ETV Bharat / bharat

নেপথ্যে কালাজাদু ! নববধূকে জোর করে ধূমপান-মদ্যপান করিয়ে মারধর

পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে ৷ ঘটনায় আর কারা কারা জড়িত তা জানতে বিস্তারিত তদন্তও শুরু হয়েছে ৷

Kerala Black Magic Ritual
নববধূকে জোর করে ধূমপান মদ্যপান করিয়ে মারধরের অভিযোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 8, 2025 at 10:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কোট্টায়াম, 8 নভেম্বর: বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গিয়েছিলেন ৷ আশা ছিল, সাদর অভ্যর্থনা পাবেন ৷ তাঁকে আপন করে নেবেন নতুন পরিবারের সদস্যরা ৷ কিন্তু কেরলের কোট্টায়ামের তরুণীর সঙ্গে হল ঠিক তার উল্টোটাই ৷

কালাজাদুর বশে তাঁকে ধূমপান থেকে শুরু করে মদ্যপান করতে বাধ্য করা হল ৷ শুধু তাই নয়, খেতে হল বেধড়ক মারও ৷ ঘটনায় স্থানীয় মানারকাড থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে তরুণীর স্বামীর ও তাঁর বাবা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ আরও কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

তাঁর সঙ্গে কী কী হয়েছিল সে কথা পুলিশকে সবিস্তারে জানিয়েছেন তরুণী ৷ তিনি দাবি করেন, 2 নভেম্বর স্বামীর বাড়িতে পৌঁছনোর পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু হয় ৷ প্রথম ধাক্কাটা দেন শাশুড়ি ৷ তিনি দাবি করেন, এই তরুণীর শরীরে সম্প্রতি প্রাণ হারিয়েছেন এমন অন্য এক তরুণীর আত্মা প্রবেশ করেছে ৷ তাই নির্দিষ্ট রীতি মেনে পুজো করতে হবে ৷

খানিকক্ষণ বাদে শিভান থিরুমেনি নামে এক পুরোহিত আসেন ৷ পুজো শুরু হয় ৷ তখনও নির্যাতিতার কোনও সন্দেহ হয়নি ৷ কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে ৷ তরুণী দেখতে পান কয়েকটি আলাদা আলাদা পাত্রে তিনটি তরল রাখা আছে ৷ ওই পুরোহিত তিনটি তরলের মধ্য়ে ছাই থেকে শুরু করে হলুদ মিশিয়ে দেন ৷ আরও খানিকক্ষণ বাদে তরুণী দেখেন পরিবারের সদস্যরা দুটি সিল্কের বড় কাপড় নিয়ে এসেছেন ৷ তিনি কিছু বোঝার আগেই সেই কাপড় দিয়ে তরুণীর দুটো পা বেঁধে দেওয়া হয় ৷ সে সময় তাঁকে ভারী কিছু দিয়ে একাধিকবার আঘাতও করা হয়েছে বলে পুলিশকে জানান নির্যাতিতা ৷ পা বাঁধা অবস্থায় দীর্ঘক্ষণ থাকতে থাকতে সংজ্ঞা হারান তিনি ৷

তাঁর দাবি, এই সুযোগে তাঁকে ধূমপান ও মদ্যপান করানো হয়েছে ৷ ঘটনা তদন্ত শুরু করে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷ তালিকায় আছেন এক কমবয়সি তরুণীও ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন ওই তরুণী সম্পর্কে তরুণীর স্বামীর বোন ৷ নির্যাতিতার সঙ্গে ঠিক কী কী হয়েছে তার ভিডিয়ো করেছিলেন তরুণী ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে ৷

তার ভিত্তিতেই ঘটনাস্থলে ক'জন ছিলেন সেটা জানার কাজ শুরু করেছেন তদন্তকারীরা ৷ তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করা হতে পারে বলে খবর পুলিশ সূত্রে ৷ পাশাপাশি এটাও জানা গিয়েছে সকাল 11টা নাগাদ বাড়িতে পুজো শুরু হয় ৷ এরপর রাত প্রায় 9টা পর্যন্ত নানা কাণ্ডকারখানা ঘটতে থাকে ৷ এই দীর্ঘ 10 ঘণ্টার মধ্যে বেশ খানিকটা সময় নির্যাতিতা অচেতন ছিলেন ৷

ধৃত তরুণীর থেকে এই ভিডিয়ো সম্পর্কে বিস্তারিত জানার কাজ শুরু হয়েছে ৷ তিনি ভিডিয়োর কোনও অংশ মুছে দিয়েছেন কি না তা জানতে চান তদন্তকারীরা ৷ শিভান থিরুমেনি নামে ওই পুরোহিতেরও সন্ধান শুরু হয়েছে ৷ কয়েকটি সূত্র ধরে তদন্ত চালিয়ে তাঁর খোঁজ পাওয়ার চেষ্টা হচ্ছে ৷ এছাড়া ধৃত তিনজনকেও একাধিকবার জেরাও করেছেন তদন্তকারীরা ৷