ETV Bharat / bharat

বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, দগ্ধে মৃত পরিবারের 5 শিশু-সহ 6

মৃত 5 শিশুর মধ্যে রয়েছে ছ'মাস বয়সি যমজ বোন ৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক প্রৌঢ়া ৷ 6 সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার ৷

SIX BURNED IN HOUSE
টেক্সটাইল ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 24, 2026 at 1:54 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মেরঠ, 24 ফেব্রুয়ারি: রাত তখন সাড়ে 9টা ৷ উত্তরপ্রদেশের মেরঠের ইসলামাবাদের কিদওয়াই নগরের অন্তর্গত লিসাদি গেট থানা এলাকায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে ৷ বাড়িটি একটি বস্ত্র ব্য়বসায়ীর ৷ বাড়ির ভিতরে কাপড়ের কারখানাও ছিল ৷ পরিবারের সদস্য সংখ্যাও অনেক ৷ বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে প্রতিবেশীরা পুলিশ ও দমকলে খবরে দেন ৷ আগুনে দগ্ধে মৃত্যু হয় 5 শিশু-সহ ছ'জনের ৷ মৃত শিশুদের মধ্যে 6 মাস বয়সি যমজ বোন ছিল ৷

পুলিশ সুপার (শহর) আয়ুশ বিক্রম সিং জানিয়েছেন, 112-তে ডায়াল করে কোনও এক ব্যক্তি কিদওয়াই নগরের একটি বাড়িতে আগুন লাগার খবর আমাদের কাছে জানান ৷ তৎক্ষণাৎ দমকল ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । রাত সাড়ে ন'টা নাগাদ পুলিশ যখন সেখানে গিয়ে পৌঁছয়, তখন এলাকা পুরো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ৷ আগুনের লেলিহান শিখা প্রতি মুহূর্তে বেড়ে চলছিল ৷ বাড়িতে ঢোকার মেন দরজা থেকে আগুনের ফুলকি বেরিয় আসতে থাকে ৷

SIX BURNED IN HOUSE
লিসাদি গেট থানা এলাকায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে (পিটিআই)

দমকল বাহিনীর তরফে জানানো হয়, বাড়িতে পৌঁছনোর গলি ভীষণ সরু ছিল ৷ তাই দমকল বাহিনীর আধিকারিকরা প্রতিবেশীর ছাদ থেকে বাড়ির ভিতর প্রবেশ করেন ৷ আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে ৷ পুলিশ ও প্রতিবেশীদের সহায়তায় দমকল বাহিনী সকল শিশু এবং দুই মহিলাকে উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আগুন শর্ট সার্কিটের কারণেই লেগেছে। এদিকে, প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িতে টেক্সটাইলের কাজও চলছিল সেইসময় ৷ তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷

SIX BURNED IN HOUSE
মৃত 4 শিশুর মধ্যে ছ'মাস বয়সি যমজ বোন ছিল (পিটিআই)

পুলিশি তদন্তে জানা গিয়েছে, ইসলামাবাদের 3 নম্বর লেনের কিদওয়াই নগরে পরিবারের সঙ্গে থাকেন টেক্সটাইল ব্যবসায়ী ইকবাল আহমেদ। তাঁর দুই ছেলে, আসিম এবং ফারুকও তাঁদের পরিবার নিয়ে থাকেন এই বাড়িতে ৷ আগুন লাগার সময়, ইকবাল, আসিম এবং ফারুক, নমাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় ইকবালের স্ত্রী আমির বানো, আসিমের স্ত্রী রুখসার (30) ও তাঁদের ছেলে আকদাস (3), যমজ মেয়ে নাবিয়া ও ইনায়েত (6 মাস) এবং ফারুকের মেয়ে মাহভিশ (12) ও ছেলে হাম্মাদ (4) বাড়িতে ছিলেন ৷ সকলেই আগুনে দগ্ধ হয় ৷ আমির বানো (55) গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷

SIX BURNED IN HOUSE
দগ্ধে মৃত 4 শিশু-সহ ছয় (পিটিআই)

গুরুতর জখম অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 5 শিশু এবং রুখসারকে মৃত ঘোষণা করেন। গুরুতর দগ্ধ প্রৌঢ়াকে অন্য হাসপাতালে স্থানাস্তরিত করা হয় ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক ভিকে সিং, এসএসপি অবিনাশ পান্ডে, ডিআইজি কলানিধি নৈথানি এবং এসপি সিটি আয়ুশ বিক্রম সিং ৷

জেলাশাসক, ভিকে সিং জানিয়েছেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে শর্ট সার্কিট বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় লোক দলের (Rashtriya Lok Dal)-এর বিধায়ক গুলাম মহম্মদও ঘটনাস্থলে পৌঁছন ৷ দুর্ঘটনায় তিনি শোকপ্রকাশ করেছেন ৷