ETV Bharat / bharat

খামেনেইর হত্যাকাণ্ডের প্রতিবাদ, চরম বিক্ষোভ কাশ্মীরে

86 বছর বয়সি খামেনেইকে হত্যার কথা শনিবার প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

KHAMENEIS KILLING
খামেনেইর হত্যাকাণ্ডের প্রতিবাদ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 5:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মীর ফারহাত মকবুল

শ্রীনগর, 1 ফেব্রুয়ারি: ইজরায়েল ও মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের হত্যার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ৷ রাজ্যের রাজধানী শ্রীনগর এবং অন্যান্য সিয়া অধ্যুষিত এলাকা জুড়েই দিনভর ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ রবিবার শ্রীনগরের লালচকের ঘণ্টা ঘরের সামনে কয়েক'শো বিক্ষোভকারী জড়ো হয়ে খামেনেইর হত্যায় শোক প্রকাশ করে। পুলওয়ামা, বুদগাঁও এবং উপত্যকার অন্যান্য জেলাতেও এদিন বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা খামেনেইর ছবি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা গিয়েছে।

86 বছর বয়সি খামেনেইকে হত্যার কথা শনিবার প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তা বলার কয়েক ঘণ্টা পরেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রবিবার ভোরে খামেনেইর মৃত্যুর খবর নিশ্চিত করে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ অবশ্য, খামেনেইর বাসভবনে বিশাল মার্কিন ও ইজরায়েলি হামলার কথা উল্লেখ না করেই তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।

স্থানীয় ভোর পাঁচটায় (ভারতীয় সময় সকাল সাতটা) রাষ্ট্রীয় টেলিভিশন খামেনেইর মৃত্যুর কথা ঘোষণা করে ৷ চ্যানেল শোকের প্রতীক হিসেবে কালো ব্যানার-সহ আর্কাইভ ছবিও সম্প্রচার করে। 1989 সাল থেকে টানা 37 বছর খামেনেই ইরানের সর্বোচ্চ নেতার পদে ছিলেন।

আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, বিক্ষোভের সময় যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ 'হাই অ্যালার্ট' জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জনগণকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন ৷ একই সঙ্গে, অস্থিরতা তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

খামেনেইর হত্যাকাণ্ড-সহ ইরানে চলমান ঘটনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে ওমর আবদুল্লা এক্স-এ লিখেছেন, “আমি সকল সম্প্রদায়ের কাছে শান্ত থাকার, শান্তি বজায় রাখার এবং উত্তেজনা বা অস্থিরতার তৈরি হতে পারে এমন যে কোনও পদক্ষেপ এড়াতে আবেদন করছি। আমরা নিশ্চিত যে, জম্মু ও কাশ্মীরে যারা শোক প্রকাশ করছেন তাদের শান্তিপূর্ণভাবে শোক পালন করার অনুমতি দেওয়া হচ্ছে। পুলিশ এবং প্রশাসনের সর্বোচ্চ সংযম অবলম্বন করা উচিত ৷ তাদের কোনও রকম বলপ্রয়োগ বা বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকতে বলব।”

ইরানে আটকে থাকা কাশ্মীরের ছাত্র এবং অন্যান্য মানুষের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার ভারত সরকারের বিদেশমন্ত্রকের সঙ্গে নিবীড় যোগাযোগ রাখছে ৷ তাঁর কথায়, "ইরানে বর্তমানে অবস্থানরত জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের, যার মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে, তাদের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার জন্য আমরা বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছি।"

কাশ্মীরের প্রবীণ ধর্মীয় নেতা মিরওয়াইজ ওমর ফারুকও ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন ৷ সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের আহ্বান করেছেন তিনি। মিরওয়াইজ এক্স-এর পোস্টে লিখেছেন, “আমেরিকা ও ইজরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনেইর নৃশংস হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ, যা মুসলিম বিশ্বকে নাড়া দিয়েছে। জম্মু ও কাশ্মীরের জনগণ সম্মিলিতভাবে এই বর্বরতা এবং ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের পাশাপাশি মিনাবে নিরীহ ছাত্রী গণহত্যার নিন্দা জানায়।”