শিবির বদল জয়ললিতা-ঘনিষ্ঠর ! স্ট্যালিনের হাত ধরে ডিএমকেতে যোগ দিলেন পন্নিরসেলভম
জয়ললিতার অনুরাগী হিসেবে পরিচিত ছিলেন পন্নিরসেলভম ৷ আম্মার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি ৷

Published : February 27, 2026 at 2:50 PM IST
চেন্নাই, 27 ফেব্রুয়ারি: জয়ললিতার দল ছেড়ে স্টালিনের হাত ধরলেন 'আম্মা'র একদা স্নেহভাজন তথা তামিলনাড়ুর তিনবারের মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম ৷ এআইএডিএমকে প্রতিষ্ঠার পর থেকেই জয়ললিতার কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তিনি ৷ জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তিনি ৷ এ হেন সেলভমই এবার এআইএডিএমকে ছেড়ে শুক্রবার ডিএমকেতে যোগ দিলেন ৷
ডিএমকে সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের হাত ধরে শিবির বদল করেন সেলভম ৷ বিধানসভা নির্বাচনের আগে সেলভামের এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ এদিন চেন্নাইতে ডিএমকে সদর দফতর আন্না আরিভালায়মে স্টালিনের সঙ্গে দেখা করেন সেলভম। এরপরই ডিএমকেতে তাঁর আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি স্পষ্ট হয় ৷
রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, জয়ললিতার মৃত্যুর পর দলীয় কোন্দলের কারণে এআইএডিএমকের মধ্যে কয়েকটি গোষ্ঠী তৈরি হয়েছে। এআইএডিএমকে-এর সাধারণ সম্পাদক এডাপ্পাদি পালানিস্বামী দলের যাবতীয় নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছেন ৷ তিনি এনডিএ-র হয়ে 2026 সালের নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, জয়ললিতার ঘনিষ্ঠ বন্ধু তথা ছায়াসঙ্গী হিসাবে পরিচিত ছিলেন শশিকলাও এআইএডিএমকে থেকে বেরিয়ে এসেছেন ৷ সম্প্রতি তিনি নিজের দল গঠনের পর নয়া প্রতীক এবং পতাকাও প্রকাশ করেছেন। টিটিভি দিনাকরণ বিজেপির এনডিএ জোটের সঙ্গে হাত মিলিয়েছেন। এমনই নানা ঘটনার আবহে দলীয় সমীকরণে কার্যত একা হয়ে পড়েছিলেন পন্নিরসেলভম ৷ এরপরই তিনি ডিএমকে-কে বেছে নিলেন।
এডাপ্পাদি পন্নিরসেলভম স্পষ্টভাবে জানিয়েছিলেন, সেলভমকে দলে পুনরায় ফেরানো হবে না ৷ এরপর শশিকলার মতো সেলভমও একটি নতুন দল গঠন করবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু তিনি নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি ৷ বরং প্রকাশ্যে ডিএমকে-র প্রতি তাঁর আস্থার কথা জানিয়েছেন ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে দেখা করতে চান বলেও জানিয়েছিলেন। তিনি সম্প্রতি বলেছিলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনেও ডিএমকে সরকার গঠন করবে।" এরপরই, তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনা শুরু হয় তবে সেলভম যে কোনও সময় ডিএমকে-র সঙ্গে হাত মেলাবে ৷
এরমধ্যেই দেখা গিয়েছে সেলভমের সমর্থকরা একের পর এক ডিএমকে-তে যোগদান করেছে ৷ এরপর এদিন আন্না আরিভালায়মে স্টালিনের উপস্থিতিতে ডিএমকে-তে যোগ দিলেন সেলভমও । এর আগে, ডিএমকে-র প্রবীণ মন্ত্রী শেখরবাবুর সঙ্গে একই গাড়িতে আন্না আরিভালায়ম পৌঁছে ছিলেন । প্রয়াত মুখ্যমন্ত্রী এবং এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক জয়ললিতার একজন কট্টর সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন সেলভম । তিনবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি ।

