অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপে ভোটার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক বাধ্যতামূলক, জানুন পদ্ধতি
যদি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলেও চিন্তা নেই ৷ অনলাইনে তাও করা যাবে ৷ পুরো প্রক্রিয়াটি জানতে পড়ুন বিস্তারিত প্রতিবেদন ৷

Published : November 8, 2025 at 10:12 AM IST
কলকাতা, 8 নভেম্বর: শুক্রবার থেকেই অনলাইনে এসআইআর ফর্ম পূরণ করার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন ৷ কমিশনের ওয়েবসাইটে গেলেই মিলবে ফর্মের লিঙ্ক। এ ছাড়াও নির্বাচন কমিশনের অ্যাপ থেকেও এই ফর্ম পূরণ করা যাবে ৷
গত 4 নভেম্বর থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনা ফর্ম বিতরণের কাজ । বুথ লেভেল অফিসার বা BLO-রা ইতিমধ্যেই ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করছেন । 10 নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণের কাজ শেষ করতে হবে বলেই নির্দেশ দেওয়ার হয়েছে BLO-দের । অন্যদিকে, অনলাইনেও ফর্ম দিয়েছে কমিশন ৷ সুতরাং, কেউ যদি বাড়িতে ফর্ম নাও পান অথবা বাইরে থাকেন সে ক্ষেত্রে তারা অনলাইনে এসআইআর-এর এনুমারেশন এই ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন ৷
এমন বহু ভোটার রয়েছেন যারা কাজের জন্য বাড়ির বাইরে থাকেন অথবা পরিযায়ী শ্রমিক, বাইরে পড়াশোনা করেন এমন ছাত্রছাত্রী বা চাকরিজীবী ভোটারদের সুবিধার জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা করা হয়েছে। কমিশন জানিয়েছে, বিএলও-দের থেকে ফর্ম নিতে না পারলেও চিন্তার কোনও কারণ নেই ৷ অনলাইনেই ফর্ম পূরণ করা যাবে। বিএলওদের সামনে যেভাবে ফর্ম পূরণ করতে হত, সে ভাবেই অনলাইনে করতে হবে। এরপর ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে। আপলোডের প্রক্রিয়া কমিশনের পোর্টালেই বলা রয়েছে। https://voters.eci.gov.in/enumeration-form-new এই লিঙ্কে অথবা ECINET অ্যাপে ফর্ম পাওয়া যাবে।
কীভাবে অনলাইনে SIR ফর্ম পূরণ করবেন ?
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (https://voters.eci.gov.in/enumeration-form-new) অনলাইন এনুমারেশন ফর্ম রয়েছে। কমিশনের অ্যাপ ইসিআইনেট-এ গিয়েও ফর্ম পাবেন।
1. অনলাইন আবেদনের ক্ষেত্রে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ই-মেল আইডি লিঙ্ক করতে হবে । এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না-থাকলে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে না ।
2. রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি বসিয়ে কমিশনের লিঙ্কে লগ ইন করতে হবে ।
3. এরপরে এপিক কার্ড নম্বর দিতে হবে ।
4. এপিক নম্বর বসানোর পরে ভোটার কার্ডে নাম না মিললে বা আধারের সঙ্গে নাম না মিললে বিএলও-এর সঙ্গে যোগাযোগ করতে হবে ।
5. নাম মিলে গেলে শেষ এসআইআরে বাবার অথবা নিজের নামের তালিকা নির্বাচন করতে হবে ।
6. তার পর 2002 সালের বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর বসাতে হবে।
7. ফর্ম জমা দেওয়ার পরে করার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি বসানোর পরেই এনুমারেশন ফর্ম জমা করা যাবে। সঙ্গে একটি ছবি এবং ই-সই দিতে হবে ৷
যদি মোবাইল নম্বরের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক না থাকে তবে কী করবেন ?
সেক্ষেত্রে কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্মের লিঙ্কে গিয়ে আপনাকে ফর্ম 8 পূরণ করতে হবে ৷ সেই ফর্মে আপনার আধার, ভোটার কার্ডের নম্বর দিতে হবে ৷ এরপর নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ সেই ওটিপি দিয়ে ফর্ম ফিল আপের পর আপনাকে ফের আধার ওটিপি দিতে হবে ৷ সবটা সম্পূর্ণ হওয়ার পর কমিশনের তরফে আপনাকে অ্যাকনলেজমেন্ট নম্বর এবং আপনার ফিল আপ করা ফর্মের পিডিএফ দেওয়া হবে ৷ সেই অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে আপনি পরবর্তী সময়ে কমিশনের সাইটে গিয়ে দেখতে পারবেন আপনার আবেদন করা বিষয়টি কোন পর্যায়ে রয়েছে ৷ যদি আপনার আবেদনটি কমিশনের তরফে গৃহীত হয় তারপর আপনি মূল এনুমারেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারবেন ৷
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, 4 নভেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হওয়ার পর থেকে বুথ-স্তরের আধিকারিকরা সাড়ে তিন কোটিরও বেশি ফর্ম বিতরণ করেছেন। এসআইআর প্রক্রিয়ার জন্য 294টি বিধানসভা কেন্দ্রে মোতায়েন করা 80,681 জন BLO রাজ্যজুড়ে ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করছেন। কমিশন সূত্রে জানিয়েছে, 7 নভেম্বর রাত আটটা পর্যন্ত রাজ্যজুড়ে 3.04 কোটিরও বেশি ফর্ম বিতরণ করা হয়েছে ৷

