টাইগার আভি জিন্দা হ্যায় ! বিহারে ফের গর্জালেন চুয়াত্তরের 'পাল্টুরাম'
নীতীশ ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে মহাগঠবন্ধন ৷ 'পাল্টুরাম' তকমা পাওয়া প্রবীণ নেতা আরও একবার তাঁর রাজনৈতিক ক্যারিশমার অকাট্য প্রমাণ দিলেন ৷

Published : November 14, 2025 at 5:57 PM IST
পটনা, 14 নভেম্বর: বিধানসভা ভোটের আগে জেডি(ইউ-র সদর কার্যালয় থেকে শুরু করে বিহারের বিভিন্ন জায়গায় নীতীশ কুমারের নামে পোস্টার পড়েছিল, 'টাইগার আভি জিন্দা হ্যায়' ৷ অর্থাৎ বাঘ এখনও বেঁচে আছে ৷ এই পোস্টারের বক্তব্যকে বাস্তব করে দেখালেন জেডি(ইউ) প্রধান 74 বছর বয়সি নীতীশ ৷ শুধু কি বেঁচে থাকা, বিহারের মানচিত্র থেকে মহাগঠবন্ধনকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে বাঘের মতো যেন গর্জনও করলেন রাজনৈতিক জীবনের সায়াহ্নে এসে দাঁড়ানো এই কুড়মি নেতা ৷ যদিও রাজ্যের এক নম্বর দল হওয়া হল না জেডিইউ'র ৷
শুক্রবার ভোটগণনার সকালে প্রথম থেকে জেডি(ইউ)-র পাশাপাশি এনডিএ'র অন্য দলগুলি এগোতে থাকায় ফলাফলের গতিপ্রকৃতি স্পষ্ট হচ্ছিল একটু একটু করে ৷ শীতের বেলা গড়াতে পরিষ্কার হয়ে গেল, বিহারে এবার 'মোহে রং দে গেরুয়া' ৷ সন্ধ্যা পর্যন্ত পাটলিপত্রে সবচেয়ে বেশি আসনে হয় জিতেছে না হয় এগিয়ে রয়েছে বিজেপি ৷ তারপর দ্বিতীয় স্থানে নীতীশের জনতা দল ইউনাইটেড ৷ দশম বার সত্তরোর্ধ্ব নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ার দিকে আরও খানিকটা এগিয়ে গেলেন ৷ যদিও আনুষ্ঠানিত ঘোষণা হয়নি এখনও ! 243টি আসনের মধ্যে 94টি আসনে এগিয়ে বিজেপি ৷ 84টি আসনে জেডি(ইউ) ৷ বিরোধী মহাগঠবন্ধন 30 টি আসনেও এগিয়ে নেই ৷ সুতরাং, পটনায় ফের নীতীশ-রাজ ৷
2005 সাল থেকে তিনিই পটনার মসনদে ৷ মাঝে ন'মাসের বিরতি ছিল 2014-2015 সালে ৷ সে সময় মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর একদা অতিঘনিষ্ঠ জীতেন রাম মাঝি ৷ কিন্তু এবার ফের চালকের আসনে নীতীষই ৷ রাজ্যের পাশাপাশি কেন্দ্রেও এনডিএ সরকারের শরিক দলে জেডি(ইউ)-র অংশীদারি রয়েছে ৷
এবার দু'দফায় ভোট পড়েছে রেকর্ড সংখ্যায় ৷ ফলাফলও হল নজিরবিহীন ৷ এই জয় নিয়ে পটনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এনকে চৌধরী ইটিভি ভারতকে বলেন, "এই ফলাফল ঐতাহাসিক ৷ নীতীশ কুমারের উন্নয়নমূলক কর্মসূচি মানুষ গ্রহণ করেছে ৷ এটাই দেখা যাচ্ছে ৷ গ্রামাঞ্চলে গিয়ে দেখুন, জলের সরবরাহ রয়েছে ৷ 24 ঘণ্টা বিদ্যুৎ রয়েছে ৷ একটি গ্রামের সঙ্গে আরেকটি গ্রাম যাওয়ার পাকা রাস্তা হয়েছে ৷ বিশেষত মহিলারা কোনও না কোনও কাজে যুক্ত হয়েছেন ৷ এই ভোট সব রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা হয়ে থাকল ৷"

