রথযাত্রায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু, পুলিশের গাফিলতি মানল সরকার
রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যুর নেপথ্যে পুলিশের ভূমিকা আছে বলে উঠে এল তদন্ত রিপোর্টে ৷ সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ ৷

By PTI
Published : November 8, 2025 at 9:08 PM IST
পুরী, 8 নভেম্বর: রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে মৃত্যুর নেপথ্য আছে পুলিশের গাফিলতি ৷ ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মী ও আধিকারিকরা নিজেদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন বলেই প্রাণ হারিয়েছেন তিন জন ৷ আহত হয়েছিলেন 20 জন ৷ বিস্তারিত তদন্তের পর পুলিশের 7 কর্মী ও আধিকারিকের বিরুদ্ধে পদক্ষপ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷
পুলিশের কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে সম্প্রতি ডিজিপিকে চিঠি লিখেছেন স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব ৷ সেখানে তিনি লেখেন ঘটনার তদন্ত করেছিলেন স্বরাষ্ট্র দফতরের আরেক অতিরিক্ত সচিব তথা ডেভেলপমেন্ট কমিশনার অনু গর্গ ৷ বিস্তারিত তদন্তে পুলিশ কর্মীদের ভূমিকা থেকে শুরু করে কীভাবে দুর্ঘটনাটি হল তা খতিয়ে দেখেছেন অনু ৷ তদন্তের পর দেখা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণ করার সময় যে তৎপরতা এবং দক্ষতা দেখানো দরকার ছিল তা দেখাতে ব্যর্থ হয়েছেন এই সাতজন ৷ তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ৷ তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত- এ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি ৷
রথযাত্রার সময় 29 জুন ভোর চারটের সময় মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরের সামনে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন ৷ পরে জানা যায় ঘটনায় তিনজনের প্রাণ গিয়েছে ৷ এরপরই তদন্ত শুরু করে 31 জুলাই স্বরাষ্ট্র দফতরে নিজের রিপোর্ট জমা দিয়েছেন তিনি ৷ তাতে অজয়কুমার পাধি, বিষ্ণুপ্রসাদ পাতিল, তাপসরঞ্জন দাস, কে কে নায়ক, প্রশান্ত কুমার সাউ, সুশান্ত কুমার সাউ এবং সারদা প্রসাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় ৷ রিপোর্ট জমা পড়ার পরও বেশ কয়েকমাস এ নিয়ে দফতরের মধ্যে বিস্তারিত আলোচনা হয় ৷ তারপরই ডিজিপিকে চিঠি লেখার সিদ্ধান্ত হয় ৷ ঘটনাচক্রে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির হাতেই স্বরাষ্ট্র দফতর ৷
আগেই এই ঘটনায় ক্ষমা চেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷ পাশপাশি একগুচ্ছ প্রশাসনিক পদক্ষেপও করে ওড়িশা সরকার ৷ পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন এবং পুলিশ সুপার বিনীত আগরওয়ালকে বদলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি দুই পুলিশ কর্তা ডিসিপি বিষ্ণু পাতিল এবং কমান্ড্যান্ট অজয় পাধিকেও সাসপেন্ড করা হয়েছে ৷ খুরদার জেলাশাসক চঞ্চল রানাকে পুরীর নয়া জেলাশাসক হিসাবে নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী ৷ পুরীর নয়া এসপি হয়েছেন পিনাক মিশ্র ৷ পদপিষ্টের ঘটনা কীভাবে ঘটল, তার প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ ডেভেলপমেন্ট কমিশনারের নেতৃত্বে এই তদন্ত হবে বলে তখনই জানা গিয়েছিল ৷ এবার সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হল ৷

