প্রধানমন্ত্রী মোদির মতো শক্তিশালী নেতার প্রয়োজন দেশের, যুবদের বার্তা দোভালের
বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়ালগ অনুষ্ঠানে দোভাল জানান, স্বাধীনতার জন্য পূর্বপুরুষেরা আত্মত্যাগ করেছেন ৷ দেশের যুব সমাজের তা ভুলে গেলে চলবে না ৷

By PTI
Published : January 10, 2026 at 5:44 PM IST
নয়াদিল্লি, 10 জানুয়ারি: শুধু সীমান্তে নয়, প্রতিটি ক্ষেত্রে দেশকে শক্তিশালী করে তুলতে হবে ৷ শনিবার বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠানে দেশের যুবসমাজকে এমনই বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ৷ তিনি জানান, পরাধীনতার বেদনাদায়ক ইতিহাসে বদল আনতে প্রতিরক্ষা, অর্থনীতি, শিক্ষা প্রভৃতি নানা ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে দেশকে । অনুষ্ঠানে উপস্থিত যুবদের 'ভবিষ্যতের নেতা' আখ্যা দিয়ে শক্তিশালী নেতৃত্ব তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন দোভাল ৷ এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উল্লেখ করেন ৷
এদিন ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দোভাল ৷ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3 হাজার যুবক-যুবতী যোগদান করেন ৷ বক্তব্যের শুরুতে দেশের স্বাধীনতা অর্জনে জাতির জনক মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং ভগত সিং-এর সংগ্রাম এবং আত্মবলিদানের প্রসঙ্গে তুলে ধরেন তিনি ৷
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, "আপনারা ভাগ্যবান স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন । আমি পরাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলাম । আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন ৷ অসংখ্য দুঃখ-কষ্ট ও প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন । স্বাধীনতার জন্য ফাঁসিকাঠে ঝুলতে হয়েছে ভগত সিংকে ৷ সারাজীবন দেশের জন্য উৎসর্গ করে দেন সুভাষচন্দ্র বসু ৷ দেশবাসীকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য সত্যগ্রহ করেন মহাত্মা গান্ধি ৷"
নিরাপত্তা উপদেষ্টা বলেন, "প্রতিশোধ ভালো শব্দ নয়, কিন্তু এট এক বিরাট শক্তির কেন্দ্র হয়ে উঠতে পারে । আমাদের ইতিহাসকে পুনরুদ্ধার করতে হবে ৷ এই দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে এটি শুধু সীমান্ত সুরক্ষার দিক থেকেই নয়, অর্থনীতি, সামাজিক উন্নয়ন, সব দিক থেকেই ফের মহান হয়ে উঠবে ৷"
নিরাপত্তা উপদেষ্টা বলেন, "একসময় আমাদের সমাজ বেশ উন্নত ছিল ৷ আমরা অন্য কোনও সভ্যতা বা তাদের মন্দিরে আক্রমণ করিনি ৷ কিন্তু, নিরাপত্তার বিষয়ে আমরা সচেতন ছিলাম না ৷ সেই কারণে, ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে । আমরা কি সেই শিক্ষা গ্রহণ করেছি ? এই সমস্ত বিষয়গুলি দেশের যুব সমাজকে ভুলে গেলে চলবে না ৷" তাঁর দাবি, নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠলেই বিশ্বের যে কোনও দেশে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে ৷ সুতরাং, প্রতিটি ব্যক্তিকে তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলেও জানান দোভাল ৷
নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এদিন উপস্থিত সকল যুবক যুবতীদের উদ্দেশ্যে দোভালের উপদেশ, "সিদ্ধান্ত গ্রহণ করতে শিখুন ৷ সেই সঙ্গে, সিদ্ধান্তগুলিতে অটল থাকার দৃঢ় বিশ্বাস রাখুন ৷ একটা কথা মনে রাখবেন, স্বপ্ন জীবন তৈরি করে না এবং তা একদিনে পূরণও হয় না ৷ স্বপ্ন কেবল জীবনকের দিক ঠিক করে দেয় ৷ সেই সমস্ত স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করতে হলে সিদ্ধান্তগুলিকে সঠিক প্রমাণ করতে হবে ৷" সেই সঙ্গে তিনি জানান, অনুপ্রেরণা ক্ষণস্থায়ী ৷ কিন্তু, শৃঙ্খলা দীর্ঘস্থায়ী ৷ সেই কারণে, অধ্যাবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

