কৌশাম্বিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ! নিহত অন্তত 5, আহত বহু
সোমবার 11টা নাগাদ বিস্ফোরণ হয় ৷ আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ৷

Published : August 31, 2026 at 5:31 PM IST
কৌশাম্বি (উত্তরপ্রদেশ), 31 অগস্ট: আতশবাজির গুদামে বিস্ফোরণ ৷ তার জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের কৌশাম্বিতে ৷ পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে । প্রত্যক্ষদর্শীদের দাবি, এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে । ঘটনার পরপরই পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পৌঁছান ঘটনাস্থলে ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷
আতশবাজির গুদামে বিস্ফোরণ: সোমবার বেলা 11টা নাগাদ উত্তরপ্রদেশের কৌশাম্বির মানৌরি বাজারে একটি আতশবাজির গুদামে জোরালো বিস্ফোরণ হয় ৷ পিপরি ও পুরামুফতি থানা এলাকার সীমানায় ঘটনাটি ঘটে ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি আতশবাজির গুদাম রয়েছে ৷ ওই গুদামের নাম আদিত্য ৷ সেটিতেই বিস্ফোরণ হয় ৷

এই বিস্ফোরণের জেরে স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । শক্তিশালী এই বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় ব্যাপক প্রভাব পড়ে ৷ বিস্ফোরণের অভিঘাতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি ধসে পড়ে ।
উদ্ধারকাজ: দুর্ঘটনার পরপরই আর্তনাদ শুরু করেন আহত ও ক্ষতিগ্রস্তরা । খবর পেয়েই পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান । ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার আশঙ্কায় উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা কাজ শুরু করে । দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই এসিপি রবি গুপ্তের নেতৃত্বে পুরামুফতি থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে যায় । নিরাপত্তার খাতিরে এবং সম্ভাব্য আরও বিপদ এড়াতে অবিলম্বে আশেপাশের বাড়িগুলো খালি করা হয় । কৌশাম্বির জেলাশাসক অমিত পাল জানিয়েছেন, পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ আরও অনেকে আহত হয়েছেন ।

স্থানীয় এক পুলিশ আধিকারিক শিভাঙ্ক সিং বলেন, ‘‘মানৌরি বাজারের একটি বাড়িতে আগুন লাগার পর বিস্ফোরণের শব্দ শোনা যায় । খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করা হয় । জেলার তিনটি তহসিল থেকেই দমকলের গাড়ি ঘটনাস্থলে তলব করা হয়েছে । হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানা যাবে ।’’
বিস্ফোরণের তদন্ত: পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আপাতত পুলিশ ও প্রশাসনের কাছে অগ্রাধিকার হল উদ্ধারকাজ । ঘটনাস্থলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । বিস্ফোরণের কারণ এবং গুদামে কী পরিমাণ আতশবাজি মজুত ছিল, তা নিশ্চিত করতে তদন্তও শুরু হয়েছে । কারখানাটি বৈধ লাইসেন্স নিয়ে চলছিল কি না এবং সেখানে অগ্নিনির্বাপক নিরাপত্তা বিধি মেনে চলা হচ্ছিল কি না, তা পুলিশ ও ফরেনসিক দল খতিয়ে দেখছে ।
বাজি গুদামে বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে উত্তরপ্রদেশ এটিএস-এর একটি দল কৌশাম্বির মানৌরি বাজারে যায় ৷ তারা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে ৷ এছাড়া, প্রয়াগরাজের এডিজি জ্যোতি নারায়ণ এবং আইজি অজয় মিশ্র ঘটনাস্থলে যান ৷

