষয়ে আলোচনা হবে না ৷" তিনি জানিয়েছেন, এই সর্বদলীয় বৈঠকে 36টি রাজনৈতিক দলের 50 জন নেতা হাজির ছিলেন ৷

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'বন্দেমাতরম'-এর সার্ধ শতবর্ষ পূর্তি চলছে এই বছর ৷ সংসদে এই বিষয়ে আলোচনার করতে চায় কেন্দ্রীয় সরকার, জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ রিজিজু বলেন, "বন্দে মাতরম অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতে বন্দে মাতরম ধ্বনি তুলে লড়াই করেছি আমরা ৷ সারা দেশ এই ধ্বনিতে বিশ্বাস করে ৷ এটা রাজনৈতিক এজেন্ডা নয় ৷ এই গানের 150 বছর হচ্ছে ৷ আমি নিজে এই বিষয়টি সব রাজনৈতিক দলের কাছে উত্থাপন করব ৷"

এই বৈঠকের পর সমাজবাদী পার্টির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে,শীতকালীন অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা না হলে সংসদ অচল করে দেওয়া হবে ৷ বিহারের লোক জনশক্তি পার্টি (এলজেপি) নেতা অরুণ ভারতী বলেন, "আমরা উল্লেখ করেছি, দলিত সম্প্রদায়ের মানুষ কীভাবে এসআইআর-এর ফলে উপকৃত হয়েছে ৷"

উত্তরপ্রদেশের আজাদ সমাজ (কাঁসিরাম) পার্টির সাংসদ চন্দ্র শেখর আজাদ বলেন, "মোরাবাদে এক শিক্ষক নিজেকে শেষ করেছেন ৷ তিনি নোটে লিখে গিয়েছেন, তাঁর মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে ৷ তিনি প্রচণ্ড চাপের মধ্যে আছেন ৷ এই ধরনের প্রক্রিয়ার কী দরকার, যেখানে আমাদের শিক্ষকদের জীবন চলে যায় ৷ আমি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি ৷ আমরা এসআইআর-এর সময়সীমা বৃদ্ধির করার জন্য চেষ্টা করব ৷ আপনি এসআইআর-এর নামে ভোট চুরি করতে পারেন না ৷" এই অধিবেশনের বেশকিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার ৷