'সিগারেট ধরাব, দেশলাই দে'; না দেওয়ায় মদ্যপ প্রতিবেশীর ছুরির কোপে মৃত্যু
মৃত ব্যক্তির বাড়িতে রয়েছে মূক ও বধির স্ত্রী,অসুস্থ ছেলে ৷ পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন বাবা ৷ কিন্তু তাঁকে হারিয়ে নিঃস্ব পরিবারটি ৷

Published : August 30, 2026 at 2:10 PM IST
ভেমুরু (বাপ্তালা), 30 অগস্ট: সামান্য কথা কাটাকাটি ৷ তারপরই ঝামেলা শুরু দুই প্রতিবেশীর মধ্যে ৷ সবটাই দেশলাই চাওয়াকে কেন্দ্র করে ৷ রাস্তার মাঝে দু'জনের ঝামেলা দেখে স্থানীয়রা তখন তাঁদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দেন ৷ পরে রাতে বাড়ি গিয়ে প্রতিবেশী ইপুরি যোহনকে কুপিয়ে খুন করে ব্যক্তি ৷ শুক্রবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের বাপ্তালা জেলার ভেমুরু মণ্ডলের ভেল্লাবাদু গ্রামে ৷
সার্কেল ইন্সপেক্টর (CI) হাফিজ বাশা ও এসআই শ্রীনিবাস রাও জানিয়েছেন, ঘটনায় মামলা দায়ের হয়েছে ৷ ইপুরি যোহনের দেহের ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের দেওযা হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ইপুরি যোহন (46) ওই গ্রামেরই একজন কৃষি শ্রমিক হিসেবা কাজ করতেন ৷ ঘটনাটি বাপ্তালা জেলার ভেমুরু মণ্ডলের ভেল্লাবাদু গ্রামের ৷

ঘটনাক্রমে জানা যায়, গত পরশু সিগারেট ধরাবে বলে ইপুরি যোহনের কাছ থেকে তাঁর প্রতিবেশী চরণ তেজা দেশলাইয়ের বাক্স চান ৷ স্থানীয়রা জানিয়েছেন, দু'জনেই তখন মদ্যপ অবস্থায় ছিলেন ৷ যোহন না বলতেই অভিযুক্ত চরণ তেজার সঙ্গে রাস্তার মাঝে তর্কাতর্কি শুরু হয় ৷ একে-অপরের দিকে পাথরও ছোড়েন ৷ স্থানীয়রা তড়িঘড়ি পরিস্থিতি শান্ত করেন ও তাঁদের বাড়ি পাঠিয়ে দেন। এরপরই পরিস্থিতি চরমে পৌঁছয় ৷
দেশলাই বাক্স নিয়ে বিবাদের জেরে রাতে ওই চরণ তেজা তাঁর বাড়ির নিকটবর্তী যোহনের ঘরে হামলা করে ৷ ধারালো ছুরি দিয়ে যোহনের পিঠে কোপাতে থাকে ৷ মুহূর্তের মধ্যে যোহন মাটিতে লুটিয়ে পড়েন ৷ বাড়িতে মূক ও বধির স্ত্রী ও অসুস্থ ছেলে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন ৷ কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তেনালি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বছর 46-এর যোহনকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী বুজ্জি ও ছেলে চান্তি ৷
স্বামীর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি ৷ তাঁর স্ত্রী বিশেষভাবে সক্ষম (মূক ও বধির) এবং ছেলে অসুস্থ। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তাঁর স্বামী ৷ মৃত্যুর পর বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী ৷ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ৷

