ফের দিল্লি ! বাসের ভিতরে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার চালক ও কন্ডাক্টর
অভিযোগ, বাসের মধ্যেই ঘটনাটি ঘটে ৷ তাই ফরেনসিক পরীক্ষার জন্য স্লিপার বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে ।

By PTI
Published : August 31, 2026 at 10:54 AM IST
নয়াদিল্লি, 31 অগস্ট: ফের ঘটনাস্থল দিল্লি ৷ স্লিপার বাসের ভিতর 16 বছর বয়সি একাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির কাশ্মীর গেট এলাকায় ৷ এই ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে 4 অগস্ট রাতে । উত্তরপ্রদেশ থেকে নয়ডায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল ওই কিশোরী ৷ পথে ভারী বৃষ্টি নামে ৷ সেসময় ভুলবশত পরি চক এলাকায় বাস থেকে নেমে পড়ে ওই কিশোরী ।
অভিযোগ অনুযায়ী, সে একটি ফাঁকা স্লিপার বাসকে থামানোর জন্য ইশারা করে ৷ তার ইশারায় বাসটি থামে এবং চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপ তাকে বাসে তুলে নেয় । অভিযুক্তরা তাঁকে বাসের মধ্যে ধর্ষণ করে ও হুমকি দেয় ৷ তারপর কাশ্মীর গেটের কাছে কিশোরীকে নামিয়ে চলে যায় বলে অভিযোগ ।
পরে কিশোরী পুলিশের দ্বারস্থ হয় ৷ তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং ওই বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করে ৷ ফরেনসিক পরীক্ষার জন্য বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে । নাবালিকার শারীরিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷
2012 সালের 16 ডিসেম্বর এরকমই এক ঘটনার সাক্ষী থেকেছে দিল্লি ৷ রাস্তায় বাসের ভিতর যুবতীকে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যা করা হয়েছিল ৷ নির্ভয়াকাণ্ডের কথা দেশ ভোলেনি ৷ ওই ঘটনায় সারা দেশ তোলপাড় হয়ে উঠেছিল ৷ দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে ৷ আর সেই ঘটনার স্মৃতি উসকে ফের দিল্লির রাস্তায় বাসের ভিতর গণধর্ষণের অভিযোগ ৷ এবার নির্যাতনের শিকার স্কুল ছাত্রী নাবালিকা ৷

