আমেরিকায় প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হায়দরাবাদের তরুণীর দেহ, তামিলনাড়ু থেকে গ্রেফতার অভিযুক্ত
গোয়েন্দাদের অনুমান, 31 ডিসেম্বর সন্ধ্যা 7টার কিছু পরে নিকিতাকে খুন করে অর্জুন ৷ 2 জানুয়ারি নিকিতার নিখোঁজ ডায়েরি করে ভারতে পালিয়ে আসে সে ৷

Published : January 5, 2026 at 5:52 PM IST
হায়দরাবাদ, 5 জানুয়ারি: বছরের শুরুতেই আমেরিকায় এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ 3 জানুয়ারি মেরিল্যান্ডের কলাম্বিয়ায় প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার অ্যাপার্টমেন্ট থেকে নিকিতা গোদিশালার (27) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ সোমবার তামিলনাড়ু থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷
এদিকে হায়দরাবাদে নিজের বাড়িতে নিকিতার বাবা আনন্দ গোদিশালা সাংবাদিকদের জানান, তাঁর মেয়ের সঙ্গে অভিযুক্ত অর্জুন শর্মার কোনও সম্পর্ক ছিল না ৷ অর্জুন সবার কাছ থেকে টাকা ধার করত ৷ তিনি বলেন, "অর্জুন শর্মার সঙ্গে তার মেয়ের কোনও সম্পর্ক ছিল না ৷ তা কেবল বন্ধু ছিল ৷ দু'জনে আগে অন্য বন্ধুদের সঙ্গে একই বাড়িতে থাকত ৷ টাকার বিবাদের জেরেই তার মেয়েকে খুন করা হয়েছে ।" তিনি অর্জুনের কঠোর শাস্তির দাবি করেন ৷ পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তাঁর আবেদন, মেয়ে নিখিতার দেহ যত তাড়াতাড়ি সম্ভব হায়দরাবাদে নিয়ে আসা হয় ৷
হাওয়ার্ড কাউন্টি পুলিশ রবিবার জানিয়েছিল, ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল ওই অভিযুক্ত যুবক অর্জুন শর্মা (নিকিতার প্রাক্তন প্রেমিক) ৷ আমেরিকার এলিকট সিটির বাসিন্দা হায়দরাবাদের এই তরুণী 31 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন ৷ তদন্তকারীরা জানান, গত 2 জানুয়ারি অর্জুন পুলিশের কাছে নিকিতার নিখোঁজ ডায়েরি করে ৷ সেই রাতেই অর্জুন ফ্লাইট ধরে ভারতে পালিয়ে আসে।
নিখোঁজ ডায়েরির পরের দিন অর্থাৎ 3 জানুয়ারি অর্জুনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় পুলিশ ৷ সেখান থেকে নিকিতার দেহ উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে, নিকিতার শরীরে ছুরি দিয়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে ৷ পুলিশের দাবি, ওই যুবকই নিকিতাকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। গোয়েন্দাদের অনুমান, 31 ডিসেম্বর সন্ধ্যা 7টার কিছু পরে পেশায় ডেটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট নিকিতাকে খুন করে অর্জুন।
হাওয়ার্ড কাউন্টি পুলিশ রবিবার জানায়, প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার বিরুদ্ধে খুনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে । ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, গোদিশালার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সব ধরনের সম্ভাব্য কনস্যুলার সহায়তাও প্রদান করা হবে । পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয় ৷
অন্যদিকে, ইন্টারপোল পুলিশ সোমবার এই মামলায় মূল অভিযুক্ত অর্থাৎ নিকিতার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মাকে নিজেদের হেফাজতে নিয়েছে । জানা গিয়েছে, মার্কিন পুলিশ আগেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগেই জারি করেছিল ৷ পুলিশ সূত্রে খবর, অর্জুন নিখোঁজ ডায়েরি করার পর সেদিনই ভারতে ফিরে যায় ৷ এরপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ৷ সোমবার তামিলনাড়ু থেকে গ্রেফতারের পর ইন্টারপোল পুলিশ অর্জুনকে নিজেদের হেফাজতে নেয় ।

