ETV Bharat / bharat

হিজাব পরে কেনা যাবে না সোনা ! নির্দেশিকা জারি জুয়েলার্স ফেডারেশনের

নিরাপত্তার কারণে নয়া নির্দেশিকা জারি করল জুয়েলার্স ফেডারেশন ৷ হিজাব-বোরখা পরে কিংবা মুখ ঢেকে আর সোনা কিনতে পারবেন না গ্রাহকরা ৷

Representational Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 5:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পটনা, 7 জানুয়ারি: সোনা কিনতে হলে মুখ দেখাতে হবে ! এমনই নির্দেশিকা জারি করল বিহারের অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশন (এআইজেজিএফ) ৷ সংগঠনের রাজ্য সভাপতি অশোক কুমার ভার্মা জানান, নিরাপত্তার কারণে হিজাব-বোরখা পরে কিংবা মুখে গামছা ঢাকা দেওয়া অবস্থায় দোকানে প্রবেশ করলে গ্রাহকদের আর সোনা-রূপা বিক্রি করা হবে না ৷

তিনি বলেন, "সোনার গয়নার মূল্য বর্তমানে আকাশছোঁয়া ৷ এই মুহূর্তে 10 গ্রাম সোনা বিকোচ্ছে 1 লক্ষ 40 হাজার টাকায় ৷ সোনার পাশাপাশি রুপোর দামও ক্রমশ সাধারণ মানুষের হাতের নাগালে চলে যাচ্ছে ৷ বর্তমানে এক কিলো রুপোর দাম 2 লক্ষ 50 হাজার টাকা । দামের সঙ্গে সঙ্গে চুরি-ডাকাতির পরিমাণও অনেকটা বেড়ে গিয়েছে পাল্লা দিয়ে ৷ সমস্যাটা এখানেই ৷ মুখে ঢাকা দিয়ে কখনও বোরখা পরে, কখনও-বা হেলমেট পরে 4-5 জন গয়নার দোকানে ঢোকে আর ডাকাতি করে চলে যায় ৷ তাই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে ৷ "

অশোক জানান, বোরখা কিংবা হিজাব পরে ডাকাতি এবং দোকানের মালিককে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয় ৷ দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে ৷ তাঁর কথায়, "আগামিদিনে এই ধরনের ঘটনা যাতে এড়ানো সম্ভব হয়, সেই কারণে নির্দেশিকাটি জারি করা হয়েছে ৷ আমাদের উদ্দেশ্য বোরখা বা হিজাবের অসম্মান করা নয় ৷ বরং, আমার অনুরোধ কোনও মহিলা মুখ ঢেকে সোনা কিনতে এলে দোকানে এসে যেন তাঁরা মুখের ঢাকাটি সরিয়ে ফেলেন ৷ আমার আশা সাধারণ মানুষ আমার আবেদনটি বুঝে সহযোগিতা করবেন ৷"

শুধু মহিলারাই নন, জুয়ালার্স সংগঠনের এই নির্দেশিকা পুরুষদের উপরও কার্যকর ৷ আগামিদিনে হেলমেট কিংবা গামছা দিয়ে মুখ ঢাকা গ্রাহকদের সোনা বিক্রি করা যাবে না ৷ ধর্মীয় বাধ্যবাধকতা হিসাবে সংখ্যালঘু মহিলাদের হিজাব পরা প্রসঙ্গে ভার্মা জানান, তিনি বোরখার বিরোধী নন ৷ নয়া নির্দেশিকাটি সকলের জন্য প্রযোজ্য ৷ নির্দেশিকাটি নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের জন্য নয় বলেও স্পষ্ট করে দেন ৷

অশোক বলেন, "এই বিষয়ে পটনা শহরের পুলিশ সুপার (মধ্য) সঙ্গে আমার কথা হয়েছে ৷ তিনিও আমার সঙ্গে নির্দেশিকা নিয়ে সহমত পোষণ করেছেন ৷ প্রথমে বিহার রাজ্যেই নির্দেশিকার প্রয়োগ করা হচ্ছে ৷ তবে, বেশ কয়েকটি রাজ্যের কিছু জেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেও এই নিয়মটি বাস্তবায়ন করা হয়েছে ।" পাশাপাশি স্পষ্ট করে দেন, বিষয়টি নিয়ে বিতর্কের কোনও প্রশ্নই উঠছে না ৷ দোকানের কর্মীরা কেবল নিয়ম মেনে চলার জন্য গ্রাহকদের অনুরোধ করবেন ৷

উল্লেখ্য, চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মঙ্গলবার উত্তরপ্রদেশের ঝাঁসর সিপ্রি বাজার এলাকায় একই ধরনের একটি নির্দেশিকা জারি করেন গয়না ব্যবসায়ীদের সংগঠন ৷ প্রতিটি দোকানে সাইনবোর্ড টাঙিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মুখ ঢাকা অবস্থায় কাউকে দোকানে প্রবেশ করতে দেওয়া হবে না ৷

হিজাব নিয়ে কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে বিহার ৷ কয়েক সপ্তাহ আগে 15 ডিসেম্বর পটনায় আয়ূষ চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণের সময় এক সংখ্যালঘু মহিলা চিকিৎসকের মুখ থেকে হিজাল সরিয়ে দেওয়ায় বিতর্কের মুখে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় ৷ ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়ে চারিদিকে ৷ দেশজুড়ে বিতর্কের বিষয় হয়ে ওঠে ৷

পড়ুন: বোরখা না-পরে বাড়ি থেকে বেরনোয় স্ত্রী ও দুই কন্যাকে খুন ! গ্রেফতার ব্যক্তি